× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসন খাতে চাই বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ নীতি

মো. আব্দুর রশিদ বাবু

প্রকাশ : ২১ মিনিট আগে

আবাসন খাতে চাই বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ নীতি

দেশের আবাসন খাত বর্তমানে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে নির্মাণ ব্যয় বৃদ্ধি, জমির উচ্চমূল্য, গৃহঋণের উচ্চ সুদ এবং করের বহুমুখী চাপ; অন্যদিকে নীতিগত ও প্রশাসনিক জটিলতা এ খাতের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে ড্যাপের কারণে ভবনের আয়তন ও ফ্ল্যাটের সংখ্যা কমে যাওয়ার পর থেকে আবাসন খাতে নতুন করে নানা সংকট তৈরি হয়েছে। এতে একদিকে ডেভেলপারদের প্রকল্প বাস্তবায়ন ও বিনিয়োগ পরিকল্পনা কঠিন হয়ে পড়ছে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ীমূল্যে ফ্ল্যাটের ব্যবস্থা করাও ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

এর মধ্যে চলতি অর্থবছর থেকে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর ১৫ শতাংশ মূলধনী মুনাফা কর আরোপ এ খাতে নতুন সংকট তৈরি করেছে। বাংলাদেশে অধিকাংশ আবাসন প্রকল্প জমির মালিক ও ডেভেলপারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়। এ ব্যবস্থায় জমির মালিক জমি দেন এবং ডেভেলপার নির্মাণ ব্যয় ও প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। বিনিময়ে জমির মালিক নির্ধারিত অংশের ফ্ল্যাট পান। ফলে প্রাপ্ত ফ্ল্যাটের ওপর অতিরিক্ত করের চাপ জমির মালিক ও ডেভেলপারের মধ্যে চুক্তি, জমির মূল্য নির্ধারণ এবং প্রকল্পের আর্থিক হিসাবকে জটিল করে তুলতে পারে। এ কারণে ১৫ শতাংশ মূলধনী মুনাফা করের বিষয়টি পুনর্বিবেচনা করে বাস্তবসম্মত ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন।

অন্যদিকে বাজারমূল্যভিত্তিক দলিল নিবন্ধন চালুর উদ্যোগ নেওয়া হলে সবার আগে নিবন্ধন ফি ও সংশ্লিষ্ট করের হার যৌক্তিকভাবে কমাতে হবে। প্রকৃত বাজারমূল্যে নিবন্ধন নিশ্চিত করার উদ্যোগ স্বচ্ছতা ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে বাজারমূল্য নির্ধারণের পদ্ধতি হতে হবে বাস্তবসম্মত ও স্বচ্ছ। একই এলাকার জমির অবস্থান, রাস্তার প্রস্থ, জমির শ্রেণি ও অন্যান্য বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি মূল্যায়ন নিয়ে আপত্তি থাকলে তা নিষ্পত্তির কার্যকর সুযোগ রাখতে হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে আবাসন খাতের অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়া জরুরি। কারণ নিবন্ধন ব্যয় বেড়ে গেলে শেষপর্যন্ত তার প্রভাব ফ্ল্যাটের মোট মূল্যের ওপর পড়বে, যা ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করবে।

আমরা করের বিরোধিতা করছি না। রাষ্ট্রের রাজস্ব প্রয়োজন, দেশের উন্নয়ন ও জনসেবার জন্য কর আদায় অপরিহার্য। ব্যক্তি ও প্রতিষ্ঠান- সবারই আইন অনুযায়ী কর দেওয়া উচিত। কিন্তু করনীতি এমন হওয়া উচিত নয়- যা একটি সম্ভাবনাময় শিল্পের বিকাশকেই বাধাগ্রস্ত করে। আবাসন খাতকে সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করা যায়। রাজস্ব আদায়ের জন্য হাঁসটিকে অতিরিক্ত চাপ দিতে গিয়ে যদি তার অস্তিত্বই বিপন্ন করা হয়, তাহলে দীর্ঘমেয়াদে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। শুধু করের হার বাড়িয়ে রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। বরং শিল্পের সক্ষমতা বজায় রেখে করের আওতা ও নিয়মিত রাজস্ব আদায়ের পরিবেশ তৈরি করা জরুরি।

আবাসন খাতের গুরুত্ব শুধু ফ্ল্যাট নির্মাণ ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এ খাতের সঙ্গে রড, সিমেন্ট, ইট, সিরামিক, টাইলস, স্টিল, অ্যালুমিনিয়াম, পরিবহন, ব্যাংকিংসহ তিনশ এর বেশি সংযুক্ত শিল্প জড়িত। পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও বিনিয়োগ এ খাতের ওপর নির্ভরশীল। আবাসন খাতে সংকট তৈরি হলে তার প্রভাব চেইন রিঅ্যাকশনের মতো অন্যান্য শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। তাই আবাসন খাতের সমস্যাকে শুধু একটি শিল্পের ব্যবসায়িক সংকট হিসেবে দেখার সুযোগ নেই; এর সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ জড়িত।

বর্তমান পরিস্থিতিতে আবাসন খাতের সংকট নিরসনে নিম্নোক্ত দাবিগুলো পূরণ করা খুবই জরুরি-

১. বাজারমূল্যভিত্তিক নিবন্ধনের আগে নিবন্ধন ব্যয় কমাতে হবে : স্ট্যাম্প ডিউটি, নিবন্ধন ফি, উৎসে করসহ সংশ্লিষ্ট কর ও ফি যৌক্তিকভাবে কমাতে হবে। বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছ পদ্ধতি, বাস্তবসম্মত মূল্যায়ন এবং আপত্তি নিষ্পত্তির সুযোগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে।

২. জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর ১৫ শতাংশ মূলধনী মুনাফা কর পুনর্বিবেচনা করতে হবে : জমির বিনিময়ে পাওয়া ফ্ল্যাটের ওপর এই করের প্রভাব বিবেচনায় নিয়ে তা প্রত্যাহার অথবা যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে। অন্যথায় জমির মালিক ও ডেভেলপারের যৌথ আবাসন প্রকল্প বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

৩. ড্যাপ ও নির্মাণবিধি পুনর্বিবেচনা করতে হবে : নগরবাসীর আবাসন চাহিদা, জমির মূল্য, নির্মাণ ব্যয় ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় ভবনের আয়তন ও ফ্ল্যাটের সংখ্যা নির্ধারণ সংক্রান্ত বিধান পুনর্বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে নগর পরিকল্পনার লক্ষ্য ও মানুষের আবাসন চাহিদার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা জরুরি।

৪. ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে : সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অনুমোদন ও ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়া সহজ, সমন্বিত ও সময়সীমাবদ্ধ করতে হবে। দীর্ঘসূত্রতা কমাতে ডিজিটাল সেবা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

৫. সাশ্রয়ী গৃহঋণের ব্যবস্থা করতে হবে : নাগরিকদের বর্তমান আয় দিয়ে ফ্ল্যাট কেনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। উচ্চ সুদের কারণে অনেক মধ্যবিত্ত পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে ফ্ল্যাট কেনা সম্ভব হচ্ছে না। তাই ক্রেতাদের জন্য দীর্ঘমেয়াদি ও এক অঙ্কের সুদে (সিঙ্গেল ডিজিট) সাশ্রয়ী গৃহঋণের ব্যবস্থা করতে হবে।

আবাসন খাতের উন্নয়নে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত জরুরি। কর আদায়, নগর পরিকল্পনা, ক্রেতার সক্ষমতা এবং শিল্পের বিকাশÑ সব বিষয় বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে হবে। অংশীজনদের সঙ্গে আলোচনা ও বাস্তবতা বিবেচনা করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি আবাসন খাতেও বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা