প্লট বরাদ্দে দুর্নীতি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৯ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলায় রায় ঘোষণা করা হবে আজ। একই মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, টিউলিপসহ ১৭ জনের রায় হবে আজকে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলম গত ২৫ নভেম্বর এদিন ধার্য করেন।
সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করবেন।
আজকের মামলায় প্লট গ্রহীতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে, দুই নাম্বার আসামি টিউলিপ ও শেখ হাসিনা তিন নাম্বার আসামি।
এ মামলায় অন্য আসামিরা হলেন– জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন।
এর আগে ২৭ নভেম্বর তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর, এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর ও সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর কারাদণ্ড দেন অপর একটি আদালত।