× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে গরিবের ‘ভালো’ হাসপাতাল

হাসনাত শাহীন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১২:৩৩ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১১:৫৩ এএম

মোহাম্মদপুরের ১০০ শয্যার মা ও শিশুস্বাস্থ্য হাসপাতাল

মোহাম্মদপুরের ১০০ শয্যার মা ও শিশুস্বাস্থ্য হাসপাতাল

সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অপেক্ষায় থাকা মায়ের পাশাপাশি পরিবারের অন্যান্য মানুষের থাকে কত স্বপ্ন, কত আয়োজন, কত কল্পনা। কিন্তু মায়া-মমতায় ঘেরা এমন সবকিছুর আড়ালে কোনো কোনো মা বা পরিবারের মাঝে উঁকি দেয় এক কঠিন বাস্তবতা- সন্তানের জন্ম দিতে কত টাকা লাগবে, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সংসারের চাকা থমকে যাবে কি না, অভাবের চাপে নতুন অতিথিকে বরণ করার আনন্দ ম্লান হয়ে যাবে না তো।

রাজধানীর ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য যাদের নেই, এমন অসংখ্য পরিবারের কাছে এই দুশ্চিন্তার মধ্যেই আশার আলো হয়ে আছে মোহাম্মদপুরের ১০০ শয্যার মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। যে হাসপাতালে এখনও মাত্র পাঁচ টাকায় চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। নরমাল ডেলিভারি কিংবা সিজারিয়ান অপারেশনের জন্যও দিতে হয় না কোনো টাকা। সামর্থ্যের সীমাবদ্ধতা যখন চিকিৎসার পথ আটকে দাঁড়ায়, তখন এই হাসপাতালই গণমানুষের ভরসার অন্যতম প্রধান আশ্রয়। তাই দূরদূরান্ত থেকে এখানে ছুটে আসেন অসংখ্য মা ও স্বজন। তাদের কাছে হাসপাতালটি শুধু চিকিৎসাকেন্দ্র নয়, অভাবের মধ্যেও নিরাপদ মাতৃত্ব আর সুস্থ সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখার অন্যতম সেবাকেন্দ্র।

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে গরিব, মধ্যবিত্ত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষের পছন্দের এই আশ্রয়স্থলটি রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের কাছে আওরঙ্গজেব রোডে অবস্থিত। যে হাসপাতালটি সন্তানসম্ভবা নারী বা মায়েদের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যসেবার জন্য বেশ পরিচিত। যার পুরো নাম ‘মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল’। যেখানে প্রতিদিনি সকাল হতেই হাসপাতালের বহির্বিভাগে জমে রোগীদের ভিড়। বাড্ডা, বসিলা, সাভার, আটিবাজার, টঙ্গী, টাঙ্গাইল, গাজীপুর, এমনকি মানিকগঞ্জ থেকেও ছুটে আসেন অনেকে। কারো গর্ভে নতুন প্রাণ, তাই প্রয়োজন নিয়মিত পরীক্ষা। কেউ সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউবা অসুস্থ শিশুকে কোলে নিয়ে এসেছেন চিকিৎসার আশায়। দূরের পথ, দীর্ঘ অপেক্ষা কিংবা সীমিত সামর্থ্যÑ কোনোটিই তাদের থামাতে পারে না। কারণ, এখানে চিকিৎসা পাওয়ার সুযোগ মানে শুধু অসুখের প্রতিকার নয়; অভাবের সংসারে আরেকটি বড় ব্যয়ের বোঝা থেকে কিছুটা মুক্তি।

পাঁচ টাকার টিকিটে চিকিৎসার ভরসা : হাসপাতালের প্রথম ফ্লোরে কথা হয় বাড্ডার গুদারাঘাট থেকে আসা সুমাইয়া খাতুনের সঙ্গে। সকালে টিকিট কেটে বহির্বিভাগে চিকিৎসক দেখিয়েছেন তিনি। সেবার অভিজ্ঞতা জানতে চাইলে সুমাইয়া বলেন, ‘সকাল ৯টায় এসে টিকিট কাটি। ডাক্তার দেখিয়েছি। এখানকার সেবা ভালো। আগেও এখানে ডাক্তার দেখিয়েছি।’

বসিলা থেকে আসা আঁখি খাতুন (ছদ্মনাম) হাসপাতালটির খোঁজ পেয়েছেন পরিচিত একজনের কাছে। স্বল্প খরচে প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ তাকে এখানে আসতে উৎসাহিত করেছে। চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকা পরিবারের কাছে এমন সুযোগ যে কতটা স্বস্তির, তার কথাতেই মেলে সেই ইঙ্গিত। আঁখি বলেন, ‘আল্ট্রাসনোগ্রাম করলাম, ১১০ টাকা নিয়েছে। আর পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেছি।’

মানিকগঞ্জ থেকে আসা জোবেদা খাতুনও কয়েক মাস ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন। দূরের পথ পেরিয়ে বারবার আসার পেছনে রয়েছে সেবার মান ও কম খরচে চিকিৎসা পাওয়ার প্রত্যাশা। যে অর্থ অন্য কোথাও একটি পরীক্ষার পেছনেই ব্যয় হয়ে যেতে পারে, সেই অর্থে এখানে প্রয়োজনীয় একাধিক সেবা নেওয়ার সুযোগ পান রোগীরা। স্বল্প আয়ের পরিবারের কাছে এই পার্থক্য কেবল টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে সংসারের নিত্যদিনের খরচ সামলে চিকিৎসা চালিয়ে যাওয়ার সক্ষমতা।

হাসপাতালে চিকিৎসা নিতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে, বহির্বিভাগে টিকিটের মূল্য বা রেজিস্ট্রেশন ফি পাঁচ টাকা। অন্তর্বিভাগে রেজিস্ট্রেশন ফি ১০ টাকা। সাধারণ বেডে থাকার জন্য কোনো ভাড়া দিতে হয় না। নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশনও বিনামূল্যে করা হয়। তবে কেবিনে থাকতে হলে পাঁচ দিনের জন্য সরকার নির্ধারিত মোট ৩ হাজার ৮৭৫ টাকা দিতে হয়। বিভিন্ন পরীক্ষার ফিও সরকারি মূল্যতালিকা অনুযায়ী নেওয়া হয়। যেমন, নির্দিষ্ট কিছু আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা ১১০ টাকা থেকে শুরু, রক্তের শর্করা পরীক্ষা ৬০ টাকা এবং রক্তের গ্রুপ নির্ণয় ১০০ টাকা।

শুধু প্রসূতি ও নবজাতকের চিকিৎসাই নয়, শিশুদের নিয়মিত টিকাদান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, পরিবার পরিকল্পনা পরামর্শ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবাও হাসপাতালটির কার্যক্রমের অংশ। নিঃসন্তান দম্পতিদের জন্য রয়েছে প্রজননস্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শের ব্যবস্থা। তবে বিশেষ পরীক্ষা ও অন্যান্য সেবা প্রয়োজনীয় উপকরণ এবং জনবলের প্রাপ্যতার ওপর নির্ভর করে। সব মিলিয়ে হাসপাতালটি এমন একটি আশ্রয়, যেখানে নতুন প্রাণের আগমন থেকে শিশুর বেড়ে ওঠার নানা পর্যায়ে চিকিৎসা পাওয়ার প্রত্যাশা নিয়ে আসে অসংখ্য মানুষ।

রোগীর চাপ বেশি, জনবল কম : ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে ৫০০ থেকে ৬০০ জনের বেশি রোগী আসেন। শুধু ইপিআই বিভাগেই প্রতিদিন ৭০ থেকে ৮০ জন শিশু ও অভিভাবক সেবা নিতে আসেন। কোনো কোনো মাসে প্রসবের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যায়। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একজন মায়ের উদ্বেগ, একটি শিশুর সুস্থভাবে পৃথিবীতে আসার প্রত্যাশা কিংবা অসুস্থ সন্তানকে নিয়ে উদ্বিগ্ন স্বজনের আকুতি।

কিন্তু এত মানুষের চিকিৎসার দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, রোস্টার অনুযায়ী ৫০ জনের বেশি চিকিৎসক থাকলেও প্রেষণসহ বিভিন্ন কারণে সবাই সব সময় এখানে দায়িত্ব পালন করেন না। নার্সসহ অন্যান্য পদেরও ঘাটতি রয়েছে।

হাসপাতালের কয়েকজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তাদের কথায়, ‘আমাদের কাছে সেবা দেওয়াই মুখ্য। কিন্তু জনবল কম থাকলে সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ে।’

তারা আরও জানান, কম খরচে চিকিৎসা পাওয়ার সুযোগ যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, রোগীর চাপও তত বাড়বে। অথচ সেই অনুপাতে চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সরবরাহ নিশ্চিত না হলে সেবার ওপর চাপ আরও বাড়বে। যে হাসপাতালে মানুষ স্বস্তির আশায় আসে, সেখানে দীর্ঘ অপেক্ষা কিংবা প্রয়োজনীয় সেবা পেতে অনিশ্চয়তা তৈরি হলে সেই আস্থাও ধীরে ধীরে চাপে পড়তে পারে। তাই হাসপাতালটির সেবার পরিধি ও মান ধরে রাখতে জনবল সংকট দূর করা জরুরি।

আস্থার সঙ্গে জমেছে অভিযোগও : তবে হাসপাতালটির সব অভিজ্ঞতা যে সমান সন্তোষজনক, তা নয়। এক সাংবাদিকের অভিজ্ঞতায় উঠে এসেছে সেবার মান, ওষুধের প্রাপ্যতা ও ব্যয় নিয়ে উদ্বেগের চিত্র। তার প্রথম সন্তানের জন্ম হয়েছিল এই হাসপাতালে। দ্বিতীয় সন্তানের জন্মের সময়ও তিনি এখানে আসেন। একই প্রতিষ্ঠানে দুই সন্তানের জন্মের অভিজ্ঞতা তার কাছে এক রকম ছিল না।

ওই সাংবাদিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার মেয়ে, প্রথম সন্তানের জন্ম এই হাসপাতালে, ছেলের জন্মও এখানে। আড়াই বছর আগে মেয়ের সময় এখানে যে সেবা পেয়েছিলাম, সাত-আট মাস আগে ছেলের জন্মের সময় আগের মতো সেবা পাইনি। খরচও আগের ১২-১৩ হাজারের চেয়ে দ্বিগুণেরও বেশি, ৩০ থেকে ৩৫ হাজার টাকা হয়েছে। আগে হাসপাতাল থেকে প্রায় সব ধরনের ওষুধই দিত, এখন দেয় না। অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনতে হয়। এখানে ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়।’

তার অভিযোগ, বেড ও কেবিনের পরিচ্ছন্নতা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়েও অসন্তোষ রয়েছে। প্রবেশমুখের কাছে ময়লার ডিপো থেকে ছড়ানো দুর্গন্ধ রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ায়। পাশাপাশি দালালদের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের ভরসার এই প্রতিষ্ঠানে এসব সমস্যা দূর করতে দ্রুত সরকারি নজরদারি প্রয়োজন।

দরিদ্রের পাশে সমাজসেবা কার্যালয় : চিকিৎসকের পরামর্শ পেলেও অনেক অসচ্ছল পরিবারের পক্ষে ওষুধ, রক্ত ও পরীক্ষা-নিরীক্ষার খরচ জোগানো কঠিন। এমন রোগীদের সহায়তায় হাসপাতালের নিচতলার ১০৩ নম্বর কক্ষে রয়েছে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সমাজসেবা কার্যালয়।

সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা এই কার্যালয়ের মাধ্যমে যোগ্য দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ, রক্ত, ব্লাড ব্যাগ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন অনুযায়ী রোগ নির্ণয়ের পরীক্ষা, যাতায়াত ভাতা, কাউন্সেলিং এবং মা ও শিশুর যত্ন বিষয়ে পরামর্শও দেওয়া হয়। যেসব পরিবারের কাছে চিকিৎসার অতিরিক্ত কয়েক শ টাকা ব্যয়ও বড় বোঝা, তাদের জন্য এই সহায়তা চিকিৎসা চালিয়ে যাওয়ার অবলম্বন।

মায়ের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা : একটি হাসপাতাল শুধু চিকিৎসা দেওয়ার জায়গা নয়; এটি মানুষের ভয়, উৎকণ্ঠা ও আশার আশ্রয়। এখানে কোনো মা আসেন সন্তানকে নিরাপদে পৃথিবীর আলো দেখানোর প্রত্যাশায়, কোনো বাবা অসুস্থ শিশুকে কোলে নিয়ে অপেক্ষা করেন সুস্থতার আশায়। তাদের চাওয়া, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে যেন সংসারের নিত্যদিনের প্রয়োজন বিসর্জন দিতে না হয়।

মোহাম্মদপুরের এই হাসপাতাল অসংখ্য পরিবারের সেই প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। পাঁচ টাকার টিকিট, বিনামূল্যে প্রসবসেবা ও স্বল্পমূল্যের পরীক্ষা তাদের কাছে শুধু সরকারি সুবিধা নয়, অভাবের মধ্যে এক স্বস্তিরও নাম। হাসপাতালে সেবাগ্রহীতাদের মতে, এই আস্থা ধরে রাখতে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক-নার্স, নিয়মিত ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ, পরিচ্ছন্ন পরিবেশ এবং দালালমুক্ত সেবা। কোনো মা যেন অর্থের অভাবে চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় না থাকেন, কোনো নবজাতকের সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন যেন অভাবের কাছে হার না মানে। হাসপাতালটিকে ঘিরে হাজারো তাদের প্রত্যাশা- সামর্থ্য কম হলেও যেন যত্নের অভাব না হয়, আর নতুন জীবনের আগমন যেন আর্থিক অনিশ্চয়তায় ম্লান না হয়ে যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা