সঞ্চয় শুধু ভবিষ্যতের জন্য কিছু অর্থ জমিয়ে রাখা নয়; এটি আর্থিক নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা ও অর্থনৈতিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ছোটবেলা থেকেই পরিবারে সঞ্চয়ের শিক্ষা দেওয়া হয়। হাতখরচের কিছু টাকা জমিয়ে রাখা কিংবা প্রয়োজনের বাইরে ব্যয় না করার অভ্যাস থেকেই শুরু হয় ভবিষ্যতের জন্য প্রস্তুতি।
ব্যক্তির এই ছোট উদ্যোগ বৃহত্তর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঞ্চয়ের গুরুত্ব ব্যক্তি থেকে জাতীয় অর্থনীতিতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক সঞ্চয় দিবস, যা বিশ্ব সঞ্চয় দিবস নামেও পরিচিত।
প্রতি বছর ৩১ অক্টোবর দিবসটি পালিত হয়। এর সূচনা প্রায় এক শতাব্দী আগে, ইউরোপের ব্যাংকিং খাতের একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে। সময়ের সঙ্গে সঞ্চয়ের ধারণা বদলেছে, বদলেছে অর্থ জমা রাখার মাধ্যমও। একসময় ঘরে কয়েন জমিয়ে রাখা কিংবা ব্যাংকের পাসবইয়ে সঞ্চয়ের হিসাব রাখাই ছিল পরিচিত চিত্র। এখন সেই জায়গায় যুক্ত হয়েছে ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা ও অনলাইন লেনদেন। তবে মাধ্যম যতই বদলাক, ভবিষ্যতের প্রয়োজন মেটাতে পরিকল্পিতভাবে অর্থ সঞ্চয়ের গুরুত্ব রয়ে গেছে আগের মতোই।
মিলান সম্মেলনে যে উদ্যোগের জন্ম
আন্তর্জাতিক সঞ্চয় দিবসের ইতিহাস জানতে ফিরে যেতে হবে ১৯২৪ সালে। ওই বছরের ৩১ অক্টোবর ইতালির মিলানে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসের শেষ দিনে দিবসটি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে ২৭টি দেশের প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল, ব্যক্তিগত ও জাতীয় অর্থনীতিতে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
ইতালীয় অধ্যাপক ফিলিপ্পো রাভিজ্জা (Filippo Ravizza) দিবসটিকে আন্তর্জাতিক সঞ্চয় দিবস হিসেবে ঘোষণার সঙ্গে যুক্ত ছিলেন। সম্মেলন থেকে ‘ওয়ার্ল্ড থ্রিফট ডে’ বা বিশ্ব মিতব্যয়িতা দিবসের ধারণা প্রতিষ্ঠা পায়, যা পরবর্তী সময়ে ‘ওয়ার্ল্ড সেভিংস ডে’ বা বিশ্ব সঞ্চয় দিবস নামে পরিচিত হয়। এই উদ্যোগের সঙ্গে সঞ্চয় ব্যাংকগুলোর আন্তর্জাতিক সহযোগিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ইতিহাসও জড়িয়ে আছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড সেভিংস অ্যান্ড রিটেইল ব্যাংকিং ইনস্টিটিউট (ডব্লিউএসবিআই) নামে পরিচিত।
দিবসটি চালুর পেছনে একটি বাস্তব প্রয়োজন কাজ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। ব্যাংকে অর্থ জমা রাখা, ভবিষ্যতের জন্য অর্থ সংরক্ষণ এবং দায়িত্বশীলভাবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়ে। তাই সঞ্চয়কে শুধু ব্যক্তিগত অভ্যাস হিসেবে নয়, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক কল্যাণের সহায়ক হিসেবেও তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।
কেন প্রয়োজন হয়েছিল সঞ্চয় দিবস
বিশ্ব সঞ্চয় দিবসের অন্যতম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ব্যাংকে অর্থ জমা রাখতে উৎসাহিত করা এবং সঞ্চয় ব্যাংকের প্রতি আস্থা বাড়ানো। একই সঙ্গে মানুষকে বোঝানো যে, আয় থেকে নিয়মিত কিছু অর্থ আলাদা করে রাখার অভ্যাস ব্যক্তিগত সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে।
তখন সঞ্চয়ের প্রচার শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্কুল-কলেজ, কর্মক্ষেত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সমিতির মাধ্যমেও সঞ্চয়ের ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। শিশু-কিশোরদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছিল। কারণ ছোটবেলা থেকে অর্থের মূল্য বোঝা, প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্য করা এবং পরিকল্পনা অনুযায়ী ব্যয় করার অভ্যাস ভবিষ্যতের আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে।
প্রাথমিক পর্যায়ে ইতালি, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, কিউবা, কলম্বিয়াসহ বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হতে শুরু করে। পরে বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সঞ্চয় সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি গ্রহণ করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৩১ অক্টোবর দিবসটি উপলক্ষে প্রচার, আর্থিক শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
সঞ্চয়ের ধারণা বদলেছে, গুরুত্ব নয়
১৯২৪ সালে যখন দিবসটির সূচনা হয়, তখন ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া কিংবা ঘরে সঞ্চয়পত্রে কয়েন রাখার মতো প্রচলিত পদ্ধতিই ছিল বেশি পরিচিত। সময়ের সঙ্গে আর্থিক সেবার পরিধি বেড়েছে। ব্যাংক হিসাবের পাশাপাশি মোবাইল আর্থিক সেবা, ডিজিটাল লেনদেন এবং অনলাইন ব্যাংকিং অর্থ জমা রাখা ও ব্যবস্থাপনার নতুন সুযোগ তৈরি করেছে। এতে অনেক মানুষের জন্য আর্থিক সেবায় প্রবেশ সহজ হয়েছে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে নিরাপত্তা, আর্থিক প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতা এবং সেবার খরচ সম্পর্কে সচেতন থাকাও জরুরি।
এখন সঞ্চয়ের প্রয়োজনীয়তা কেবল ব্যক্তিগত বিপদ মোকাবিলায় সীমাবদ্ধ নয়। পরিবারের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অবসরজীবন কিংবা ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নেও সঞ্চয় গুরুত্বপূর্ণ। অন্যদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সংগৃহীত আমানত যথাযথ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। এতে উৎপাদনশীল কর্মকাণ্ডের অর্থায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার সুযোগ তৈরি হয়।
তবে সঞ্চয়ের সুফল পেতে হলে শুধু টাকা জমালেই চলবে না; অর্থের নিরাপত্তা, মূল্যস্ফীতির প্রভাব এবং ভবিষ্যতে সেই অর্থের ব্যবহার নিয়েও ভাবতে হবে। একই সঙ্গে আর্থিক সেবায় মানুষের অন্তর্ভুক্তি বাড়ানো, সহজে ব্যাংক হিসাব খোলার সুযোগ তৈরি এবং অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা দেওয়াও গুরুত্বপূর্ণ।
শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক
২০২৪ সালে বিশ্ব সঞ্চয় দিবসের শতবর্ষ পূর্ণ হয়েছে। এক শতাব্দী আগে মিলানের সম্মেলনে যে ধারণার সূচনা হয়েছিল, তার মূল বার্তা আজও প্রাসঙ্গিকÑ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। তবে বর্তমান বাস্তবতায় এই বার্তার সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল আর্থিক সেবা, আর্থিক অন্তর্ভুক্তি ও সঞ্চয়কারীদের অর্থের নিরাপত্তার মতো বিষয়।
আন্তর্জাতিক সঞ্চয় দিবস তাই নিছক একটি আনুষ্ঠানিক দিবস নয়। এটি ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাব রাখা, সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করা এবং ভবিষ্যতের প্রয়োজন সম্পর্কে সচেতন হওয়ার কথা মনে করিয়ে দেয়। আয় কম হোক বা বেশি, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস আর্থিক পরিকল্পনাকে সুসংগঠিত করতে পারে। আর ব্যক্তি পর্যায়ে এমন অভ্যাসের বিস্তারই একটি সঞ্চয়বান ও আর্থিকভাবে সচেতন সমাজ গঠনের ভিত্তি তৈরি করে।