× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ও শিশুর স্বাস্থ্যসেবা আজও অপ্রতুল

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১১:৫৩ এএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা আজও অপ্রতুল

বাংলাদেশসহ বিশ্বজুড়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে মাতৃমৃত্যু। এর পাশাপাশি নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার কমিয়ে আনাও জনস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু ও শিশুমৃত্যুর অনেকগুলো কারণ প্রতিরোধযোগ্য হলেও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাব, অসচেতনতা, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের কারণে এসব মৃত্যু পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে সরকার, পরিবার ও সমাজকে।

মাতৃমৃত্যু কমাতে এসডিজিতে ২০৩০ সালের মধ্যে প্রতি এক লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে প্রতি এক হাজার জীবিত জন্মে নবজাতকের মৃত্যুহার ১২ এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ২৫-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে। এই লক্ষ্য অর্জনে মাতৃস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ প্রসব, প্রজনন স্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।

লক্ষ্য অর্জনে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বসাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে প্রতি এক লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ছিল ১১৫। ২০০০ সালের তুলনায় ২০২৩ সালে এ হার ৭৯ শতাংশ কমেছে। উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে আরও এগোতে হবে। বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর অন্যতম প্রধান সরাসরি কারণ প্রসবকালীন ও প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তপাত। এ ছাড়া গর্ভধারণজনিত উচ্চ রক্তচাপ, সংক্রমণ এবং অনিরাপদ গর্ভপাতের জটিলতাও মাতৃমৃত্যুর জন্য দায়ী। পাশাপাশি আগে থেকে থাকা বিভিন্ন অসংক্রামক রোগ ও অন্যান্য শারীরিক জটিলতা গর্ভাবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এসবের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, অ্যাজমা, মৃগীরোগ, হিমোগ্লোবিনের অস্বাভাবিকতা ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা। কিছু সংক্রামক ও পরজীবী রোগও গর্ভবতী নারীর স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে। সংক্রামক রোগের এমন পরিস্থিতি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান, রোগ শনাক্তকরণ এবং কার্যকর জনস্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

কমিউনিটি ক্লিনিককেন্দ্রিক সেবা জোরদারে ৩৯৬ কোটি টাকার প্রকল্প

মা ও শিশুমৃত্যু কমানো এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে ৩৯৬ কোটি টাকার একটি প্রকল্প নিতে যাচ্ছে সরকার। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ‘হেলথ সিস্টেম স্ট্রেংদেনিং থ্রো এমএনসিএইচ সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এনসিডিস কন্ট্রোল’ শীর্ষক প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট।

প্রকল্পের আওতায় দেশের প্রায় ১৪ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা জোরদার করা হবে। প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মাধ্যমে মা, নবজাতক ও শিশুদের জন্য মানসম্মত সেবার আওতা বাড়ানোর পাশাপাশি সেবাগুলো সহজলভ্য ও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও অস্ত্রোপচারের সরঞ্জাম এবং অন্যান্য চিকিৎসা উপকরণ সরবরাহের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটির লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে প্রতি এক লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে, প্রতি এক হাজার জীবিত জন্মে নবজাতকের মৃত্যুহার ১২ এবং পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ২৫-এর নিচে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় ৩০টি জেলা হাসপাতাল, ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১৪ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিকের প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো, চিকিৎসা ব্যবস্থাপনা ও ফলোআপ সেবা দেওয়া হবে। পাশাপাশি অসংক্রামক রোগের ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন থেকে শুরু করে পরবর্তী সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে গ্রামীণ এলাকার দরিদ্র ও কম শিক্ষিত নারী এবং নবজাতকরা এখনও স্বাস্থ্যঝুঁকিতে বেশি রয়েছে। দুর্গম ভৌগোলিক এলাকা ও মানবিক সংকটপূর্ণ অঞ্চলে স্বাস্থ্যসেবার ফলাফলও তুলনামূলকভাবে পিছিয়ে। এর পাশাপাশি দেশে অসংক্রামক রোগ মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। এসব রোগ দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী।

মাতৃস্বাস্থ্য এখনও অবহেলিত

মাতৃমৃত্যু কমানোর পাশাপাশি নারীর সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যসেবা নিয়ে সমাজে সচেতনতার ঘাটতি, দীর্ঘদিনের বৈষম্য এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর সীমিত ভূমিকা তার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। অসুস্থ হলেও অনেক ক্ষেত্রে নারীর চিকিৎসাকে পরিবারের অন্য সদস্যদের প্রয়োজনের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়। ঘর ও কর্মক্ষেত্রে একসঙ্গে নানা দায়িত্ব পালন করতে গিয়ে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর যে চাপ তৈরি হয়, সেটিও যথাযথ গুরুত্ব পায় না।

নারীর স্বাস্থ্য নিয়ে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরিবার ও সমাজের নানা দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও নিজের সুস্থতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেক সময় সীমিত থাকে। প্রচলিত সামাজিক ধারণা, সংস্কার ও চর্চার কারণে নারীর স্বাস্থ্যকে প্রায়ই প্রজননস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ করে দেখা হয়। অথচ নারীর সামগ্রিক সুস্থতার জন্য শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পুষ্টি, দীর্ঘমেয়াদি রোগের প্রতিরোধ এবং নিরাপদ স্বাস্থ্যসেবার সুযোগ সমানভাবে গুরুত্বপূর্ণ।

নারীপক্ষের তথ্য অনুযায়ী গত ২০ বছরে হৃদরোগে মৃত্যুর হার বাংলাদেশি পুরুষদের ক্ষেত্রে ৩২ গুণ এবং নারীদের ক্ষেত্রে ৪৭ গুণ বেড়েছে। কিডনি রোগে আক্রান্তের হার নারীদের ক্ষেত্রে ১৪ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ১২ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবও নারীর স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির সঙ্গে নারীর প্রজননস্বাস্থ্য রসংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্পর্ক নিয়ে উদ্বেগ রয়েছে। এ ক্ষেত্রে জরায়ুর ক্যানসার ও বন্ধ্যত্বের মতো বিষয়ও আলোচনায় এসেছে।

এসব বাস্তবতা বিবেচনায় নারীর স্বাস্থ্যকে শুধু মাতৃত্ব বা সন্তান জন্মদানের সঙ্গে সম্পর্কিত করে দেখার সুযোগ নেই। বরং জীবনের প্রতিটি পর্যায়ে তার স্বাস্থ্যগত প্রয়োজন চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি।

পুষ্টি ঘাটতি বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি

নারীর স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুষ্টিবিদ সামিনা জামান কাজরী বলেন, বাংলাদেশের কিশোরী ও নারীদের পুষ্টিগত অবস্থা দারিদ্র্য, অল্প বয়সে বিয়ে, বারবার গর্ভধারণ, সীমিত খাদ্যবৈচিত্র্য এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির মতো বিষয় দ্বারা প্রভাবিত। অনেক নারী অপুষ্টি, রক্তস্বল্পতা ও কম ওজনের সমস্যায় ভোগেন। অন্যদিকে নগরায়ণের ফলে নারীদের মধ্যে অতিরিক্ত ওজন এবং অসামঞ্জস্যপূর্ণ খাদ্যাভ্যাসজনিত রোগও বাড়ছে।

তিনি বলেন, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টিগত চাহিদা পূরণ সুস্থ গর্ভাবস্থা, শিশুর যথাযথ বৃদ্ধি এবং মা ও শিশুর দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্য নির্বাচন, পুষ্টি বিষয়ক শিক্ষা এবং প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, নারীর পুষ্টি নিশ্চিত করতে পরিবারে সুষম খাবারের বণ্টন, কিশোরীদের পুষ্টি শিক্ষা, গর্ভকালীন পুষ্টিসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে অপুষ্টির পাশাপাশি অতিরিক্ত ওজন ও খাদ্যাভ্যাসজনিত রোগ প্রতিরোধেও সচেতনতা বাড়াতে হবে।

পিরিয়ড নিয়ে নীরবতা ভাঙার তাগিদ

নারীর স্বাস্থ্য সুরক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক মাসিক স্বাস্থ্যবিধি। এ বিষয়ে সচেতনতার অভাব, সামাজিক সংকোচ এবং আর্থিক সীমাবদ্ধতা অনেক নারী ও কিশোরীর জন্য নিরাপদ মাসিক ব্যবস্থাপনা কঠিন করে তোলে।

সংক্রমণমুক্ত ও নিরাপদ পিরিয়ড নারীর অধিকার প্রসঙ্গে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান বলেন, ‘একসময় আমরা মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলতে লজ্জা পেতাম। সে সময়টা আমরা পার করে এসেছি; কিন্তু এখনও অনেক দূর যাওয়া বাকি রয়েছে।’

তিনি জানান, চিকিৎসাসেবা নিতে আসা নারীদের মাসিক সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। কী ধরনের ন্যাপকিন ব্যবহার করছেন এবং তা ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে কি না, সেটিও জানতে চান চিকিৎসকেরা। অনেক নারী কাপড় ব্যবহারের কথা জানান। এ ক্ষেত্রে কাপড় পুনর্ব্যবহার করা হচ্ছে কি না এবং করলে কীভাবে পরিষ্কার করা হচ্ছে, তা জানা জরুরি। দীর্ঘক্ষণ একই ন্যাপকিন ব্যবহার করাও মাসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।

মাসিক নিয়ে সামাজিক ট্যাবু ভাঙতে কাজ করছে ‘ঋতু’। প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও চেয়ারম্যান শারমিন কবির বলেন, পিরিয়ড এখনও সমাজে গভীরভাবে প্রোথিত একটি ট্যাবু। বিষয়টিকে শুধু মেয়েদের ব্যাপার হিসেবে বিবেচনা করে আলোচনা থেকে দূরে রাখা হয়। স্কুলে পিরিয়ড নিয়ে আলোচনা করতে গিয়ে ছেলেদের ক্লাস থেকে বের করে দেওয়া, শিক্ষকদের পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায় এড়িয়ে যাওয়া এবং জাতীয় কারিকুলামে বিষয়টি থাকলেও পরীক্ষায় প্রশ্ন না আসার মতো প্রবণতা এ নীরবতাকে আরও জোরদার করে।

তিনি বলেন, এই বাস্তবতা বদলানোর লক্ষ্য নিয়ে ২০১৬ সাল থেকে কাজ করছে ঋতু। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য পিরিয়ড নিয়ে আলোচনাকে জেন্ডার-নিরপেক্ষ করা। পিরিয়ড একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া; তাই এ বিষয়ে শুধু মেয়েদের নয়, ছেলেদেরও জানানো প্রয়োজন। সবাই বিষয়টি বুঝতে পারলেই সামাজিক সংকোচ ও ট্যাবু ভাঙা সহজ হবে।

এ লক্ষ্যে ঋতু তাদের কর্মশালায় ছেলে ও মেয়েদের একসঙ্গে নিয়ে পিরিয়ড নিয়ে আলোচনা করে। সহজ, বৈজ্ঞানিক ও স্বাভাবিক উপায়ে পিরিয়ড কী, কেন হয় এবং এ সময় শরীরে কী পরিবর্তন আসে, তা বোঝানোর চেষ্টা করা হয়।

পিরিয়ড নিয়ে আলোচনার আরেকটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটি তৈরি করেছে একটি কমিক বই। গল্পের মাধ্যমে সাজানো এ বই ব্যবহার করে দলীয় আলোচনা ও অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে কিশোর-কিশোরীরা সহজে আলোচনায় যুক্ত হতে পারে, প্রশ্ন করতে পারে এবং সংকোচ কাটিয়ে উঠতে পারে।

স্যানিটারি ন্যাপকিন কেনার ক্ষেত্রে সামাজিক লজ্জা ও আর্থিক অক্ষমতাকেও পিরিয়ড ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন শারমিন কবির। এ সমস্যা মোকাবিলায় ঋতু চালু করেছে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, যা পরিষ্কার করে বারবার ব্যবহার করা যায়। এতে খরচ কমানোর পাশাপাশি মাসিক ব্যবস্থাপনাকে সহজ ও মর্যাদাপূর্ণ করার সুযোগ তৈরি হয়।

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নারীর স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্লাটফর্ম ও টেলিমেডিসিনের ব্যবহারও বাড়ছে। বিশেষ করে কর্মজীবী নারী, গর্ভবতী মা এবং দূরবর্তী এলাকার নারীদের জন্য এ ধরনের সেবা গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. তৌফিকুল হাসান সিদ্দিক বলেন, নারীর স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ব্র্যাক হেলথকেয়ার ডিজিটাল প্রযুক্তি ও টেলিমেডিসিন ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অনলাইনে চিকিৎসকের পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, রিপোর্ট সংরক্ষণ ও ফলোআপ সেবার মাধ্যমে গর্ভবতী নারী, কর্মজীবী নারী এবং দূরবর্তী এলাকার নারীরা ঘরে বসেই স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, ডিজিটাল প্লাটফর্ম নারীর গোপনীয়তা ও সম্মান বজায় রেখে ধারাবাহিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীর স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক হেলথকেয়ার জীবনচক্রভিত্তিক ও সমন্বিত উদ্যোগ নিয়েছে। এর আওতায় মাতৃত্বকালীন সেবা, নিরাপদ প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী চিকিৎসা, পুষ্টি পরামর্শ, পরিবার পরিকল্পনা এবং জরায়ু মুখের ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও হরমোনজনিত সমস্যার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে ডিজিটাল স্বাস্থ্যসেবার সুফল সবার কাছে পৌঁছে দিতে প্রযুক্তি ব্যবহারের সুযোগ, ডিজিটাল সাক্ষরতা, সেবার মান এবং প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাও জরুরি। প্রযুক্তিনির্ভর সেবার পাশাপাশি সরাসরি চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবার সুযোগ অক্ষুণ্ন রাখা প্রয়োজন।

পরিবার পরিকল্পনা ও নারীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার

নারীর স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে পরিবার পরিকল্পনা, শিক্ষা ও নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার গভীরভাবে সম্পর্কিত। ন্যাশনাল ইয়ুথ কনফারেন্স অন ফ্যামিলি প্ল্যানিং-২০২৫-এর একটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশনে মেরি স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশোয়ার ইমদাদ বলেন, ‘পরিবার পরিকল্পনা নিশ্চিত করা মানেই নারীর নিজের শরীর, জীবন ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিশ্চিত করা। এটি নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।’

তিনি আরও বলেন, বাংলাদেশে নারীর শিক্ষা ও ক্ষমতায়নের পথে বড় বাধাগুলোর একটি বাল্যবিবাহ। বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, বরং তার স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করে।

অল্প বয়সে বিয়ে, অপরিকল্পিত গর্ভধারণ এবং শিক্ষাজীবন থেকে ঝরে পড়া নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়নের ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিষয়ে সঠিক তথ্য, সহজলভ্য পরামর্শ, কার্যকর প্রজনন স্বাস্থ্যসেবা এবং নারীর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় দেখা গেছে, দেশে বিয়ের পর পরিকল্পিত সময়ের আগেই ৪৭ শতাংশ নারী গর্ভধারণ করছেন। গ্রামের তুলনায় শহরের বস্তিতে এ ধরনের গর্ভধারণের হার তিন গুণের বেশি।

‘বাংলাদেশের নির্বাচিত গ্রামীণ ও শহরাঞ্চলে নববিবাহিত দম্পতিদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত প্রেক্ষাপট ও চাহিদা নিরূপণ’ শীর্ষক গবেষণাটি দুই বছর ধরে পরিচালিত হয়। গবেষণার ফলাফলে বলা হয়েছে, বিয়ের পরপরই গ্রামে ৬০ শতাংশ এবং শহরের বস্তিতে ৬৬ শতাংশ নারী পড়াশোনা বন্ধ করেছেন। স্বামী ও শ্বশুরবাড়ির আপত্তি, মা-বাবার সিদ্ধান্ত, বিয়ের পর বাসস্থান পরিবর্তন, সামাজিক রীতি এবং আর্থিক সীমাবদ্ধতা এর পেছনে ভূমিকা রেখেছে।

শিক্ষাজীবন থেকে ঝরে পড়া, অপরিকল্পিত গর্ভধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে সীমিত স্বাধীনতা নারীর ভবিষ্যৎ সম্ভাবনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।

স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানো থেকে শুরু করে পুষ্টি, মাসিক স্বাস্থ্যবিধি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষাÑ নারীর স্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। জীবনের বিভিন্ন পর্যায়ে নারীর স্বাস্থ্যগত চাহিদা ভিন্ন হলেও প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় তথ্য, পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ পাওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।

এ ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত ফলোআপ এবং জটিল রোগীদের উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে পুষ্টি শিক্ষা, নিরাপদ মাসিক ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারীর শিক্ষা অব্যাহত রাখার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নারীর স্বাস্থ্যকে শুধু মাতৃত্ব বা সন্তান জন্মদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার সামগ্রিক সুস্থতা ও অধিকারকে গুরুত্ব দেওয়া। পরিবারে স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে প্রাধান্য দেওয়া, চিকিৎসা নিতে উৎসাহিত করা এবং নিজের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করা গেলে স্বাস্থ্যঝুঁকি কমানো সহজ হবে। সংশ্লিষ্টদের মতে, কার্যকর সরকারি উদ্যোগ, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সমন্বয়ই পারে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং এসডিজির লক্ষ্য অর্জনে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা