× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে কমেনি সিজার সংকট এনআইসিইউর

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১১:৫১ এএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১১:৫৪ এএম

চট্টগ্রামে কমেনি সিজার সংকট এনআইসিইউর

চট্টগ্রামে মা ও শিশুর চিকিৎসা এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রসবের প্রায় অর্ধেকই হচ্ছে সিজারে, বেসরকারি হাসপাতালে যা ষাট শতাংশের কাছাকাছি। অন্যদিকে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) সংকটও কাটেনি। সরকারি হাসপাতালের সবচেয়ে বড় ভরসা চমেকে এখন জায়গারই তীব্র অভাব। এনআইসিইউ ও আইসিইউ শয্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের প্রবাসী জসীম উদ্দীনের স্ত্রী সাদিয়া সুলতানা সেতুর (২২) মৃত্যু হয় চমেক হাসপাতালে। স্বজনদের মতে, রাত ৩টার দিকে প্রসববেদনা নিয়ে তাকে পটিয়া সদরের শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে সিজার হয়। অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি শারীরিক অবনতির কথাও স্বজনদের কাছে গোপন রাখা হয়। অবস্থা গুরুতর হলে তাকে চমেকে নেওয়া হয়, সেখানে রাত ৮টার দিকে মৃত্যু ঘটে। নিহতের ভাই আরিফুল ইসলাম বলেন, আমার বোনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল। রক্তক্ষরণ হলেও চিকিৎসকরা তা নিয়ন্ত্রণে যথাযথ গুরুত্ব দেননি।

এর আগে ১২ মে রাতে নগরীর পাহাড়তলীর একে খান এলাকার আল আমিন হাসপাতালে পেটব্যথা নিয়ে যাওয়া গৃহবধূ জান্নাত সুলতানাকে সিজারিয়ান অপারেশন করার অভিযোগ ওঠে। স্বামী মো. রাকিব বলেন, আলট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখে চিকিৎসক জানান, স্ত্রী গর্ভবতী কিন্তু সন্তান জরায়ুর বাইরে, দ্রুত অস্ত্রোপচার না করলে বড় ক্ষতি হতে পারে। অপারেশনের জন্য ২৫ থেকে ২৮ হাজার টাকা ও রক্তের ব্যবস্থা করতে বলা হয়। রাত ১১টার দিকে অপারেশন শেষে চিকিৎসক জানান, কোনো সন্তানের অস্তিত্ব মেলেনি, ব্যথা হচ্ছিল অ্যাপেন্ডিসাইটিসের কারণে। চার মাস আগে বিয়ে হওয়া জান্নাত তখনও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের পূর্বের এক পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসব হয়েছে ১০ হাজার ১৫৪টি। একই সময়ে সিজার হয়েছে ৬৩২টি। সিজারের সংখ্যা বেসরকারি হাসপাতালগুলোতে অনেক বেশি। পর্যবেক্ষণে দেখা যায়, নগরীর সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালগুলোতে ৩০ শতাংশ স্বাভাবিক প্রসব ও ৭০ শতাংশ সিজার হয়ে থাকে। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে জেলার প্রধান সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসব হয়েছে ২৮ হাজার ৬৯টি। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৬ হাজার ৮৮৫টি, বেসরকারিতে ১১ হাজার ১৮৪টি। একই সময়ে সিজার হয়েছে ২৬ হাজারের বেশি, যার ১০ হাজার ৫১টি সরকারি এবং ১৬ হাজার ৪২৬টি বেসরকারি হাসপাতালে। হিসাব করলে মোট প্রসবের প্রায় ৪৮ দশমিক ৫ শতাংশই সিজার। সরকারি হাসপাতালে এ হার ৩৭ শতাংশের কিছু বেশি, বেসরকারিতে প্রায় ৫৯ দশমিক ৫ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ ১০ থেকে ১৫ শতাংশ। চলতি বছরের গত ৩০ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সিজারে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, জেলার ১৫ উপজেলার ১৪টি তার আওতাধীন। রাউজান, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডসহ অধিকাংশ উপজেলায় স্বাভাবিক প্রসবের সংখ্যা ও হার তুলনামূলক বেশি। প্রতিটি উপজেলায় প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা চালু আছে, গর্ভকালে অন্তত চারটি ভিজিট নিশ্চিত করা হয়। বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারি বাড়াতে সরকার নির্দেশনা দিয়েছে। যেসব হাসপাতালে লেবার রুম বা উপযুক্ত পরিবেশ ও সরঞ্জাম নেই, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার প্রক্রিয়া চলছে। নিয়মিত পরিদর্শনও হচ্ছে। 

এর মধ্যে হামের প্রকোপ বাড়তি চাপ ফেলেছে। সিভিল সার্জন কার্যালয়ের ২১ অক্টোবরের তথ্যে, হামের উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৩৭৩ জন, যার ৯ হাজার ৯৫৪ জনই মহানগরে। বর্তমানে চিকিৎসাধীন ৩২৯ জন। সন্দেহজনক হামে মৃত্যু ৪০ জনের, শনাক্তকৃত হামে তিনজনের। মে মাসের তথ্যে চমেকের শিশু বিভাগের ২০টি পিআইসিইউ শয্যার ১৫টিই হামের রোগীদের জন্য আলাদা রাখতে হয়েছিল।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, সেখানে এনআইসিইউ ও পিআইসিইউ সেবা চালু থাকলেও জায়গার তীব্র সংকট রয়েছে। চিকিৎসকদের বসার মতো ফাঁকা জায়গাও নেই। এরপরও শয্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নার্স, চিকিৎসক, অক্সিজেন ও সাকশন লাইনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সেটআপের কাজ চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা