প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫২ পিএম
সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার স্বাস্থের সর্বশেষ অবস্থা জানান ডা. জাহিদ। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন— এমন আশাবাদ ব্যক্ত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগতি চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আশাবাদী আমরা
বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে উঠবেন এমন আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ওনার সাথে সম্পৃক্ত আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।’
খালেদা জিয়ার ব্যক্তিগতি এই চিকিৎসক বলেন, তারপরেও মনে রাখতে হবে, ওনার বয়সের চেয়ে বেশি ওনার অসুস্থতা। বিগত সময়ে ওনাকে পরিকল্পিতভাবে এই অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। চিকিৎসা দিতে দেওয়া হয়নি, সে কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে।
জনাব তারেক-জুবাইদা সার্বক্ষনিক দেখছেন
জাহিদ বলেন, এই বিষয়ে আমি শুধু আপনাদের এইটুকু অবহিত করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার সহধর্মিনী জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহ-ধর্মিনী সৈয়দ শামিলা রহমান, ম্যাডামের ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে আছেন, খোঁজ-খবর রাখছেন। ওনার পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে। তাই ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন।
এছাড়া অন্তবর্তীকালীন সরকারের প্রধান, উপদেষ্টাগণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণ, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিদের সর্বাত্মক সহযোগিতার জন্য কতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।
নেতা-কর্মীদের প্রতি আহ্বান
অধ্যাপক জাহিদ বলেন, ‘এই হাসপাতালে আরো অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সমস্ত রোগীদের চিকিৎসা যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত। এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে।’
তিনি আরও বলেন, ‘কাজেই কোন অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোন ব্যাঘাত ঘটবে না এবং আমাদের কোন নেতাকর্মী কোন ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি।
চলতি বছরের লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর তিন দিন পর তার ফুসফুসে সংক্রামণ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড।