× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কিত প্রকল্পে ৫৫ কোটি টাকা ব‍্যয় বাড়ানোর প্রস্তাব

আরমান হেকিম

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ০৯:৫০ এএম

গ্রাফিক্স : প্রবা

গ্রাফিক্স : প্রবা

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়াতে নেওয়া বিতর্কিত রিপাওয়ারিং প্রকল্পের ব্যয় নতুন করে ৫৫ কোটি ৪৭ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যার ফলে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ২ হাজার ২২৬ কোটি টাকা। তবে এই প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ নতুন বিদ‍্যুৎকেন্দ্র নির্মাণ করলেও এর চেয়ে কম ব‍্যয় হতো।

ব‍্যয় বৃদ্ধির এই প্রস্তাব দিয়ে সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রকল্পটির তৃতীয় সংশোধনী প্রস্তাব পাঠিয়েছে বিদ‍্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবটি যাচাই করতে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের পক্ষ থেকে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট উইং জানিয়েছে, সভায় প্রকল্পটির ধীরগতির কারণ, ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা, দাতা সংস্থা বিশ্বব্যাংকের ঋণ সহায়তা প্রত্যাহার, বিনিময় হারের প্রাক্কলনসহ বিভিন্ন বিষয়ে কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হবে।

প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সূত্রে জানা গেছে, ২০১৬ সালে তিন বছরের জন‍্য প্রকল্পটি অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। প্রকল্পের উদ্দেশ্য ছিল, ১৯৮৯ সালে স্থাপন করা ১৯০ মেগাওয়াট সক্ষমতার স্টিম টারবাইনকে কম্বাইন্ড সাইকেল মুডে রূপান্তর করে ৪০৯ মেগাওয়াটে উন্নীত করা। সেসময় প্রকল্পের ব‍্যয় ধরা হয় ২ হাজার ২৯ কোটি ২৪ লাখ টাকা। 

তিন বছরের জন্য অনুমোদন দেওয়া প্রকল্পটি বাস্তবায়নে আট বছর সময় লাগায় এর ব্যয় আরও ১৪২ কোটি ২১ লাখ টাকা বেড়ে যাওয়ায় মোট ব্যয় দাঁড়ায় ২ হাজার ১৭১ কোটি ৪৫ লাখ টাকা।

প্রকল্প পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রকল্পের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এই অবস্থায় ৫৫ কোটি ৪৭ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পটির তৃতীয় সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এই প্রস্তাবটি একনেকে অনুমোদন পেলে তিন বছরের কাজ সাড়ে ৯ বছরে শেষ হবে। একই সঙ্গে ধীরগতির কারণে সরকারের তহিবল থেকে বেশি ব্যয় হবে ১৯৭ কোটি ৬৮ লাখ টাকা, যা প্রাথমিক প্রকল্প ব্যয়ের প্রায় ১০ শতাংশ।

এদিকে অস্বাভাবিক উচ্চ ব্যয়ের কারণে পুরোনো বিদ্যুৎকেন্দ্রের রিপাওয়ারিং প্রকল্পের যৌক্তিকতা নিয়ে বরাবরই প্রশ্ন উত্থাপন করে আসছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় চলমান প্রকল্পটির ব্যয় বাড়লে সরকারের অপচয় বাড়বে বলেও মতপ্রকাশ করেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২১৯ মেগাওয়াট বাড়াতে এই প্রকল্পে ২ হাজার ২২৬ কোটি টাকা ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে যেখানে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার জন্য ব্যয় হবে ১০ কোটি ১৭ লাখ টাকা, সেখানে একই সক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যয় আরও কম হবে।

পর্যালোচনা করে দেখা গেছে, গত অর্থবছরে ৯১০ কোটি টাকা ব্যয়ে শাহজিবাজারে ১০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট নির্মাণকাজ শেষ হয়েছে। সেখানে প্রতি মেগাওয়াটে ব্যয় হয়েছে ৯ কোটি ১১ লাখ টাকা। রূপসা ৮০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৮ হাজার ৪৯৮ কোটি টাকা ব্যয় হচ্ছে।

সেখানে মেগাওয়াটপ্রতি ব্যয় হবে ১০ কোটি ৬২ লাখ টাকা। ময়মনসিংহে ৩৬০ মেগাওয়াট ক্ষমতার ডুয়াল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রতি মেগাওয়াটের জন্য ৫ কোটি ৪৪ লাখ টাকা করে মোট ব্যয় হচ্ছে ১ হাজার ৯৫৭ কোটি টাকা।

প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে বিশ্বব্যাংকের তহবিল থেকে ১ হাজার ৭৭২ কোটি টাকা বরাদ্দ থাকলেও বিলম্বের কারণে ২১৫ কোটি টাকার চুক্তি বাতিল করেছে সংস্থাটি। এর ফলে নিজস্ব তহিবল থেকে ২৭০ কোটি টাকা বাড়তি ব্যয় করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে।

এ বিষয়ে জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘এমন অনেক অপ্রয়োজনীয় বিদ্যুৎকেন্দ্র গত দেড় দশকে বিশেষ আইনের আওতায় এনে অনুমোদন দেওয়া হয়, যা এখন বিদ্যুৎ খাতের জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। অর্থ আত্মসাতের জন্য পরিকল্পিতভাবে এ প্রকল্পগুলো করা হয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা