× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের ভ্রমণকে সহজ করেছে যারা

আরফাতুন নাবিলা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ০০:৩৭ এএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম

নারীদের ভ্রমণকে সহজ করেছে যারা

ছোটবেলায় আমরা ভ্রমণের গল্প শুনতাম বাবা, চাচা বা ভাইদের কাছে। পৃথিবীর আনাচে-কানাচে ঘুরে যখন তারা ঘরে ফিরে সেই গল্প ঘরের নারীদের শোনাত, তখন যেন চোখের সামনে কল্পনার নতুন এক দুয়ার খুলে যেত। কিন্তু সেই জায়গাগুলো তাদের ঘুরে দেখা হয়নি কখনও, ছুঁয়ে দেখা হয়নি সমুদ্রের ঢেউ, পাহাড়ের বিশালতা। এভাবেই নারীজীবন বন্দি থাকত অন্দরমহলে, জীবনের নানা ব্যস্ততায় কেটে যেত একঘেয়ে জীবন। তাদের এই বন্দিজীবনে নতুন গল্পের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন কয়েকজন নারী। তৈরি হয়েছে নানা ফেসবুক গ্রুপ, এজেন্সি। নারীদের ভ্রমণকে সহজ ও নিরাপদ করে তুলছেন তারা।

ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অব বাংলাদেশ 

২০১৬ সালে সাকিয়া হক ও মানসী সাহা নামে দুই চিকিৎসক বান্ধবী মিলে শুরু করেন ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অব বাংলাদেশের কার্যক্রম। শুরু থেকেই তাদের পরিকল্পনা ছিল মেয়েদের নিরাপদ ও সহজ ভ্রমণ নিশ্চিত করা। দেশের প্রতিটি জেলা ও দেশের বাইরে এখন পর্যন্ত প্রায় ৩০০ ট্যুর দিয়েছেন তারা। বর্তমানে গ্রুপটিতে ৮৫ হাজারেরও বেশি নারী সংযুক্ত আছেন। সাকিয়া হক বলেন, ‘ছোটবেলা থেকেই দেশ-বিদেশ ভ্রমণে প্রবল আগ্রহ ছিল। কিন্তু মেয়ে হওয়ার কারণে সব জায়গায় ঘুরতে না যেতে পারার বিষয়টি বেশ পীড়া দিত। পরিবার থেকেও নিরাপত্তার কথা ভেবে ছেলে বন্ধুদের সঙ্গে কোনো ট্যুরে যেতে অনুমতি পেতাম না। ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে থেকে পড়াশোনার সময় শুধু মেয়েদের আলাদা ভ্রমণ গ্রুপ করে দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর পরিকল্পনা করি আমি ও মানসী। তখন মেয়েদের ভ্রমণে উদ্বুদ্ধ করতেই গ্রুপটি খোলা হয়।’ 

এই গ্রুপ শুরুর আগে দুই বান্ধবী মিলে স্কুটি চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেন। ২০১৭ সালে ভ্রমণের পাশাপাশি সামাজিক সচেতনতার অংশ হিসেবেও প্লাটফর্মটি ব্যবহার করার উদ্যোগ নেন তারা। আপন সংস্কৃতি, ঐতিহ্য আর শেকড়ের টানে ঝড়-বাদল-রোদ-বৃষ্টি উপেক্ষা করে কেবল দুটি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন তারা। উদ্দেশ্য ছিল মেয়েদের বিভিন্ন বিষয়ে সচেতন করা, একই সঙ্গে দেশের ৬৪ জেলা ঘুরে দেখা। শুধু ভ্রমণই নয়, ভ্রমণকন্যার ‘নারীর চোখে বাংলাদেশ’, জেন্ডার ইক্যুইটি ও এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (জিপ), শিক্ষণ, ট্রাভেল গার্লস ইনের মতো বেশকিছু উদ্যোগও রয়েছে। ভ্রমণের পাশাপাশি মেয়েদের বয়ঃসন্ধিকালীন বিষয়, আত্মরক্ষা, স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করতে করতে একটি সামাজিক সংগঠনে রূপ নিয়েছে ভ্রমণকন্যা। 

ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক

২০২১ সালে কার্যক্রম শুরু হলেও মূলত ২০২২ সাল থেকে মেয়েদের নিয়ে ট্রাভেল শুরু করেন ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক এজেন্সির কর্ণধার নুসরাত জাহান প্রিতম। ১৪ বছরের সাংবাদিকতা জীবন ছেড়ে করোনার পর মেয়েদের জন্য নিরাপদ ও সহজ ভ্রমণের এ পথচলায় যুক্ত হন তিনি। নিজে যেহেতু একজন সাংবাদিক ছিলেন, তিনি দেখেছেন মেয়েদের ঘুরতে গেলে কত প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়। তাই সব সময় ভাবতেন এমন কিছু করতে হবে, যেটার জন্য মেয়েরা নিরাপদে ভ্রমণ করার সাহস পান। নুসরাত বলেন, ‘শুরুতে কিছু ট্রাস্ট ইস্যুর মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে এটা সত্যি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস অর্জন করতে পেরেছি। দেশের বিভিন্ন জেলাসহ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ডেও আমরা গিয়েছি। সব বয়সী নারীরাই আমাদের সঙ্গে যেতে পারেন। পরিবারের পুরুষ সদস্যরাও এখন তাদের উৎসাহ দেন আমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য। এটা আমাদের অনেক বড় পাওয়া।’

ওয়ান্ডার উইমেন 

সামাজিক নানা কারণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশে নারী ভ্রমণকারীর সংখ্যা বেশ কম। কারণ পুরুষ সঙ্গী ছাড়া ভ্রমণের সময় তাদের নানা প্রশ্ন ও বাধার সম্মুখীন হতে হয়। এজন্য ভ্রমণে নারীরা খুব একটা উৎসাহিত হন না। সাহস করে নিজেরাও যে কোথাও যাবেন, সেটাও তাদের ভাবনাতে আসে না। ভ্রমণে নারীদের নানা প্রতিবন্ধকতার সমাধানে ওয়ান্ডার উইমেন নামে একটি ফেসবুক গ্রুপ বেশ পরিচিত লাভ করেছে। ওয়ান্ডার উইমেন গ্রুপের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন। 

ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে ভালোবাসতেন। অথচ বড় হওয়ার পর একটা সময় পর্যন্ত নিরাপত্তার কথা ভেবে পরিবার থেকে অনেক জায়গায় যাওয়ার অনুমতি পাননি তিনি। যেহেতু পরিবারের বাকিদের জীবনেও ব্যস্ততাও আছে, তাই স্বাভাবিকভাবেই সময় মিলত না অন্যদের সঙ্গে ঘুরতে যাওয়ার। সব মিলিয়ে তিনি ভাবলেন এমন একটি প্লাটফর্ম তৈরি হোক, যেখানে নারীরা নির্দ্বিধায় ঘুরতে যাবেন এবং ভ্রমণ-সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া যাবে। ২০১৭ সালে অল্প পরিসরে শুরু হলেও বর্তমানে তাদের কাজের পরিশি অনেক বেড়েছে। প্রায় ৫০ হাজার সদস্য বর্তমানে রয়েছে তাদের গ্রুপে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা