× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোগীতে ঠাসা হাসপাতালে চিকিৎসক হাতেগোনা

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২৩:৫৩ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীরা। সম্প্রতি তোলা। প্রবা ফটো

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীরা। সম্প্রতি তোলা। প্রবা ফটো

পটুয়াখালীর উপকূলীয় জনপদ গলাচিপা ও পাশের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর লাখো মানুষ চিকিৎসাসেবার ভরসা রাখেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর। প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিলেও ৫০ শয্যার এই হাসপাতালটি চলছে মাত্র ৮ চিকিৎসকের ওপর নির্ভর করে। ৩৮টি অনুমোদিত চিকিৎসক পদের মধ্যে ৩০টিই শূন্যÑ এর মধ্যে ১০টি জুনিয়র কনসালটেন্টের পদ দীর্ঘদিন ধরে খালি। চিকিৎসক ও জনবল সংকটের মধ্যেও সীমিত সম্পদ নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন এখানকার স্বাস্থ্যকর্মীরা।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে গলাচিপা থানাা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন নির্মাণ করা হয়। তখন স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার ছিল। ২০০৫ সালের ২৯ নভেম্বর এটাকে ৫০ শয্যায় উন্নীত করায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পুরনো ভবনে লাগোয় আরেকটি দ্বিতল ভবন নির্মাণ করে। কমপ্লেক্সে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা, ১১ জন জুনিয়র কনসালটেন্টসহ মোট ৩৮ জন চিকিৎসকের পদ রয়েছে। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা, একজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক মেডিকেল অফিসার, একজন ডেন্টাল সার্জন ও ৫ জন মেডিকেল অফিসার দিয়েই চলছে চিকিৎসাসেবা।

সম্প্রতি সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরান ভবনে নারী ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডে দায়িত্বরত টিকিৎসক, সেবিকারা শিশুর সেবা দিতে ব্যস্ত রয়েছেন। পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর চর মোন্তাজ থেকে এসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ১০ দিন বয়সের নবজাতকসহ নিপা বেগম (১৯) নামে এক মা। গ্রামে স্বাভাবিক প্রসবে মা হলেও প্রচুর রক্তক্ষরণে তিনি অসুস্থ। 

ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক নোমান পারভেজ বলেন, চরাঞ্চলের বেশিরভাগ মানুষই গ্রাম্য চিকিৎসকের ওপর নির্ভরশীল। চিকিৎসক সংকট থাকলেও তারা সামর্থ্য অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছেন। 

ওয়ার্ডে ভর্তি হওয়া সূর্য ভানু (৭০) নামে এক রোগীর ছেলের বউ খাদিজা বেগম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে এখানে ভর্তি করা হয়। হাসপাতাল থেকেই স্যালাইনসহ ওষুধ দেওয়া হচ্ছে। এখন অনেকটা সুস্থ তিনি। 

এদিকে রাঙ্গাবালীর চর মোন্তাজ থেকে ৮ বছরের কন্যাকে নিয়ে আসা আসমা বেগম বলেন, প্রচণ্ড জ্বরে ভোগা মেয়েকে নিয়ে এলাকার ডাক্তারের পরামর্শে এই হাসপাতালে আইছি। ডাক্তার ভর্তি কইরা ওষুধ দিছে। এখন অনেকটা ভালো মনে হইতাছে। 

হাসপাতালের সেবিকা অনামিকা হাওলাদার জানান, পাশাপাশি দুই উপজেলার মানুষ সেবা নিতে প্রথমেই ছুটে আসে এখানে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ জানায়, গত জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে ৯ হাজার ৪৭৩ জন, জরুরি বিভাগে ১১ হাজার ৬৬৩ জন এবং বহির্বিভাগে ৬৯ হাজার ৭৮৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছে। 

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের পদ রয়েছে ৩৮ জন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট ১১ জন (সার্জারি, মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, ইএনটি, কার্ডিওলজি, অর্থোপেটিকস, শিশু, অ্যানিস্থেশিয়া, চর্ম ও যৌন)। এ ছাড়াও আবাসিক মেডিকেল অফিসার, প্যাথলজিস্ট, মেডিকেল অফিসার/সহকারী সার্জন (ইএমও), অ্যানিস্থেস্টিক, মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার / সহকারী সার্জনসহ (আইএমও) ১০ জন মেডিকেল অফিসার, একজন ডেন্টাল ও একজন আয়ুর্বেদি চিকিৎসকসহ মোট ২৭টি চিকিৎসকের পদ রয়েছে। ১১ জন জুনিয়ন কনসালট্যান্টের পদ থাকলেও কর্মরত আছেন একজন। ১০টি পদই শূন্য। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, চিকিৎসকসহ নানা সংকটের মধ্যেও আমরা যেটুকু জনবল আছে তা দিয়েই আন্তরিকতার সঙ্গে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৩৫০ থেকে ৪৫০ জন রোগী সেবা নিতে আসে। ৫০ শয্যার হাসপাতালে সব সময়ই ১০০’র ওপরে রোগী ভর্তি থাকে। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে চিঠি দেওয়া হয়েছে। 

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যার হাসপাতাল করার প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হলে নতুন ভবন নির্মাণ হবে। চিকিৎসক সংকটের বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা