× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়োমিমিক্রি

প্রকৃতির অনুকরণে, টেকসই ভবনের সোপানে

মেহবুবুর রহমান

প্রকাশ : ১৮ মিনিট আগে

প্রকৃতির অনুকরণে, টেকসই ভবনের সোপানে

জাপানের দ্রুতগতির বুলেট ট্রেন (Shinkansen), গোটা পৃথিবীতে যার সুখ্যাতি বিদ্যমান, কিন্তু সমস্যা হচ্ছে ট্রেনটি যখন ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে টানেল হতে বের হয়, তখন বাতাসের চাপের তারতম্যের কারণে বিকট শব্দের উদ্ভব হয়।

টানেল বুম নামক এই সমস্যাটির কারণে রেলপথ, বিশেষ করে টানেলের নিকটবর্তী জনগণ তীব্র আপত্তি গড়ে তোলে। জনদাবির মুখে প্রকৌশলীরা যখন সমাধান খুজতে ব্যতিব্যস্ত, তখন দেখা যায় শতসহস্র বছরের বিবর্তনের ফলে প্রকৃতি মাছরাঙা পাখির শারীরিক গঠনে এই সমাধান লুকিয়ে রেখেছে। মাছরাঙা পাখি যখন বাতাস হতে খাবারের জন্য পানিতে ঝাঁপ দেয় তখন তার সরু ঠোঁটের কারণে পানির বাধা অনেকাংশে কমে যায়, ফলে সামান্য শব্দ সৃষ্টি হয়।

এই অনুপ্রেরণায় বুলেট ট্রেনের সম্মুখ ভাগ সরু বা চিকন আকৃতি প্রদান করা হয়, যা কেবল শব্দদূষণই কমায় নাই বরং ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ী এবং ১০ শতাংশ গতি বৃদ্ধি করে। প্রকৃতির অনুকরণে সমাধান খোঁজার এরূপ প্রচেষ্টায় বিজ্ঞানী ও প্রকৌশলীরা কখনও সৌরবিদ্যুৎ প্যানেলের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সমর্থ হয়েছেনÑ প্রজাপতির ডানার আলোক বিশ্লেষণের মাধ্যমে, কখনও-বা মাছের ঝাঁক ও তার ঘূর্ণন শিখিয়েছে বায়ুবিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কৌশল। প্রকৃতি হতে প্রাপ্ত শিক্ষা টেকসই ভবন নির্মাণের নতুন দিগন্ত উন্মোচনের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। 

বায়োমিমিক্রি শব্দের অর্থ হচ্ছে প্রকৃতিকে অনুকরণ করা বা প্রকৃতির বিভিন্ন জীব ও প্রাকৃতিক প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে মানুষের প্রযুক্তিগত সমস্যার সমাধান করা। টেকসই ভবনের নকশা ও নির্মাণের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বায়োমিমিক্রির অসংখ্য উদাহরণ বিদ্যমান রয়েছে। জিম্বাবুয়ের হারারেতে অবস্থিত ইস্ট গেট সেন্টার তার একটি প্রকৃষ্ট উদাহরণ। সময়টা ১৯৯৬, যখন জিম্বাবুয়েতে চলমান জ্বালানি সংকট ও তার বিপরীতে অফিস ভবন এবং বিপণিবিতানের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের উচ্চ বিদ্যুৎ খরচ চিন্তার ভাঁজ সৃষ্টি করছিল।

স্থপতি মিক পিয়ার্স এবং অরূপ ডেভেলপার প্রকৃতির সান্নিধ্যে চিন্তার খোরাক খুঁজে পেলেন উইপোকার ঢিবির মাঝে। উইপোকার জীবন রক্ষার্থে প্রয়োজন একপ্রকার বিশেষ ফাঙ্গাস, যা ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে মারা যায়। তাই ঢিবি বা বাসস্থানের গঠন এমন হয় যেন বাইরের তাপমাত্রা যে রকম হোক, ভেতরে কখনোই ৩১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে সক্ষম না হয়। আমাদের চোখে যা কেবল মাটির একটি ঢিবি, প্রকৃতপক্ষে তা হচ্ছে টানেলের মাধ্যমে নিচ দিয়ে শীতল বায়ু প্রবেশ আর ওপরে চিমনির আদলে উত্তপ্ত বায়ু নির্গমনের এক অনন্য স্থাপত্যশৈলী।

পিয়ার্স ও তার দল এই ধারণা কাজে লাগিয়ে ইস্ট গেট সেন্টারের নিচতলায় ফ্যানের মাধ্যমে শীতল বায়ু প্রবেশের জন্য পথ সৃষ্টি করলেনÑ একই সঙ্গে এই শীতলবায়ু যেন সমগ্র ভবন পরিভ্রমণ করে ছাদের চিমনি দিয়ে সহজেই বের হতে পারে, সেভাবে পুরো ভবনের নকশা করা হলো। ঢিবিতে ব্যবহৃত হয় মাটি, যার তাপধারণ ক্ষমতা কাজে লাগিয়ে উইপোকা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তার পরিবর্তে ব্যবহার হলো কংক্রিট, যা দিনের বেলায় তাপ শোষণ করে রাখে এবং রাতে তাপমাত্রা কমে গেলে ধীরে ধীরে প্রবহমান বাতাসের সঙ্গে ছাদের চিমনি দিয়ে তাপ নির্গমন করে দেয়।

ইস্ট গেটের এই অসাধারণ বায়োমিমিক্রি একদিকে যেমন ব্যবহারকারীদের নিকট শীতাতপ নিয়ন্ত্রিত বিপণিবিতানের ন্যায় আরামদায়ক অনুভূতি না দিলেও অনেকখানি ফুরফুরে পরিবেশ সৃষ্টি করে, তেমনি শীতাতপ নিয়ন্ত্রণের জ্বালানি খরচ প্রায় ৯০ শতাংশ হ্রাস করে। বায়োমিমিক্রির এরকম সহস্র উদাহরণ সারা বিশ্বে রয়েছে, যার মধ্যে প্রমুখ হচ্ছে পাখির বাসার আদলে ইস্পাতের নকশা করা চীনের বেইজিংয়ের বার্ডস নেস্ট জাতীয় স্টেডিয়াম, কাঠামোর ওজন কমানোর জন্য সাবানের বুদবুদ অনুকরণ করে বানানো যুক্তরাজ্যের ইডেন প্রজেক্ট। বাংলাদেশের স্থাপত্যকলায় বায়োমিমিক্রি প্রাগৈতিহাসিক কাল হতে চর্চা হয়ে এলেও সমসাময়িক নির্মিত ভবনে নগরায়ণের প্রবল চাপে তা ক্রমে অস্পষ্ট হয়ে আসছে।

আমাদের পুরনো ভবনগুলোর কেন্দ্রে অবস্থিত উঠান এবং তার চারপাশে গড়ে ওঠা ঘর বায়ুপ্রবাহ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেকটা হারারের ইস্ট গেটের মতো কার্যকর ও আমাদের জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও অত্যধিক জনসংখ্যার চাপে তা বিলীন হওয়ার পথে রয়েছে। ২০২১ সালে প্রকাশিত বুয়েটের একটি গবেষণা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে উঠানযুক্ত বাড়িতে তাপমাত্রা প্রায় ৩ শতাংশ কম থাকে এবং ব্যবহারকারীদের বক্তব্য অনুযায়ী তা ২০ শতাংশ অধিকতর আরামদায়ক ও তাপমাত্রা স্বস্তিদায়ক।

আমাদের পূর্বপুরুষরা বায়োমিমিক্রি শব্দের সঙ্গে পরিচিত না থাকলেও ঐতিহ্যগতভাবে টেকসই ভবনের বিভিন্ন উপাদান অনুসরণ করে আসছিলেন। তদুপরি এই ধারণা কাজে লাগিয়ে ঝিনুকের খোলসের আদলে তৈরি কক্সবাজারের রেলস্টেশনের বিশাল ছাউনিটি ভবনের অভ্যন্তরকে যেমন রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষা দেয়, তেমনি স্থাপনাটিকে সমুদ্র উপকূলের পরিবেশের সঙ্গে একটি নান্দনিক সম্পর্ক তৈরির প্রয়াস করে। পুরোপুরি বায়োমিমিক্রির উদাহরণ না হলেও ঢাকার ফায়দাবাদে অবস্থিত বায়তুর রউফ মসজিদের আলো ছায়ার অনন্য খেলা বা গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের সুপ্রস্তুত উঠান মানুষের আবাসস্থলের সঙ্গে প্রকৃতির যোগসূত্র স্থাপন এবং প্যাসিভ ডিজাইনের (Passive Design) এক অনন্য উদাহরণ। 

বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই ভবন নির্মাণের জন্য প্রকৃতির অনুকরণ হতে পারে আদর্শ পদ্ধতি, যার জন্য প্রয়োজন নিবিড় গবেষণা, উপযোগিতাভিত্তিক সমাধান নির্ণয় এবং সরকারি পৃষ্ঠপোষকতা। পদ্ম পাতায় টলমল পানির বিন্দু সবাই আগ্রহভরে দেখি, কিন্তু পদ্মপাতার গুণাগুণ বিশ্লেষণ করে যদি ভবনের বাইরের রঙ প্রস্তুত সম্ভব হয় তবে আমাদের মতো জলবায়ুর দেশে স্যাঁতসেঁতে সমস্যা অনেকাংশে লাঘব হতে পারে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা