× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিব কমিটির বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত

দশম গ্রেড পাবেন সরকারি প্রাইমারির প্রধান শিক্ষকরা

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪ এএম

দশম গ্রেড পাবেন সরকারি প্রাইমারির প্রধান শিক্ষকরা

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল এগারোতম থেকে দশম গ্রেডে উন্নীত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিলেন। এমনকি দাবি আদায়ে তারা উচ্চ আদালত পর্যন্ত গিয়েছিলেন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

এ ছাড়া সচিব সভায় শুধু প্রাথমিক শিক্ষা খাত নয়, প্রতিরক্ষা, নৌবাহিনী, মৎস্য, ধর্ম, পররাষ্ট্র ও স্থানীয় প্রশাসনে কাঠামোগত সম্প্রসারণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপিত হতে পারে। প্রশাসন বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় সেবা ও নিরাপত্তা আধুনিকীকরণে এই ধরনের কাঠামোগত সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও তাদের বেতন কাঠামো নিয়ে অসন্তোষ ছিল। তারা দাবি আদায়ের লক্ষ্যে উচ্চ আদালতে রিট পিটিশন করলে একটি নির্দেশনা দেওয়া হয়। সেই অনুসারে ইতোমধ্যে ৪৫ জন প্রধান শিক্ষক এগারোতম থেকে দশম গ্রেডে উন্নীত হয়েছেন। এরই ধারাবাহিকতা দেশের সব প্রধান শিক্ষকের জন্য প্রযোজ্য করার বিষয়টিই সভায় চূড়ান্ত হতে পারে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ এ বিষয়ে সম্মতি দিয়েছে।

সূত্র জানায়, এটি মাঠ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষাদানের স্বীকৃতি প্রদান ও কাঠামোগত সংস্কারের একটি বড় ধাপ। তাদের উন্নীত বেতন গ্রেড বাস্তবায়িত হলে শিক্ষার গুণগত মান বাড়াতে এর কার্যকর প্রভাব পড়বে। সভায় চূড়ান্ত হওয়া পর এ সংক্রান্ত আদেশ জারি হবে। 

বিমানবাহিনীর স্যাম ইউনিটে সামরিক ও বেসামরিক ১৮৩টি পদ সৃজন হচ্ছে। বিদ্যমান ৩০৫ সারফেস-টু-এয়ার মিসাইল ইউনিট আগে থেকেই থাকলেও শুধু জনবলের অভাবে মূল্যবান সমরাস্ত্র ব্যবহারযোগ্য অবস্থায় ছিল না। এর পরিপ্রেক্ষিতে ১৮৩টি সামরিক-বেসামরিক পদ সৃজনের মাধ্যমে পরিচালনা, মেইনটেন্যান্স ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টদের মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে জনবল সংকট দূর করা জরুরি ছিল। এটি জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগত সিদ্ধান্ত।

এদিকে নৌবাহিনী সমুদ্র প্রতিরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে সরকার। তা ছাড়া বাহিনীর এয়ার অপারেশন, রক্ষণাবেক্ষণ ও ট্রেনিং আরও উন্নত করার উদ্যোগ হিসেবে ডিএনএভি প্রতিষ্ঠা করা হচ্ছে। এজন্য ২৫টি পদ সৃষ্টির সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন হতে পারে। এটি চূড়ান্ত হলে এয়ারক্রাফট প্রস্তুতি, সার্ভিসিং ও অপারেশনালে দক্ষতা বৃদ্ধি পাবে।

এদিকে যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার বাংলাদেশিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ১ হাজার ১৬০ কিলোমিটার দূরে বসবাসরত বাংলাদেশিরা পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবায় চরম ভোগান্তিতে ছিলেন। এখানে নতুন কনস্যুলেট জেনারেল অফিস তৈরি হচ্ছে। ৮টি নতুন পদও সৃষ্টি হচ্ছে। এটি সভায় চূড়ান্ত অনুমোদন পেলে অভিবাসীরা দ্রুত সেবা পাবেন। 

বিদেশে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশে পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়ায় বিলম্ব অনেকদিনের সমস্যা। এবার ১৫টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এটি হলে বিদেশে মিশনগুলোতে সেবা আরও দ্রুত হবে বলে আশা করছেন সরকার সংশ্লিষ্টরা।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদ বাড়ছে। নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড পরিচালনায় বাড়তি নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছে সরকার। বর্তমানে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী দিয়ে বিশাল এলাকার প্রকৌশল কার্যক্রম পরিচালনা ‘প্রায় অসম্ভব’ বলে উল্লেখ করেছে স্থানীয় সরকার বিভাগ।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রস্তাবটি এবার পুনরায় উপস্থাপিত হচ্ছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ প্রয়োজনীয় সম্মতি দিয়েছে।

মৎস্যসম্পদ ব্যবস্থাপনা জোরদারে দীর্ঘ পাঁচ দশক আগের ক্যাডার বিধিমালা আর বাস্তবের সঙ্গে খাপ খায় না। দীর্ঘদিনে সৃষ্ট ৭৬৯টি নতুন পদ এখনও বিদ্যমান বিধিমালায় যুক্ত না হওয়ায় নিয়োগ, পদোন্নতি ও মাঠ পর্যায়ের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল। নতুন ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) গঠন ও ক্যাডার আদেশ-২০২৫ অনুমোদিত হলে মৎস্য খাতের প্রশাসনিক কাঠামো আধুনিক রূপ পাবে বলে জানান সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের মতে, ক্যাডার কাঠামো হালনাগাদ না হলে সেক্টর-স্পেসিফিক ডেভেলপমেন্ট সম্ভব হয় না। এই আপডেট উৎপাদন ব্যবস্থাকে গতিশীল করবে।

এ বিষয়ে সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ড. আব্দুস সবুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেশের প্রশাসনিক কাঠামোতে এই বিস্তৃত পদ সৃজন ও সংশোধনসমূহ মূলত উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা