প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫২ পিএম
বাংলা কিউআরে মিলবে বাড়তি প্রণোদনা
বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেনে জনপ্রিয়তা বাড়াতে প্রণোদনার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে ব্যক্তিগত রিটেইল হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টগুলো এ সুবিধা পেত। এখন ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট পয়েন্টকে বাংলা কিউআরের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা দেওয়া হবে। ১ অক্টোবর, ২০২৬ থেকে এ সুবিধা কার্যকর হবে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে মোট ৬ টাকা প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান (লেনদেন সম্পন্নকারী প্রতিষ্ঠান) পাবে ০.১০ শতাংশ বা সর্বোচ্চ ২ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান (গ্রাহকের হিসাব বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান) পাবে ০.২০ শতাংশ বা সর্বোচ্চ ৪ টাকা। এ টাকা সরাসরি গ্রাহক বা বিক্রেতা পাবেন না। মূলত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআরভিত্তিক মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংকের এই প্রণোদনার আওতায় থাকছে ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্ট। পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য সব মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনও এ সুবিধার আওতায় আসবে। ফলে এখন ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টেও বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।
এদিকে অন্য একটি প্রজ্ঞাপনে বাংলা কিউআর কোডের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে লেনদেন বিলম্বিত হওয়া বা আটকে যাওয়া সমস্যার দ্রুত ও স্বচ্ছ সমাধানে একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যমতে, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন দ্রুত সম্পন্ন হয়। তাই গ্রাহক ও মার্চেন্টদের আস্থা ধরে রাখতে ট্র্যাডিশনাল কার্ড লেনদেনের তুলনায়ও দ্রুত বিরোধ নিষ্পত্তি করা জরুরি। জটিলতা বা বিলম্ব হলে সাধারণ ব্যবহারকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্টে আগ্রহ হারাতে পারেন। এ কারণে গ্রাহক সুরক্ষা জোরদার, দ্রুত স্বয়ংক্রিয় রিভার্সাল চালু এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পেমেন্ট পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, কোনো কারণে লেনদেন ব্যর্থ হলেও গ্রাহকের হিসাব থেকে টাকা কেটে গেলে অভিযোগ ছাড়াই সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে তা ফেরত দিতে হবে। একই ব্যাংক বা প্রতিষ্ঠানের লেনদেনসংক্রান্ত সাধারণ বিরোধ তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ভিন্ন ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে এনপিএসবির পদ্ধতি ব্যবহার করে নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি কারিগরি ত্রুটিজনিত জটিলতা কমাতে লেনদেন সফল হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে অন্য প্রতিষ্ঠানের কাছে জানার ব্যবস্থাও রাখতে হবে।
নীতিমালার নির্দেশনা না মানলে বা অপ্রয়োজনীয়ভাবে গ্রাহকের দাবি প্রত্যাখ্যান করলে ‘বাংলাদেশ পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদারকি ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।