বিশেষ লেখা
অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান
প্রকাশ : ২৩ মিনিট আগে
অক্সফোর্ড ইকোনমিকসের বৈশ্বিক শহর সূচকে বিশ্বের এক হাজার শহরের মধ্যে বাংলাদেশের যে ৯ শহর স্থান পেয়েছে, সেগুলোর সবগুলোর অবস্থানই অত্যন্ত উদ্বেগজনক।
অর্থনীতি, মানবসম্পদ, জীবনমান, পরিবেশ এবং সুশাসনের মানদণ্ডে তৈরি এই তালিকায় দেশের শহরগুলোর মধ্যে শীর্ষে থাকা ঢাকার অবস্থান ৫৮৯তম। এরপর ক্রমান্বয়ে রয়েছে চট্টগ্রাম (৬৯৮তম), গাজীপুর (৮৭১তম), খুলনা (৯২২তম), সিলেট (৯৩৩তম), রাজশাহী (৯৪০তম), বগুড়া (৯৬৩তম), নারায়ণগঞ্জ (৯৬৫তম) এবং একদম তলানিতে কুমিল্লা (৯৭৪তম)। এই সূচকে ১০০ স্কোরের মধ্যে ঢাকার মান মাত্র ৪০। আবার এই মানদণ্ডে ময়মনসিংহের সূচক মান ১৮। এই চিত্র স্পষ্ট করে যে অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ বিপর্যয়ের সংকট এখন আর কেবল রাজধানীতে সীমাবদ্ধ নেই; বরং বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা শহর, মাঝারি শহর কিংবা সেকেন্ডারি শহরগুলোও একই বৃত্তে আটকা পড়েছে। ইট-পাথরের জঞ্জালে পরিণত হওয়া এসব শহরে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ও পরিবেশবান্ধব অবকাঠামো আজ সোনার হরিণে পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশকে বাসযোগ্য করতে হলে বড় মহানগরী থেকে শুরু করে প্রান্তিক জেলা শহর পর্যন্ত আমাদের নগর পরিকল্পনা, স্থাপত্যশৈলী, ভবন এবং অবকাঠামো নির্মাণের পুরো কৌশলে আমূল পরিবর্তন আনতে হবে।
নগর পরিকল্পনা ও স্থাপত্যের আন্তঃসম্পর্ক : খণ্ডিত চিন্তা থেকে সামগ্রিক দর্শন
আমাদের দেশে বড় একটি সংকট হলো- নগর পরিকল্পনা, স্থাপত্য ও নির্মাণকে আলাদা করে দেখা হয়। স্থপতিরা কেবল একটি নির্দিষ্ট জমি বা ভবনের নকশা নিয়ে ভাবেন, আর নগর পরিকল্পনাবিদরা পুরো শহরের ভূমি ব্যবহার ও অঞ্চল বিভাজন নিয়ে কাজ করেন। অথচ টেকসই নগরায়ণের মূল শর্তই হলো এই দুইয়ের মধ্যে নিবিড় সমন্বয়। একটি ভবন তার চারপাশের রাস্তার প্রশস্ততা, জলাধার, বাতাসের প্রবাহ এবং সূর্যের আলোর সঙ্গে কীভাবে খাপ খাওয়াবে, তা নির্ধারিত হতে হবে সামগ্রিক নগর মহাপরিকল্পনার আলোকে। প্রতিটি এলাকার ‘পরিকল্পিত জনসংখ্যা’ বা জনসংখ্যার ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে ভবনের উচ্চতা ও নাগরিক পরিষেবা নির্ধারণ না করলে সেই শহর কখনোই টেকসই হতে পারে না। শহরের স্তরভেদে পরিকল্পনা ও স্থাপত্যের ভিন্নতা বাংলাদেশের সব শহরের ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতা এক নয়। তাই ঢাকা-চট্টগ্রামের জন্য যে কাঠামো, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ বা গাইবান্ধা-শরীয়তপুরের জন্য তা হুবহু প্রযোজ্য হতে পারে না।
মহানগরী ঢাকা ও চট্টগ্রাম হচ্ছে বড় শহর। এসব শহরে জমির তীব্র সংকট ও জনঘনত্ব অত্যন্ত বেশি। এখানে নতুন করে পাশাপাশি সম্প্রসারণ বন্ধ করে কৃষিজমি ও জলাভূমি রক্ষা করতে হবে। পুরনো ও জরাজীর্ণ এলাকাগুলোতে ‘ভূমি পুনর্বিন্যাস’ বা ব্লকভিত্তিক উন্নয়নের মাধ্যমে বহুতল কিন্তু পরিবেশবান্ধব আবাসন গড়ে তুলতে হবে, যেখানে নিচে উন্মুক্ত স্থান, খেলার মাঠ এবং সবুজ চত্বর বজায় থাকবে। পাশাপাশি গণপরিবহনকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে, যাতে মেট্রোরেল বা বাস যাত্রাবিরতি স্থানের আশপাশে সাশ্রয়ী আবাসন ও কর্মসংস্থান গড়ে ওঠে।
আমাদের এর পরের স্তরের বিভাগীয় কিংবা বড় জেলা শহর যেমন খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া বা বরিশালের মতো শহর আছে। ঢাকার ওপর চাপ কমাতে এই শহরগুলোই আমাদের আগামীর ভরসা। এগুলো এখনও ঢাকার মতো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। তাই এখনই কঠোরভাবে জলাধার, খাল ও ফসলি জমি সংরক্ষণ করে সুনির্দিষ্ট মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এখানে বহুতল ভবনের চেয়ে মাঝারি উচ্চতার ভবন নির্মাণ করে প্রাণবন্ত ও সামাজিকভাবে যুক্ত পাড়া-মহল্লা গড়ে তোলা বেশি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।
এর পরের পর্যায়ে আছে অনেক জেলা ও পৌরসভাভিত্তিক সেকেন্ডারি শহর যেমনÑ কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গাইবান্ধা, নড়াইল বা সমপর্যায়ের শহর। এসব এলাকার নিজস্ব ভূ-প্রকৃতি এবং হাওর-বাঁওড়, নদী এবং ভূমির বৈশিষ্ট্য মাথায় রেখে এসব শহরের পরিকল্পনা করতে হবে। ঢাকার অনুকরণে এসব শহরে কাচঘেরা সুউচ্চ ভবন নির্মাণের আত্মঘাতী প্রবণতা বন্ধ করতে হবে। প্রাকৃতিক খাল ও জলাভূমিকে কেন্দ্র করে ‘জল ও সবুজের সংযোগ জালিকা’ গড়ে তুলতে হবে এবং স্থানীয় জলবায়ু উপযোগী স্থাপত্যশৈলীকে উৎসাহিত করতে হবে।
সাশ্রয়ী আবাসন ও অবকাঠামো নির্মাণের কৌশল : বিদেশি নির্মাণসামগ্রীর ওপর নির্ভরতা, বিলাসবহুল নকশা এবং পরিবেশবিরোধী নির্মাণপদ্ধতির কারণে আমাদের দেশে আবাসন অত্যন্ত ব্যয়বহুল। সাশ্রয়ী আবাসন ও অবকাঠামো নিশ্চিত করতে হলে নিচের বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি।
স্থানীয় ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী : পোড়ামাটির ইটের পরিবর্তে ফাঁপা ইট, ছাই থেকে তৈরি পরিবেশবান্ধব ইট, বাঁশ ও কাঠের ব্যবহার বাড়াতে হবে। এতে কৃষিজমির উর্বর মাটি রক্ষা পাওয়ার পাশাপাশি ভবনের ওজন কমায় ভিত্তি নির্মাণের খরচ ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে আসবে।
প্রকৃতি-অনুকূল নকশা ও জলবায়ু সংবেদনশীল স্থাপত্য : ভবনের নকশা এমন হতে হবে, যেন প্রাকৃতিক আলো ও বাতাসের অবাধ প্রবাহ থাকে। কাচের দেয়ালের পরিবর্তে রোদ-বৃষ্টি প্রতিরোধী ছাউনি, বারান্দা এবং অভ্যন্তরীণ উঠান রাখলে ভবনের ভেতরের তাপমাত্রা প্রাকৃতিকভাবেই ৪ থেকে ৫ ডিগ্রি কম থাকে, যা বিদ্যুৎ খরচ ও কার্বন নিঃসরণ বহুগুণ কমিয়ে দেয়।
পূর্ব-নির্মিত ও খণ্ডাংশ সংযোজন প্রযুক্তি : নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী আবাসন তৈরিতে কারখানায় আগে থেকে তৈরি করা খণ্ডাংশ সংযোজনের নির্মাণ প্রযুক্তি ব্যবহার করলে নির্মাণ সময় ও শ্রম ব্যয়- উভয়ই সাশ্রয় হয়।
অবকাঠামো নির্মাণে প্রকৃতিভিত্তিক সমাধান : রাস্তা ও হাঁটাপথে শতভাগ ঢালাইয়ের বদলে ছিদ্রযুক্ত ইট ব্যবহার করলে বৃষ্টির পানি সহজেই ভূগর্ভস্থ পানির স্তর পূর্ণ করতে পারবে। এ ছাড়া ব্যয়বহুল ঢাকনাযুক্ত নর্দমার বদলে প্রাকৃতিক খাল ও জলাধার সচল রাখলে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার বড় প্রকল্পের প্রয়োজন পড়বে না।
আর্থিক ও নীতিগত সহায়তা : সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে প্রয়োজন রাষ্ট্রীয় নীতিগত সহায়তা। খাসজমি বা পরিত্যক্ত রেলওয়ে ও শিল্পাঞ্চলের জমিতে ‘সামাজিক ভূমি ট্রাস্ট’ বা সমবায় ভিত্তিতে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্প গ্রহণ করা যেতে পারে। যেসব আবাসন নির্মাতা প্রতিষ্ঠান সবুজ ও সাশ্রয়ী ভবন নির্মাণ করবে, তাদের জন্য কর ছাড়, স্বল্প সুদে পরিবেশবান্ধব ঋণ এবং নাগরিক পরিষেবা সংযোগে অগ্রাধিকার দিতে হবে। অন্যদিকে জলাশয় ভরাট বা অপরিকল্পিত ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।
ভবন নির্মাণের ক্ষেত্রেও নতুন স্থাপত্যদর্শন প্রয়োজন। শুধু কংক্রিটের বহুতল ভবন নয়, বরং স্থানীয় জলবায়ু, আলো-বাতাস, প্রাকৃতিক উপকরণ, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরবিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়কে নকশার অংশ করতে হবে। বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় বারান্দা, উঠান, ছায়াযুক্ত চলাচলের স্থান এবং প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভবনের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, ভূমিকম্প সহনশীলতা এবং প্রতিবন্ধীবান্ধব প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি পরিবেশবান্ধব ভবন নির্মাণে প্রণোদনা দিতে হবে।
সাশ্রয়ী অবকাঠামো ও প্রকৃতিনির্ভর উন্নয়ন : সাশ্রয়ী অবকাঠামো মানে শুধু কম টাকায় রাস্তা, সেতু কিংবা ভবন নির্মাণ নয়; বরং নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং পরিবেশগত ক্ষতি মিলিয়ে পুরো জীবনচক্রের ব্যয় কমানো। প্রতিটি শহরে পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকর ড্রেনেজ, গণপরিবহন, ফুটপাত এবং স্থানীয় সড়কব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে।
ব্যয়বহুল ফ্লাইওভার বা বড় অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি, গণপরিবহন এবং হাঁটাচলার পরিবেশ উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে হবে। প্রাকৃতিক খাল, জলাধার, নদী ও নিম্নভূমিকে অবকাঠামোর অংশ হিসেবে বিবেচনা করতে হবে। কংক্রিটনির্ভর ড্রেনেজের পাশাপাশি জলাভূমি, পার্ক, জলধারণ এলাকা এবং প্রকৃতিনির্ভর পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এতে জলাবদ্ধতা কমবে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ হবে এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করবে।
সামাজিক ও পরিবেশগত ন্যায়বিচার : নগরায়ণ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা অবকাঠামোগত আধুনিকায়নের বিষয় নয়; এটি সামাজিক ও পরিবেশগত ন্যায়বিচারেরও বিষয়। ধনী মানুষের জন্য উন্নত আবাসন ও সবুজ পরিবেশ থাকবে, অথচ নিম্ন আয়ের মানুষকে জলাবদ্ধ, দূষিত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করতে হবেÑ এমন নগরায়ণ টেকসই হতে পারে না। শহরের পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। বস্তি উচ্ছেদ করে সমস্যার সমাধান না করে বিদ্যমান বসতিগুলোর উন্নয়ন, নিরাপদ আবাসন, পানি, স্যানিটেশন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
একটি শহর তখনই সফল হয়, যখন তা সমাজের সব শ্রেণির মানুষের জন্য সাশ্রয়ী, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বসবাসের সুযোগ তৈরি করে। ঢাকা থেকে গাইবান্ধা কিংবা চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জÑ আমাদের প্রতিটি শহরের পরিকল্পনায় প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি, ভূ-প্রকৃতি ও জলবায়ু এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতাকে কেন্দ্রবিন্দুতে রেখে ভবন ও অবকাঠামো নির্মাণ এবং শহরের সামগ্রিক পরিকল্পনা করতে হবে। কেবল তাহলেই আমাদের নগরগুলো হবে টেকসই, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক।
লেখক: নির্বাহী পরিচালক, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।