প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১০:২১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:২২ পিএম
নিজেই কিছু একটা করতে হবে- এই ধারণাকে সামনে রেখে চাকরি ছেড়ে ব্যবসা দাঁড় করানোর সিদ্ধান্ত নেন ঢাকার মিরপুরের বাসিন্দা সোমা আক্তার। পরিকল্পনা অনুযায়ী গত দুই বছরে ধীরে ধীরে গড়ে তুলেছেন ঘর সাজানো ও গিফট আইটেমের একটি অনলাইন শপ। গত দুই ঈদে বেশ ভালো বেচা-বিক্রিও হয়।
তিনি বলেন, ‘ব্যবসা থেকে যে আয় আসছে তা দিয়েই ব্যবসা বড় করতে চাই, একই সঙ্গে ভবিষ্যতে ব্যবসার ঝুঁকি মোকাবিলাতো আছেই। এ কারণে আয় থেকে খরচ বাদ দিয়ে যা থাকছে তা এককালীন স্বল্প মেয়াদে জমানোর চেষ্টা করছি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা তুলনা করে মনে হলো সবচেয়ে সহজে এবং কম সময়ে এফডিআর খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে। তাই বিকাশ অ্যাপ থেকে আইডিএলসি ফাইন্যান্স ছয় মাস ও এক বছর মেয়াদের দুটি এফডিআর করেছি। প্রয়োজন হয়নি কোনো কাগজপত্র, ছবি বা এনআইডি।’
এদিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী তাহমিদুল ইসলাম দুই বছর ধরে বিকাশের ডিপিএস সেবা ব্যবহার করে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন একটি ব্যাংকে। সম্প্রতি ডিপিএসটির মেয়াদপূর্তি হয়েছে, তবে তাৎক্ষণিক খরচের প্রয়োজনীয়তা না থাকায় সেই অর্থ দিয়ে কি করবেন সেটি চিন্তা করছিলেন এই তরুণ।
তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রয়োজন না হলেও আগামী বছর ছোট ভাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিছু টাকা দরকার হবে। তাই ডিপিএসের টাকা খরচ না করে বিকাশ অ্যাপ থেকেই ইস্টার্ন ব্যাংকে এফডিআর খুলেছি।’
গ্রাহকদের সঞ্চয় পরিকল্পনায় বৈচিত্র্য আনতে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশে সম্প্রতি যুক্ত হয়েছে ইস্টার্ন ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সের ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট) সেবা। ফলে এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই সুবিধাজনক সময়ে ঘরে বসেই এফডিআর করে ফেলতে পারছেন।
এফডিআর কী? কেন খুলবেন?
এফডিআর হলো এমন একটি সেভিংস সেবা, যেখানে এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখা হয়। এই সময়ের মধ্যে জমাকৃত টাকার ওপর প্রযোজ্য হারে মুনাফা যুক্ত হয়। ডিপিএসের ক্ষেত্রে যেমন সপ্তাহে বা মাসে নির্দিষ্ট সময় পরপর টাকা জমা দিতে হয়, সেখানে এফডিআরের ক্ষেত্রে পুরো অর্থ জমা করতে হয় এককালীন। সাধারণত প্রয়োজনীয় খরচ শেষে হাতে যদি কিছু টাকা উদ্বৃত্ত থাকে এবং শীঘ্রই খরচের সম্ভাবনা নেই, এমন অর্থ এফডিআরে রাখা সুবিধাজনক।
বর্তমানে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। দুটি প্রতিষ্ঠানেই এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া বিকাশ অ্যাপেই সম্পন্ন করা যাচ্ছে।
উল্লেখ্য গত প্রায় পাঁচ বছর ধরে গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে ছয় ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খুলতে পারছেন। সেই ধারাবাহিকতায় এবার গ্রাহকদের জন্য এফডিআরের মাধ্যমে এককালীন, নিরাপদ সঞ্চয়ের সুযোগও তৈরি হলো।
বিকাশ অ্যাপ এফডিআর খোলার পদ্ধতি
শুরুতেই বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে প্রবেশ করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করতে হবে। এরপর সেভিংস স্কিমের তালিকা থেকে ‘এফডিআর (ফিক্সড ডিপোজিট)’ অপশনটি বেছে নিতে হবে।
নিজের আর্থিক পরিকল্পনা অনুযায়ী সুবিধাজনক মেয়াদ (৬ মাস বা ১২ মাস), জমার পরিমাণ (ন্যূনতম ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা) এবং কীভাবে মুনাফা পেতে চান, তা নির্ধারণ করতে হবে।
পরের ধাপে পছন্দের পার্টনার ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করলে একটি পপ-আপ আসবে, যেখানে মেয়াদ শেষে অটো রিনিউ অপশনটি চালু বা বন্ধ করা যাবে।
এবার নমিনির তথ্য ও বিকাশ নম্বর দিয়ে পুরো আবেদনের তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নিতে হবে। তারপর অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করে বিকাশ পিন দিলেই এফডিআরের আবেদন সম্পন্ন হয়ে যাবে। এফডিআর সফলভাবে চালু হলে গ্রাহক পেয়ে যাবেন নিশ্চিতকরণ মেসেজ। উল্লেখ্য মেয়াদ শেষে মুনাফাসহ এফডিআরের মূল টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে, যা ক্যাশ আউট করা যাবে কোনো চার্জ ছাড়াই।