তিন একর থেকে ১০০ একরের বিস্তার
একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, দূরদর্শিতা, পরিশ্রম ও মানুষের আস্থা। সেই স্বপ্ন যদি হয় মানুষের জন্য, নতুন একটি প্রজন্মের জন্য তাহলে সেটির জন্য চাওয়াটাও চাইতে হয় সেভাবেই। আবাসন, শিক্ষা, বিনোদন, ধর্মীয় ও সামাজিক স্থাপনার সমন্বয়ে এক টুকরো আধুনিক শহর গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন মো. সফিকুল আলম শিপলু।
শুধু ভাবনার মধ্যেই তার চিন্তা সীমাবদ্ধ থাকেনি, বরং তিনি এমনভাবে কাজ করেছেন যেখানে তার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষের ভালো লাগার জায়গা হিসেবেও তৈরি হয়েছে শহরটি। ভিন্নধর্মী এই শহরটি হচ্ছে কিশোরগঞ্জ শহরসংলগ্ন গাইটাল এলাকায় প্রায় ১০০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা আলমগীর হোসেন সিটি কমপ্লেক্স। ২০০০ সালে মাত্র তিন একর জমিতে যাত্রা শুরু হয়ে আড়াই দশকে আজ তা বিস্তৃত হয়েছে প্রায় ১০০ একরজুড়ে। যার নামে এই কমপ্লেক্স সেই আলমগীর হোসেন ছিলেন কিশোরগঞ্জ সদরের একসময়ের বিশিষ্ট রাজনীতিক ও সংসদ সদস্য। বাবার জনপ্রিয়তা ও স্মৃতি ধরে রাখতে ছেলে শিপলু দারুণ এই উদ্যোগ গ্রহণ করেন।
২০০০ সালে প্রকল্পটির যাত্রা শুরুর সময় কিশোরগঞ্জে পরিকল্পিত আবাসন উদ্যোগ ছিল তুলনামূলক কম। শুরুতে কয়েকজন ক্রেতা কম দামে প্লট কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন। তাদের আস্থা অর্জন, নিষ্ঠা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পটির পরিচিতি বাড়াতে থাকেন শিপলু। সময়ের সঙ্গে জমির পরিধি বেড়েছে, গড়ে উঠেছে নতুন নতুন আবাসিক স্থাপনা। তার উদ্যোগে কমপ্লেক্সটি কেবল প্লট ও বাড়ির সমষ্টি না থেকে একটি বহুমাত্রিক জীবনযাপনকেন্দ্রে রূপ নিয়েছে।
কমপ্লেক্সজুড়ে রয়েছে ইউরোপীয় স্থাপত্যশৈলীর আদলে নির্মিত বাড়ি, আধুনিক নকশার বহুতল ভবন এবং নির্মাণাধীন নানা স্থাপনা। পাশাপাশি রয়েছে নতুন প্লট ও সম্প্রসারণের সুযোগ। স্থাপত্যের বৈচিত্র্য, খোলামেলা পরিবেশ ও পরিকল্পিত বিন্যাস এলাকাটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। আবাসনের পাশাপাশি পাঠ্যক্রমের সঙ্গে সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ থাকায় শিক্ষার্থীদের বিকাশে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোজনরসিকদের জন্য রয়েছে জলসিঁড়ি রেস্তোরাঁ, যেখানে নানা ধরনের খাবারের আয়োজন রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মিত হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আলমগীর সিটি অডিটোরিয়াম।
প্রয়াত মা রাবেয়া আক্তার খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিপলু প্রতিষ্ঠা করেছেন রাবেয়া মসজিদ। নান্দনিক এই মসজিদে একসঙ্গে প্রায় ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে ছোট্ট চিড়িয়াখানা, যেখানে হরিণসহ বিভিন্ন প্রাণী রয়েছে। আছে শিশুদের খেলার উপকরণ, পুকুরঘাট, বসার জায়গা, বেঞ্চ ও টেবিল। সবুজ গাছপালা ও খোলামেলা পরিবেশে প্রতিদিনই দর্শনার্থীরা ঘুরতে আসেন। অনেকে পরিবার নিয়ে সময় কাটান, ছবি তোলেন।
আলমগীর হোসেন সিটি কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক শিপলু বলেন, ‘বাবার মতো ভালো কাজ করার সাহস আমারও আছে। মায়ের ভালোবাসা, দোয়া আর মানুষের সহযোগিতায় আজ কমপ্লেক্সটি সবার কাছে কিশোরগঞ্জের বর্ণিল অবয়ব। দিন দিন আমি এটার উন্নয়ন ও সম্প্রসারণ করতে আগ্রহী।’
আবাসন শিল্পের সম্ভাবনা নিয়েও কথা বলেন শিপলু। তার মতে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর প্রয়োজনীয় সহযোগিতা এবং কার্যকর নীতিগত সহায়তা পেলে এ শিল্প আরও এগিয়ে যেতে পারত। পরিকল্পিত আবাসন উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয় বাড়লে বাংলাদেশের আবাসন খাত আন্তর্জাতিক পরিসরেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।