বিশেষ লেখা
সৈয়দ তাওসিফ মোনাওয়ার
প্রকাশ : ১৭ মিনিট আগে
আপডেট : ১৭ মিনিট আগে
রাজধানী ঢাকা আজ এক গভীর ও বহুমাত্রিক নগর-সংকটের প্রতিচ্ছবি। অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে জলাশয় ভরাট ও বৃক্ষনিধন, প্রয়োজনের তুলনায় অপ্রতুল সড়ক অবকাঠামো, দুর্বল গণপরিবহন ব্যবস্থা, হাঁটার জায়গার অভাব, বায়ুদূষণ, তাপমাত্রা বৃদ্ধি এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা- সব মিলিয়ে শহরটি যেন দীর্ঘদিনের ভুলের মাশুল গুনছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিভিন্ন সময়ে নানা মেয়াদের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেসব নিয়ে তর্ক-বিতর্কও কম হয়নি। অথচ এসব বিষয়ে যখন আলোচনা চলছে, তখন ঢাকার ভুলগুলোরই পুনরাবৃত্তি ঘটছে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরসহ মফস্বল এলাকাগুলোতে। বন্দরনগরী চট্টগ্রাম, সমুদ্রতীরবর্তী কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা, হাওরঘেরা সুনামগঞ্জ কিংবা চা-বাগান, নদী ও টিলাবেষ্টিত সিলেট- এমনকি রংপুর ও ময়মনসিংহের মতো শহরও দ্রুত নগরায়ণের চাপে বদলে যাচ্ছে।
পরিবর্তিত হচ্ছে শহরগুলোর চেনা ভূপ্রকৃতি ও জীবনযাত্রা। প্রশ্ন হলো, আগামী ২০-৩০ বছর পর এই শহরগুলোও কি ঢাকার মতো শ্বাসরুদ্ধকর ও বসবাসের অনুপযোগী হয়ে উঠবে, নাকি গড়ে উঠতে পারে সবুজ, মানবিক ও টেকসই নগর হিসেবে?
এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আজ আমরা কী ধরনের পরিকল্পনা ও সিদ্ধান্ত নিচ্ছি এবং ভবিষ্যৎ সম্পর্কে কতটা দূরদর্শী হতে পারছি, তার ওপর। ঢাকার অপরিণামদর্শী রূপান্তরের ইতিহাস দেখিয়ে দেয়, একসময়ের জলকেন্দ্রিক এই শহর ক্রমে কংক্রিটের আবরণে ঢেকে গেছে। জলাশয় ও খোলা জায়গা হারিয়ে যাওয়ায় বৃষ্টির পানি মাটিতে শোষিত হওয়া কিংবা প্রাকৃতিক জলাধারে জমা হওয়ার সুযোগ কমেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। অন্যদিকে দৈনন্দিন পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বাড়ছে। গভীর নলকূপের মাধ্যমে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামছে। এর দীর্ঘমেয়াদি প্রভাব পরিবেশ, নগর অবকাঠামো ও পানির নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
একই প্রবণতা এখন মফস্বল শহরগুলোতেও দৃশ্যমান। উদাহরণ হিসেবে সুনামগঞ্জের কথাই ধরা যাক। দেশের অন্যতম বৃষ্টিপ্রবণ অঞ্চল হওয়া সত্ত্বেও শহরটিতে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগ নেই। বরং নতুন ভবন নির্মাণের সময় বাড়ির চারপাশের খোলা জায়গা কংক্রিটের ঢালাইয়ে ঢেকে ফেলার প্রবণতা চোখে পড়বে। ফলে বৃষ্টির পানি মাটিতে শোষিত হওয়ার সুযোগ কমে যাচ্ছে। অপর্যাপ্ত বা অকার্যকর নিষ্কাশনব্যবস্থার কারণে অতিবৃষ্টির পানি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে নদীর পানির উচ্চতা বেড়ে গেলে কিংবা নদীর ধারণক্ষমতা অতিক্রম করলে শহরের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন স্থানে সাময়িক বন্যা বা জলাবদ্ধতা তৈরির আশঙ্কা থাকে।
বন্যার সময় আবার দেখা দেয় সুপেয় পানির সংকট। অথচ পরিকল্পিতভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে এই বৃষ্টির পানিই হতে পারত ব্যবহারযোগ্য পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। একইভাবে দেশের প্রতিটি শহরে স্থানীয় ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নগর পরিকল্পনায় যথাযথভাবে কাজে লাগানোর ঘাটতি রয়েছে। প্রশ্ন হলো, ঢাকার অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে আমরা কি সর্বত্র একই ভুলের পুনরাবৃত্তি করব?
জেলা ও উপজেলা শহরে ভবন বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সরকারি সংস্থার কার্যকর তদারকি, আঞ্চলিক পরিকল্পনা এবং নির্মাণবিধি বাস্তবায়নের ঘাটতি দৃশ্যমান। অনেক ক্ষেত্রেই প্রচলিত বিধিমালা স্থানীয় ভূপ্রকৃতি, জলবায়ু ও বর্তমান নগরায়ণের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ছোট ছোট জমিতে পর্যাপ্ত খোলা জায়গা না রেখে, সেটব্যাক, আলো-বাতাস ও স্থানীয় জলবায়ুর বিষয়গুলো উপেক্ষা করে ভবন নির্মিত হচ্ছে। অনেক ক্ষেত্রে পেশাদার স্থপতি বা প্রকৌশলীদের পরামর্শ ছাড়াই এসব নির্মাণকাজ সম্পন্ন হচ্ছে। ফলে শহরগুলো ক্রমেই ঘিঞ্জি হয়ে উঠেছে।
বাস্তবতা হলো, ঢাকার বাইরে পেশাদার স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের কাজের সুযোগ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামোও সীমিত। ফলে এই পেশাজীবীদের বড় একটি অংশ কাজের সন্ধানে ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। রাজনৈতিক ও আর্থ-সামাজিক বাস্তবতার প্রভাবেও নির্মাণ ও পরিকল্পনা খাত রাজধানীনির্ভর হয়ে উঠেছে। অথচ দেশের সুষম উন্নয়নের জন্য পরিকল্পনা ও বিনিয়োগের বিকেন্দ্রীকরণের পাশাপাশি পেশাগত দক্ষতা এবং সেবারও বিকেন্দ্রীকরণ প্রয়োজন। এজন্য দরকার দূরদৃষ্টিসম্পন্ন উন্নয়ন-দৃষ্টিভঙ্গি।
আগামী কয়েক দশকে ছোট শহরগুলোকে বসবাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে এখন থেকেই একটি সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন। এক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায় থেকেই কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাওয়া উচিত।
আঞ্চলিক ভূপ্রকৃতি ও জলবায়ুভিত্তিক পরিকল্পনা : প্রতিটি শহরের ভৌগোলিক, পরিবেশগত ও জলবায়ুগত বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা ও নির্মাণবিধি প্রণয়ন করতে হবে। সুনামগঞ্জের ক্ষেত্রে হাওর, জলাভূমি ও প্রাকৃতিক জলপ্রবাহ রক্ষাকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে। অন্যদিকে সিলেটের টিলা, ছড়া ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকাগুলো সংরক্ষণ করতে হবে। সব শহরের জন্য একই ধরনের পরিকল্পনা চাপিয়ে না দিয়ে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ জরুরি। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ, ছাদবাগান, সবুজায়ন, জলাধার রক্ষা এবং পরিবেশবান্ধব নির্মাণ উপকরণের ব্যবহার উৎসাহিত করতে হবে।
খোলা জায়গা ও নাগরিক পরিসর সংরক্ষণ : শহর ঘনবসতিপূর্ণ হয়ে ওঠার আগেই ভবিষ্যৎ জনসংখ্যা ও নগরায়ণের চাপ বিবেচনায় নিয়ে সড়ক, নিরাপদ ফুটপাত, পার্ক, খেলার মাঠ এবং প্রাকৃতিক জলাধারের জায়গা চিহ্নিত ও সংরক্ষণ করতে হবে। পরিকল্পনায় এসব জায়গা নিশ্চিত না করলে পরবর্তী সময়ে তা পুনরুদ্ধার করা কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়ে। ক্ষতি হওয়ার পর সংস্কারের উদ্যোগ নেওয়ার বদলে আগাম পরিকল্পনা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই।
সরকার, স্থানীয় প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সমন্বিত ভূমিকা : জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পনা, নির্মাণ অনুমোদন এবং তদারকি ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কারিগরি জনবল বাড়াতে হবে। ভবন নির্মাণে পেশাদার স্থপতি, পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে স্থাপনার নিরাপত্তা ও গুণগত মানের পাশাপাশি শহরের সামগ্রিক পরিকল্পনাও উন্নত হবে। এজন্য স্বচ্ছ ও ডিজিটাল নকশা অনুমোদন প্রক্রিয়া চালু করা এবং প্রচলিত নির্মাণবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্থানীয় মানুষের মধ্যে পরিকল্পিত নগরায়ণের সুফল সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। পেশাজীবীদের আঞ্চলিক উন্নয়নে যুক্ত হওয়ার সুযোগ তৈরিতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে।