রাহাত হুসাইন
প্রকাশ : ২৩ মিনিট আগে
আপডেট : ২২ মিনিট আগে
অলংকরণ: জয়ন্ত সরকার
ইট, বালু, রড আর সিমেন্টের চিরচেনা নির্মাণশিল্পের চেহারা দ্রুত পাল্টে যাচ্ছে। একসময় ভবন নির্মাণের পুরো প্রক্রিয়া নির্ভর করত প্রকৌশলীর নকশা, রাজমিস্ত্রির অভিজ্ঞতা এবং শ্রমিকের শারীরিক শ্রমের ওপর। নির্মাণের আগে কাগজে নকশা তৈরি করা হতো।
নির্মাণ সাইটে গিয়ে মাপজোখ করে উপকরণের হিসাব তৈরি হতো। এ প্রক্রিয়ায় ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়াই ছিল প্রচলিত পদ্ধতি। কোথাও নকশার ভুল বা নির্মাণের অসংগতি ধরা পড়লে অনেক ক্ষেত্রে কাজের মাঝপথে পরিবর্তন আনতে হতো। এতে বাড়ত সময় ও ব্যয়। হতো উপকরণের অপচয়। এখন নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, অটোমেশন, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে নির্মাণ শুরুর আগেই সম্ভাব্য ভুল শনাক্ত করা যাচ্ছে। উপকরণের পরিমাণও নির্ধারণ হয়ে যাচ্ছে অটোমেশনে।
নির্মাণশিল্পে এই পরিবর্তনের অন্যতম বড় হাতিয়ার বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বিআইএম)। আগে ভবনের নকশা বলতে মূলত দ্বিমাত্রিক ড্রয়িং বোঝানো হতো। এখন রেভিটের মতো সফটওয়্যারে ভবনের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মডেল তৈরি করা হচ্ছে। এতে শুধু ভবনের অবয়ব নয়, দেয়াল, কলাম, বিম, পাইপলাইন, বৈদ্যুতিক সংযোগ ও নির্মাণসামগ্রীর বিস্তারিত তথ্যও যুক্ত করা যায়। ফলে নির্মাণ শুরুর আগেই স্থাপত্য, কাঠামো ও বিভিন্ন সেবাব্যবস্থার মধ্যে অসঙ্গতি শনাক্ত করা সম্ভব হয়। একই মডেল থেকে কংক্রিটের পরিমাণ, দেয়ালের আয়তন, দরজা-জানালার মাপ এবং প্রয়োজনীয় নির্মাণসামগ্রীর হিসাবও পাওয়া যায়। অর্থাৎ নির্মাণস্থলে গিয়ে সমস্যা সমাধানের পরিবর্তে আগেই পরিকল্পনার মাধ্যমে ভুল কমানোর সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশেও বড় ও পরিকল্পিত নির্মাণ প্রকল্পে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। স্থাপত্য নকশায় অটোক্যাড ও স্কেচআপ, কাঠামোগত বিশ্লেষণে ইট্যাবস, সেফ ও স্ট্যাড প্রো এবং প্রকল্পের সময়সূচি ও অগ্রগতি ব্যবস্থাপনায় মাইক্রোসফট প্রজেক্ট ও প্রিমাভেরার মতো সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। বড় প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়লেও পুরো নির্মাণশিল্পে এর প্রয়োগ এখনও সমানভাবে বিস্তৃত হয়নি।
এ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. আরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নির্মাণপ্রযুক্তি এখন শুধু ভবনের নকশা তৈরিতে সীমাবদ্ধ নেই। বিআইএমের মাধ্যমে নির্মাণসামগ্রীর বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়। সঠিকভাবে প্রয়োগ করলে কাজের গতি বাড়ে। একই সঙ্গে নির্মাণের বিভিন্ন পর্যায়ের সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত ও প্রশমনের সুযোগ তৈরি হয়। এতে পরিকল্পনা আরও নির্ভুল করা সম্ভব হয়।
নির্মাণের পরিকল্পনায় এখন গুরুত্ব পাচ্ছে ভবনের পরিবেশগত বৈশিষ্ট্যও। লেডিবাগ টুলসের মাধ্যমে সূর্যের তাপ, প্রাকৃতিক আলোর প্রবেশ, বায়ু চলাচল ও জ্বালানি দক্ষতা বিশ্লেষণ করা যায়। বাংলাদেশের মতো গরম ও আর্দ্র আবহাওয়ায় ভবনের কোন পাশে বেশি তাপ পড়ে, কোথায় ছায়ার ব্যবস্থা প্রয়োজন এবং কোন অভিমুখে ভবন নির্মাণ করলে তাপের প্রভাব কমবেÑ তা নকশার আগেই বিশ্লেষণ সম্ভব। ভবনের বাইরের অংশে লো-ই ও ডাবল গ্লেজড গ্লাস ব্যবহারের প্রবণতাও বাড়ছে। এসব কাচ তাপের প্রবেশ ও স্থানান্তর কমাতে সহায়তা করে। ফলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ওপর চাপ কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের সুযোগ তৈরি হয়।
নির্মাণসামগ্রী ও মাটি পরীক্ষায় প্রযুক্তি
ভবনের নকশার পাশাপাশি নির্মাণের উপকরণ ও মাটির গুণগত মান যাচাইয়েও আধুনিক পরীক্ষাপ্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আগে অনেক ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে উপকরণের মান যাচাই করা হতো। এখন বিশেষায়িত যন্ত্রের সাহায্যে রড, সিমেন্ট, ইট, বালু ও পাথরের বিভিন্ন ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য নির্ণয় করা সম্ভব হচ্ছে। রডের টান সহনক্ষমতা, নমনীয়তা ও প্রসারণ পরীক্ষা করা হয় ইউনিভার্সাল টেস্টিং মেশিনে। সিমেন্টের সূক্ষ্মতা, জমাট বাঁধার সময় ও শক্তি নির্ণয়ে ব্যবহৃত হয় ব্লেইন অ্যাপারেটাস, ভিকেট অ্যাপারেটাস ও কম্প্রেশন টেস্টিং মেশিন। ইট ও কংক্রিট ব্লকের চাপ সহনক্ষমতা এবং পানি শোষণের হারও পরীক্ষাগারে নির্ণয় করা যায়। অন্যদিকে বালু ও পাথরের দানার আকার, ঘনত্ব, আর্দ্রতা ও ক্ষয় প্রতিরোধক্ষমতা যাচাইয়ে ব্যবহার করা হয় বিভিন্ন পরীক্ষাযন্ত্র।
ভবন নির্মাণের আগে মাটির বৈশিষ্ট্য নির্ণয়েও রয়েছে বিশেষায়িত প্রযুক্তি। মাটির নিচের বিভিন্ন স্তরের অবস্থা ও ভিত্তি নির্মাণের উপযোগিতা যাচাইয়ে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট (এসপিটি) এবং কোন পেনিট্রেশন টেস্ট (সিপিটি) করা হয়। এ ছাড়া মাটির আর্দ্রতা, ঘনত্ব, সংকোচন ও ভার বহনক্ষমতা নির্ণয়ে রয়েছে বিভিন্ন পরীক্ষাপদ্ধতি। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভবনের ভিত্তির ধরন ও নকশা নির্ধারণ করেন প্রকৌশলীরা। ফলে নির্মাণের শুরুতেই মাটির দুর্বলতা ও উপকরণের ত্রুটি শনাক্ত করে কাঠামোগত ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হচ্ছে।
কাঠামোর মান যাচাই ও ভবন ব্যবস্থাপনায় অটোমেশন
প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে নির্মাণের গুণগত মান যাচাইয়ে। আগে ঢালাই করা কলাম, বিম বা ছাদের ভেতরে রডের অবস্থান জানতে কাঠামোর অংশবিশেষ ভাঙতে হতো। এখন রিবার স্ক্যানারের মাধ্যমে কংক্রিট না ভেঙেই রডের অবস্থান, দূরত্ব ও আনুমানিক ব্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। পুরনো ভবনের কাঠামোগত অবস্থা মূল্যায়নেও এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কংক্রিটের প্রকৃত শক্তি নির্ণয়ে কোর কাটিং পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে কম্প্রেসিভ স্ট্রেংথ পরীক্ষা করা হয়। দেয়ালে রঙ করার আগে আর্দ্রতার পরিমাণ নির্ণয়েও ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ময়েশ্চার মিটার। এতে কাঠামোর ত্রুটি শনাক্ত করতে অপ্রয়োজনীয় ভাঙচুর কমানো সম্ভব হচ্ছে।
নির্মাণের পর ভবন পরিচালনার পদ্ধতিও বদলে যাচ্ছে। আগে বিদ্যুৎ, আলো, শীতাতপ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থার জন্য আলাদা ব্যবস্থাপনার প্রয়োজন হতো। এখন বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের (বিএমএস) মাধ্যমে একটি নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব ব্যবস্থা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। নাম প্রকাশ না করার শর্তে গণপূর্ত অধিদপ্তরের একজন নির্মাণ প্রকৌশলী জানান, ঢাকার অফিসার্স ক্লাবে এ ধরনের অটোমেশন ব্যবস্থা রয়েছে। মোশন সেন্সরের মাধ্যমে মানুষের উপস্থিতি শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী বাতি জ্বালানো ও নেভানো যায়। কক্ষের তাপমাত্রা অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থাও সমন্বয় করা সম্ভব।
বড় অফিস, মার্কেট ও বাণিজ্যিক ভবনে ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো (ভিআরএফ) এবং চিলার প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ভিআরএফ ব্যবস্থায় একাধিক কক্ষের তাপমাত্রা পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে চিলার প্রযুক্তিতে পানি শীতল করে ভবনের বিভিন্ন অংশে শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়। পার্কিং ব্যবস্থাপনাতেও যুক্ত হয়েছে অটোমেশন। সেন্সরের মাধ্যমে খালি পার্কিং স্লট শনাক্ত করে ডিজিটাল পর্দায় দেখানো সম্ভব। লিফটে যুক্ত হচ্ছে অটোমেটিক রেসকিউ ডিভাইস (এআরডি), যা বিদ্যুৎ চলে গেলে লিফটকে কাছের তলায় নামিয়ে দরজা খুলে দেয়। পাশাপাশি স্মার্ট অগ্নিনিরাপত্তা ও সিসিটিভি ব্যবস্থা ভবনের নিরাপত্তা ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করছে।
কারখানাভিত্তিক উৎপাদন ও রোবোটিকস
নির্মাণের গতি বাড়াতে কারখানাভিত্তিক উৎপাদনও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রচলিত পদ্ধতিতে নির্মাণস্থলে রড বাঁধাই ও কংক্রিট ঢালাই করতে হতো। এখন কারখানায় তৈরি প্রি-কাস্ট কংক্রিটের বিভিন্ন অংশ প্রকল্পস্থলে এনে স্থাপন করা যায়। সেতু ও উড়ালসড়কের মতো অবকাঠামোতে এ পদ্ধতি কার্যকর। অনেক প্রকল্পে নির্মাণস্থলে কংক্রিট তৈরির পরিবর্তে কারখানায় প্রস্তুত রেডিমিক্স কংক্রিট সরবরাহ করা হচ্ছে। এতে উপকরণ নির্ধারিত অনুপাতে মেশানো এবং গুণগত মান নিয়ন্ত্রণ সহজ হয়। মাটি কাটার মতো শ্রমসাধ্য কাজেও এক্সকাভেটরের মতো ভারী যন্ত্র ব্যবহৃত হচ্ছে। পরিবেশ রক্ষায় পোড়ানো ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহারও বাড়ছে।
নির্মাণশিল্পে প্রযুক্তির সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হচ্ছে রোবোটিকসের ব্যবহার। উন্নত বিশ্বের বিভিন্ন নির্মাণ প্রকল্পে ইটের দেয়াল নির্মাণ, প্লাস্টার, রঙ করা, কংক্রিট ঢালাই ও নির্মাণসামগ্রী পরিবহনের মতো কাজে রোবট ব্যবহৃত হচ্ছে। কোথাও কোথাও থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে নির্মাণ উপাদান ও ভবনের অংশ তৈরি করা হচ্ছে। এতে নির্দিষ্ট মাপে কাজ সম্পন্ন করা এবং শ্রমিকের ঝুঁকিপূর্ণ কাজ কমানোর সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশে অবশ্য নির্মাণস্থলের এসব কাজে এখনও শ্রমিকের ওপর নির্ভরতা বেশি। শ্রমের খরচ তুলনামূলক কম, আধুনিক যন্ত্রপাতিতে প্রাথমিক বিনিয়োগের চাপ এবং দক্ষ জনবলের অভাবে রোবোটিকসের ব্যবহার এখনও বিস্তৃত হয়নি। তবে কারখানাভিত্তিক কিছু কাজে অটোমেশন চালু হয়েছে। কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিনে নকশা যুক্ত করলে ধাতব শিট স্বয়ংক্রিয়ভাবে কাটা যায়। এতে নির্ভুলতা বাড়ে, সময় কম লাগে এবং উপকরণের অপচয় কমানো সম্ভব হয়।
প্রযুক্তির বিস্তারে চ্যালেঞ্জ দক্ষতা ও বিনিয়োগ
বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. মো. আলী আফজল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেশের বড় ও পরিকল্পিত আবাসন প্রকল্পগুলোতে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। স্থাপত্য নকশায় অটোক্যাড ও স্কেচআপ, কাঠামোগত বিশ্লেষণে ইট্যাবস, সেফ ও স্ট্যাড-প্রো এবং প্রকল্প ব্যবস্থাপনায় এমএস প্রজেক্ট ও প্রিমাভেরার মতো সফটওয়্যার নিয়মিত ব্যবহৃত হচ্ছে। তবে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি আবাসন প্রতিষ্ঠানের মধ্যেও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি। আধুনিক যন্ত্রপাতি ও সফটওয়্যার ব্যবহারের জন্য প্রশিক্ষিত প্রকৌশলী এবং কারিগরি জনবল প্রয়োজন। পাশাপাশি নির্মাণপ্রক্রিয়ায় প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
নির্মাণশিল্পের এই পরিবর্তন শুধু নতুন যন্ত্রপাতি বা সফটওয়্যার ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে বদলাচ্ছে প্রকৌশলীর কাজের ধরন, নির্মাণসামগ্রী ব্যবহারের পদ্ধতি, শ্রমিকের দক্ষতার চাহিদা এবং প্রকল্প ব্যবস্থাপনা। ভবিষ্যতে ড্রোন দিয়ে নির্মাণকাজ পর্যবেক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকশা ও ঝুঁকি বিশ্লেষণ, রোবোটিকসের মাধ্যমে স্বয়ংক্রিয় নির্মাণ এবং থ্রিডি প্রিন্টিংয়ের ব্যবহার আরও বাড়তে পারে।