× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের ছোট সঞ্চয়ে বড় আশা

আরফাতুন নাবিলা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:১৯ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:২৪ পিএম

নারীদের ছোট সঞ্চয়ে বড় আশা

স্কুলে পড়ার সময় বাবাকে যখন বলতাম একটা গল্পের বই কিনব, প্রায়ই বাবা না করে দিতেন। একে তো সংসারের হাজারটা খরচ, তার ওপর বই পড়তে গিয়ে স্কুলের পড়ার ক্ষতি। এসব ভেবেই বাবা সেভাবে বাড়তি টাকা খরচ করতে চাইতেন না। স্কুলের অন্য বন্ধুরা যখন পছন্দের লেখকের বই এনে সবাইকে দেখাত মন খানিকটা খারাপ হতো বৈকি।

এই মন খারাপের কথা মা বোধহয় বুঝতে পারতেন বরাবরই। তাইতো কোনো এক সকালে স্কুলে যাওয়ার সময় ব্যাগের পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে বলতেন, বইটা কিনে নিস। চাকরি না করা মা সেই সময় কীভাবে এই বাড়তি টাকা সংসারের খরচ থেকে জমিয়ে রাখতেন সেটা আমার বরাবরই বিস্ময়ের ছিল।

খালাকে দেখতাম বাসাতে কেউ যখনই যেত, ফেরার সময় হাতে কিছু টাকা গুঁজে দিতেন। ঈদে কাউকে সালামি দেওয়া বা মসজিদ-মাদ্রাসায় টাকা দেওয়াÑ সব-ই কীভাবে যেন আমার খালা হিসাব করে দিয়ে দিতেন। অথচ যে মানুষটি কখনও বিশ্ববিদ্যালয়ে যাননি, চাকরি করেননি, বাইরের জগৎ সম্পর্কে যার জানার দুনিয়া খুবই স্বল্পÑ সেই মানুষটি প্রায়ই হয়ে উঠতেন পরিবারের কারও না কারও বিপদে রক্ষাকর্তা।

সংসারের খরচ থেকে একটু একটু করে আলাদা করে রাখা এই সঞ্চয় শুধু আমার মা-খালাদের গল্প নয়। বাংলাদেশের প্রায় প্রতি ঘরেই এই চিত্র খুঁজলেই পাওয়া যাবে। যে বয়সে লেখাপড়া করার কথা, চাকরি করার কথা সে বয়সেই হয়তো তাদের দায়িত্ব নিতে হয়েছে পুরো পরিবারের, সংসারের, সন্তানদের। আলাদাভাবে চাকরি বা ব্যবসা করে সঞ্চয়ের কথা তারা সেভাবে ভাবেননি কখনও। কিন্তু এই সঞ্চয়ের খাতাও কখনও বন্ধ হয়নি।

সঞ্চয়ের এই গল্প যদি তাদের কাছে কখনও জানতে চান, দেখবেন তারা খুব খুশি হয়ে জবাব দিচ্ছে এমন না। এগুলো তাদের মন খারাপের কথাই মনে করিয়ে দেয়। চালের ড্রামে, বিস্কুটের কৌটায়, মসলার কৌটার আড়ালে, গয়নার বাক্সের মাঝে ৫-১০-৫০-৫০০ টাকা আলাদা করে সঞ্চয় করে রাখতেন তারা। হুট করে কারও জন্য কিছু কিনতে হলে, বাবার হাতে মাস শেষে টাকা না থাকলে, সন্তান ঘর ছেড়ে বাইরে গেলে এই স্বল্প সঞ্চয় তারা নির্দ্বিধায় হাতে তুলে দেন। অন্যকে দিতে পারাই যেন তাদের সার্থকতা।

নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারেও এমন সঞ্চয়ের অনেক গল্প আছে। রহিমা বেগম তিন বাসায় কাজ করেন সারা দিনে। সব মিলিয়ে মাসে তার ইনকাম ১২ হাজার টাকা। দিনমজুর স্বামী জসীম হয়তো মাসশেষে নিয়ে আরও হাজার দশেক। এই দুই মিলিয়ে তাদের যা হয় তাই দিয়ে সংসার চালাতে বেশ হিমশিম খেতে হয়। তবু বাবার অসুস্থতায় চিকিৎসা করতে না পারায় যেদিন তিনি মারা গেলেন, সেদিন থেকে রহিমা মনে মনে স্থির করেছিলেন যত কষ্ট হোক কিছু টাকা তিনি জমাবেন যেন নিজেদের অসুস্থতায় খরচ করা যায়। আজ প্রায় দুই বছর ধরে দিন ৫০/১০০ টাকা করে তিনি জমাচ্ছেন। জসীম এখনও জানেন না সেটা। যখন জানবেন তখন হয়ত অবাকই হবেন।

এমন অনেক নারী আছেন যারা একটু একটু করে জমিয়ে জমি কিনেছেন, নিজেরা চাষ করছেন, ছোট চায়ের দোকান বা নতুন কোনো উদ্যোগ শুরু করেছেন। নারীদের সঞ্চয়ের প্রতি উৎসাহী করে তুলতে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) যৌথভাবে, সুইডেন সরকার এবং বেসরকারি খাতের অংশীদার ম্যারিকো বাংলাদেশের সহযোগিতায় ‘স্বপ্ন’ প্রকল্প বাস্তবায়ন করছে। ইতোমধ্যে এই প্রকল্পের আওতাধীন সমষ্টিগত সঞ্চয় উদ্যোগ ‘মুষ্টি চাল’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক, সীমান্ত ব্যাংকসহ বেশকিছু ব্যাংক বর্তমানে নারীদের সঞ্চয় সহায়তা দিচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা