× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশেষ লেখা

নির্মাণে প্রকৌশলী, স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের ভূমিকা

মোহাম্মদ মুজাফফর উদ্দিন

প্রকাশ : ৩৬ মিনিট আগে

আপডেট : ২৮ মিনিট আগে

নির্মাণে প্রকৌশলী, স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের ভূমিকা

একটি ভবন কেবল কয়েকজন মানুষের আশ্রয় নয়। এটি একটি এলাকার রাস্তা, পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, আলো-বাতাস ও নিরাপত্তার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। রানা প্লাজা ধস, নিমতলী ও চুড়িহাট্টার অগ্নিকাণ্ড এবং বেইলি রোডের ভবনে আগুনের মতো মর্মান্তিক ঘটনা আমাদের শিখিয়েছে, বিধিমালা উপেক্ষা করে নির্মিত ভবন কতটা প্রাণঘাতী হতে পারে।

একটি নিরাপদ ও পরিকল্পিত ভবন কোনো একক পেশার কৃতিত্ব নয়। নগর পরিকল্পনাবিদ ঠিক করেন কোথায় কী ধরনের ভবন নির্মাণ হবে, স্থপতি ঠিক করেন ভবনটি কেমন হবে, আর প্রকৌশলী নিশ্চিত করেন ভবনটি কতটা নিরাপদ ও টেকসই হবে। এই তিন পেশার যেকোনো একটি দুর্বল হলে পুরো ভবন, এমনকি পুরো এলাকাই ঝুঁকিতে পড়ে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এই তিন পেশার কাজকে একটি নিয়মের কাঠামোয় যুক্ত করে। ঢাকা মহানগর ও আশপাশের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার এলাকার পরিকল্পনা প্রণয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও ভবন নির্মাণের অনুমোদন রাজউকের দায়িত্ব। রাজউকে নকশা অনুমোদনের আবেদনে নিবন্ধিত স্থপতি ও প্রকৌশলীর স্বাক্ষর বাধ্যতামূলক, আর অনুমোদন প্রক্রিয়ায় পরিকল্পনাবিদ, স্থপতি ও প্রকৌশলীরা একসঙ্গে নকশা পর্যালোচনা করেন। ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেমের (ইসিপিএস) মাধ্যমে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদনের আবেদন এখন অনলাইনেই করা যায়, যা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করেছে।

যে জমিতে বা যে এলাকায় ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, ভবন নির্মাণের প্রথম প্রশ্ন হলো, সেই জমিতে আদৌ এ ধরনের ভবন হতে পারে কি না। ভূমি ব্যবহার ছাড়পত্রের পর্যায়ে নগর পরিকল্পনাবিদ যাচাই করেন, প্রস্তাবিত ভবনটি বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী ওই প্লটের নির্ধারিত ভূমি ব্যবহারের সঙ্গে সংগতিপূর্ণ কি না। আবাসিক এলাকায় কারখানা, কিংবা জলাশয় ও বন্যাপ্রবাহ এলাকা ভরাট করে নির্মাণ যেন না হয়, তা নিশ্চিত করা হয়।

ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ ও সংশোধিত ড্যাপ (২০২২-২০৩৫) অনুযায়ী ফ্লোর এরিয়া রেশিও (ফার), জনঘনত্ব এবং রাস্তার প্রশস্ততার সঙ্গে ভবনের আয়তন ও উচ্চতা নির্ধারিত হয়। যে এলাকায় রাস্তা সরু ও নাগরিকসেবা অপ্রতুল, সেখানে অতিরিক্ত ঘনত্ব চাপিয়ে দেওয়া হলে পুরো এলাকার পানি, পয়ঃনিষ্কাশন ও যানবাহন ব্যবস্থা ভেঙে পড়ে। আবাসনের চাহিদা পূরণ করে, অথচ নগরের ধারণক্ষমতার সঙ্গে আপস না করে, এই ভারসাম্য খুঁজে বের করাই পরিকল্পনাবিদের মূল দায়িত্ব। নতুন বিধিমালায় অ্যাপার্টমেন্ট ও ব্লকভিত্তিক উন্নয়ন প্রকল্পে নগর পরিকল্পনাবিদের অনুমোদন আবশ্যক করে এই দায়িত্বকে আরও সুস্পষ্ট করা হয়েছে।

পরিকল্পনাবিদের নির্ধারিত সীমার মধ্যে ভবনটিকে ব্যবহারযোগ্য, স্বাস্থ্যকর ও সুন্দর করে গড়ে তোলেন স্থপতি। বিধিমালা অনুযায়ী চারপাশের খোলা জায়গা ও ভূমি আচ্ছাদন মেনে তিনি ভবনের বিন্যাস ঠিক করেন, যাতে প্রতিটি কক্ষে প্রাকৃতিক আলো-বাতাস পৌঁছায় এবং পাশের ভবনের আলো-বাতাসও বাধাগ্রস্ত না হয়। আমাদের উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে সঠিক স্থাপত্য নকশা বিদ্যুতের চাহিদা কমিয়ে ভবনকে আরামদায়ক রাখতে পারে।

নিরাপত্তার অনেক মৌলিক সিদ্ধান্তও স্থাপত্য নকশাতেই নির্ধারিত হয়। সিঁড়ির সংখ্যা ও অবস্থান, জরুরি বহির্গমন পথের দূরত্ব, অগ্নিনিরাপদ সিঁড়িঘর, করিডোরের প্রশস্ততা, পার্কিং ও গাড়ি চলাচলের পথ, এসব সঠিকভাবে না হলে পরে সংশোধন প্রায় অসম্ভব। বেইলি রোডের মতো দুর্ঘটনায় একটি মাত্র সরু সিঁড়ি কতটা প্রাণঘাতী হতে পারে, তা আমরা দেখেছি। প্রতিবন্ধী, বয়স্ক ও শিশুদের জন্য র‍্যাম্প, লিফট ও প্রবেশগম্য শৌচাগার নিশ্চিত করে স্থপতি একটি অন্তর্ভুক্তিমূলক ভবনের নকশা প্রণয়ন করেন।

স্থপতির নকশাকে দাঁড় করিয়ে রাখার দায়িত্ব প্রকৌশলীর। পুরকৌশলী প্রথমে মাটি পরীক্ষার মাধ্যমে মাটির ভারবহন ক্ষমতা ও অন্যান্য প্যারামিটারসমূহ যাচাই করেন এবং সে অনুযায়ী ভিত্তি নির্ধারণ করেন। এরপর ভবনের নিজস্ব ভার, ব্যবহারকারীর ভার, বাতাস ও ভূমিকম্পের বল হিসাব করে কলাম, বিম ও স্ল্যাবের কাঠামোগত নকশা প্রণয়ন করেন। ঢাকা ভূমিকম্পের ঝুঁকিতে থাকা মহানগর হওয়ায় ভূমিকম্প প্রতিরোধী নকশা এখানে বিলাসিতা নয়, অপরিহার্যতা। বৈদ্যুতিক, যান্ত্রিক ও অগ্নিনিরাপত্তা প্রকৌশলীরা নিশ্চিত করেন নিরাপদ বৈদ্যুতিক সংযোগ, লিফট, অগ্নি শনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থা।

তবে কাগজে নিখুঁত নকশাই যথেষ্ট নয়। নিম্নমানের নির্মাণসামগ্রী এবং অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা নির্মাণ কীভাবে একটি ভবনকে মৃত্যুফাঁদে পরিণত করে। তাই নির্মাণকালে প্রকৌশলীর নিয়মিত তত্ত্বাবধান, রড-সিমেন্ট-কংক্রিটের মান পরীক্ষা এবং নকশা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা যাচাই করা অত্যন্ত জরুরি। রাজউক আরবান রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে নির্মাণসামগ্রী পরীক্ষার গবেষণাগার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং বিদ্যমান ভবনের সক্ষমতা মূল্যায়নের কাজ এগিয়ে নিচ্ছে।

বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা (বিএনবিসি) এই তিন পেশাকে একটি অভিন্ন মানদণ্ডে বাঁধে। ১৯৯৩ সালে প্রণীত বিধিমালাটি যুগোপযোগী করে বিএনবিসি ২০২০ কার্যকর করা হয়েছে। এতে পরিকল্পনা ও স্থাপত্যের শর্ত, কাঠামোগত নকশা, ভূমিকম্প প্রতিরোধ, অগ্নিনিরাপত্তা, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, প্রবেশগম্যতা এবং নির্মাণকালীন শ্রমিক নিরাপত্তার বিস্তারিত নির্দেশনা রয়েছে। রাজউকের নকশা অনুমোদনে বিএনবিসির শর্ত পূরণ বাধ্যতামূলক।

দীর্ঘ ১৭ বছর ঢাকার ভবন নির্মাণ চলেছে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশিত ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ সেই বিধিমালার স্থলাভিষিক্ত হয়েছে। বিএনবিসি ২০২০ ও ড্যাপের সঙ্গে সমন্বয় করে প্রণীত এই বিধিমালায় পরিকল্পনাবিদ, স্থপতি ও প্রকৌশলীদের পেশাগত কাজের ধরনকে সমন্বয় করা হয়েছে যেমন-

• প্রকৌশলীর জন্য রয়েছে নির্মাণ অনুমোদনের সময় স্থাপত্য নকশার পাশাপাশি দুর্যোগ সহনশীলতা বিবেচনায় কাঠামোগত ও অন্যান্য প্রকৌশল নকশার অনুমোদন বাধ্যতামূলক এবং পাঁচ কাঠা বা তার বেশি আয়তনের প্লটে পয়ঃবর্জ্য শোধনাগার (এসটিপি) স্থাপন আবশ্যক;

• স্থপতিদের জন্য রয়েছে অতিরিক্ত ভয়েড, সেটব্যাক ও ভূমি আচ্ছাদনের ব্যত্যয় রোধে কঠোরতর বিধান এবং সবুজ ভবনের জন্য প্রণোদনা;

• নগর পরিকল্পনাবিদের জন্য রয়েছে জনঘনত্ব নিয়ন্ত্রণ এবং অ্যাপার্টমেন্ট ও ব্লকভিত্তিক উন্নয়নে পরিকল্পনাগত অনুমোদন;

পাশাপাশি আপিল কমিটি গঠন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার মাধ্যমে নাগরিক ভোগান্তি কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এই বিধিমালার সফল বাস্তবায়ন নির্ভর করছে তিন পেশার পেশাজীবীদের নিষ্ঠা ও সমন্বয়ের ওপর।

নিরাপদ ভবনের পাশাপাশি বাসযোগ্য পরিবেশ ও নাগরিক জীবনের সুযোগ-সুবধিার বিষয়সমূহ নিশ্চিতকরণে সব পেশার দায়িত্ব রয়েছে। পরিকল্পনাবিদ জলাধার, বন্যাপ্রবাহ এলাকা ও কৃষিজমি সংরক্ষণ করেন এবং জনঘনত্ব অনুযায়ী স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, খেলার মাঠ, পার্ক, কাঁচাবাজার, মসজিদ-মন্দিরসহ সব ধর্মের উপাসনালয় ও গণপরিবহনের জন্য জায়গা নির্ধারণ করেন। স্থপতি সবুজায়ন, মাটিতে পানি প্রবেশের সুযোগ ও জ্বালানিসাশ্রয়ী নকশার মাধ্যমে ভবনকে পরিবেশবান্ধব করেন। প্রকৌশলী বৃষ্টির পানি সংরক্ষণ, পয়ঃবর্জ্য শোধন এবং নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করেন। এভাবে একটি ভবন হয়ে ওঠে সুস্থ নাগরিক জীবনের অংশ।

বাস্তবতা হলো, অধিক মুনাফা লাভের আশায় ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ, অনুমোদন ছাড়া ভবন নির্মাণ এবং আবাসিক ভবনকে বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রবণতা এখন বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে নকশায় স্বাক্ষরকারী স্থপতি বা প্রকৌশলী নির্মাণকালে তদারকি না করা, আর বিস্তীর্ণ এলাকার বিপরীতে পরিদর্শনের জনবলও সীমিত। এ অবস্থা থেকে উত্তরণে নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন-

• নকশা অনুমোদনের পাশাপাশি নির্মাণকালীন তদারকি ও ব্যবহার সনদ প্রক্রিয়াকেও পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা;

• নকশা প্রণয়নকারী ও তত্ত্বাবধানকারী স্থপতি ও প্রকৌশলীর পেশাগত দায়বদ্ধতা আরও সুনির্দিষ্ট করা;

• পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী ও পরিদর্শকের সংখ্যা ও সক্ষমতা বাড়ানো;

• ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার এবং বিধিমালা লঙ্ঘনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া।

নাগরিকদেরও ভূমিকা আছে। আবাসিক ফ্ল্যাট বা অন্যান্য স্থাপনা ক্রয় করার আগে ভবনের অনুমোদন ও ব্যবহার সনদ যাচাই করা প্রত্যেকের নিজের নিরাপত্তার স্বার্থেই জরুরি।

নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও প্রকৌশলী যেন একটি ত্রিভুজের তিন বাহু। একটি বাহু দুর্বল হলে পুরো কাঠামোই ভেঙে পড়ে। পরিকল্পনাবিদ নগরের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করেন, স্থপতি মানুষের প্রয়োজনকে নকশায় রূপ দেন, আর প্রকৌশলী সেই নকশাকে নিরাপদ ও টেকসই বাস্তবতায় পরিণত করেন। এই তিন পেশার সমন্বিত প্রচেষ্টা, শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সচেতন নাগরিক সমাজ, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, টেকসই ও পরিকল্পিত ঢাকা তথা বাংলাদেশ গড়ে তুলতে পারে।

লেখক : প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা