ড. সিফাত ই রাব্বানী
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১২:৫৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১১:৫২ এএম
ড. সিফাত ই রাব্বানী
একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন- স্তন ক্যানসারের কারণে যেন অকালে থেমে না যায়। একজন মায়ের সুস্থতা, একজন স্ত্রীর হাসি কিংবা একজন মেয়ের ভবিষ্যৎ রক্ষায় সচেতনতার গুরুত্ব অপরিসীম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা IARC-এর GLOBOCAN ২০২২-এর তথ্য অনুযায়ী, বিশ্বে ২০২২ সালে প্রায় ২৩ লাখ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬ লাখ ৬৬ হাজার মানুষ এ রোগে মৃত্যুবরণ করেছেন। এশিয়াতেই শনাক্ত হয়েছেন প্রায় ৯ লাখ ৯০ হাজার নতুন রোগী এবং মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ১৫ হাজার মানুষের। নারীদের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসার এই স্তন ক্যানসার। অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। তবে এই রোগ মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। সময়মতো শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা এবং সচেতনতাই পারে অসংখ্য জীবন বাঁচাতে। তাই ভয় নয়, লজ্জা নয়- স্তন ক্যানসার সম্পর্কে জানুন, সচেতন হোন এবং অন্যকেও সচেতন করুন।
কারা বেশি ঝুঁকিতে এবং কেন হয়?
স্তন ক্যানসার যেকোনো বয়সে হতে পারে, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষ করে ৪০ বছর বয়সের পর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। যদিও নারীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়, পুরুষরাও স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। বয়স বৃদ্ধি, পারিবারিক ইতিহাস, BRCA1 ও BRCA2 জিনের বংশগত পরিবর্তন, স্থূলতা, শারীরিক পরিশ্রমের অভাব, অল্প বয়সে মাসিক শুরু হওয়া, দেরিতে মেনোপজ এবং কিছু হরমোনভিত্তিক চিকিৎসা (জন্ম নিয়ন্ত্রণ পিল) ঝুঁকি বাড়াতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে রোগটির সুনির্দিষ্ট কারণ জানা যায় না।
যেসব লক্ষণ অবহেলা করা যাবে না
স্তনে নতুন কোনো ব্যথাহীন চাকা বা পিণ্ড, বগলে গিঁট, স্তনের আকার বা আকৃতির পরিবর্তন, ত্বক কুঁচকে যাওয়া বা কমলার খোসার মতো দেখানো, স্তনবৃন্ত ভেতরে ঢুকে যাওয়া, স্তনবৃন্ত থেকে রক্তমিশ্রিত বা অস্বাভাবিক তরল বের হওয়া কিংবা স্তনের ত্বকে ক্ষত, লালচে ভাব বা অস্বাভাবিক পরিবর্তনÑ এসব স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে।
রোগ নির্ণয় ও পর্যায় নির্ধারণ
স্তন ক্যানসার নির্ণয়ে চিকিৎসকের মাধ্যমে স্তন ও বগল পরীক্ষা, বয়স ও পরিস্থিতি অনুযায়ী আলট্রাসনোগ্রাম এবং ম্যামোগ্রাফি গুরুত্বপূর্ণ। সন্দেহজনক অংশ থেকে বায়োপসির মাধ্যমে টিস্যু সংগ্রহ করে পরীক্ষা করাই ক্যানসার নিশ্চিত করার প্রধান পদ্ধতি। ক্যানসার শনাক্ত হলে ER, PR ও HER2 পরীক্ষার মাধ্যমে রোগের ধরন নির্ধারণ করা হয়। রোগ কতটা ছড়িয়েছে তা বোঝার জন্য প্রয়োজন অনুযায়ী CT scan, MRI, PET-CT বা অন্যান্য পরীক্ষা করা হতে পারে। সবার সব পরীক্ষা প্রয়োজন হয় না; রোগের অবস্থা অনুযায়ী চিকিৎসক সিদ্ধান্ত নেন।
চিকিৎসা ও স্তন সংরক্ষণকারী অস্ত্রোপচার
স্তন ক্যানসারের চিকিৎসা নির্ভর করে রোগের পর্যায়, ক্যানসারের ধরন এবং রোগীর শারীরিক অবস্থার ওপর। চিকিৎসার মধ্যে রয়েছে অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি এবং টার্গেটেড থেরাপি। কিছু রোগীর ক্ষেত্রে ইমিউনোথেরাপিও প্রয়োজন হতে পারে।
স্তন ক্যানসার হলেই কি স্তন ফেলে দিতে হবে?
স্তন ক্যানসার হলেই পুরো স্তন অপসারণ করতে হবে- এ ধারণা সঠিক নয়। উপযুক্ত প্রাথমিক পর্যায়ের অনেক রোগীর ক্ষেত্রে স্তন সংরক্ষণকারী অস্ত্রোপচার (Breast-Conserving Surgery) করা সম্ভব। এ পদ্ধতিতে ক্যানসারযুক্ত অংশের সঙ্গে প্রয়োজনীয় নিরাপদ সীমানার টিস্যু অপসারণ করে স্তনের অধিকাংশ অংশ অক্ষত রাখা হয়। সাধারণত এর সঙ্গে রেডিওথেরাপি প্রয়োজন হয়। তবে সবার জন্য এই পদ্ধতি উপযুক্ত নয়; রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক সিদ্ধান্ত নেবেন।
স্তন পুনর্গঠন : নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ
কোনো কারণে পুরো স্তন অপসারণ (মাস্টেকটমি) করতে হলে হতাশ হওয়ার কিছু নেই। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে স্তন পুনর্গঠন (Breast Reconstruction) সার্জারির মাধ্যমে অপসারিত স্তনের আকৃতি পুনরায় তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে শরীরের নিজস্ব টিস্যু অথবা ইমপ্লান্ট ব্যবহার করা যেতে পারে। উপযুক্ত রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের সময়ই অথবা পরবর্তী সময়ে এই পুনর্গঠন করা যায়। এটি শুধু শরীরের আকৃতি ফিরিয়ে আনার বিষয় নয়, বরং অনেক নারীর আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও মানসিক সুস্থতা ফিরে পেতেও সহায়তা করে।
নিজেই চিনুন
প্রতি মাসে একবার মাসিক শেষ হওয়ার পরের কয়েক দিনে স্তন পরীক্ষা করা সুবিধাজনক; মেনোপজ হয়ে গেলে মাসের একটি নির্দিষ্ট দিন বেছে নেওয়া যায়। আয়নার সামনে দাঁড়িয়ে দুই স্তনের আকার, আকৃতি, ত্বক ও স্তনবৃন্তের কোনো পরিবর্তন ও বগল আলতোভাবে অনুভব করে নতুন চাকা, পুরু অংশ বা অন্য কোনো অস্বাভাবিকতা আছে কি না খেয়াল করুন। কোনো পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
স্তন ক্লিনিক
দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে স্তন ক্লিনিক রয়েছে, যেখানে বিনামূল্যে বা স্বল্প খরচে স্তন পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। স্তনে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালের স্তন ক্লিনিকে যোগাযোগ করুন।
স্তন ক্যানসার মানেই মৃত্যু নয়। ভয় ও সামাজিক সংকোচের কারণে রোগ নির্ণয়ে দেরি হলে চিকিৎসা জটিল হয়ে উঠতে পারে। তাই নিজের শরীরের প্রতি সচেতন হোন, পরিবারের নারী সদস্যদের সচেতন করুন। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ চিকিৎসা গ্রহণই পারে জীবন বাঁচাতে। আসুন, স্তন ক্যানসার সম্পর্কে নীরবতা ভাঙি, সচেতনতা ছড়িয়ে দিই এবং একসঙ্গে বলি- স্তন ক্যানসার ভয় নয়, জয় হোক সচেতনতায়।
লেখক: সিনিয়র কনসালটেন্ট (সার্জারি), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা