ইমরানুল আলম
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩১ পিএম
ইমরানুল আলম
বাংলাদেশের পর্যটন নিয়ে সম্ভাবনার কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি। পাহাড়, সমুদ্র, বন, হাওর, নদী, দ্বীপ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন- প্রকৃতি ও বৈচিত্র্যের কোনো ঘাটতি নেই। পর্যটনকে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারও বিভিন্ন খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপির মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করছে।
কিন্তু পর্যটনের ক্ষেত্রে প্রশ্নটি শুধু ‘বিনিয়োগ হবে কি না’- এখানে আরও বড় প্রশ্ন হলো, বিনিয়োগকারী তার অর্থ কতটা নিরাপদে এবং কত সময়ের মধ্যে ফেরত পাবেন?
পর্যটন ব্যবসার বাস্তবতা বলছে, এই খাতে বিনিয়োগের সঙ্গে সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও অনেক বেশি। কোনো পর্যটনকেন্দ্রে একটি স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শুরু হয় নানা ধরনের ব্যয়। নির্মাণ ব্যয়, জমি বা লিজের মূল্য, পরিবহন, বিদ্যুৎ, পানি, জনবল, রক্ষণাবেক্ষণ, কর ও ভ্যাট- সব মিলিয়ে একটি প্রকল্প দাঁড় করাতে যে অর্থ প্রয়োজন হয়, তা অনেক সময় প্রাথমিক হিসাবকে ছাড়িয়ে যায়।
এর সঙ্গে রয়েছে পর্যটন ব্যবসার সবচেয়ে বড় অনিশ্চয়তা- সিজনালিটি। বছরের ১২ মাস একটি পর্যটন স্থাপনা সমানভাবে ব্যবসা করতে পারে না। কোনো কোনো গন্তব্যে পর্যটনের মৌসুম মাত্র কয়েক মাস। ফলে কাগজে-কলমে যে ব্যবসায়িক হিসাব আকর্ষণীয় মনে হয়, বাস্তবে সেটি অনেক দীর্ঘমেয়াদি বিনিয়োগে পরিণত হয়।
বিনিয়োগের আগে যে হিসাবটি কেউ দেখে না
ধরা যাক, সেন্টমার্টিনে একটি ভালো মানের কটেজ বা রুম নির্মাণে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করতে হয়। গড়ে একটি রুমের ভাড়া যদি ৬ হাজার ৫০০ টাকা ধরা হয় এবং ৬০ দিনের পর্যটন মৌসুমে সর্বোচ্চ ৪০ দিন রুমটি ভাড়া দেওয়া সম্ভব হয়, তাহলে মোট আয় দাঁড়ায় প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। এখানেই শেষ নয়। স্টাফের বেতন, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ-পানি, জমির ভাড়া বা লিজ ফি, ভ্যাটসহ আনুষঙ্গিক ব্যয় বাদ দিলে প্রকৃত আয় আরও কমে আসে। এসব খাতে মোট আয়ের ৫০ শতাংশ ব্যয় হয়েছে ধরে নিলে একটি রুম থেকে নিট আয় দাঁড়ায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ শুধু এই হিসাবেই প্রাথমিক বিনিয়োগ ফেরত পেতে ১৫ বছরেরও বেশি সময় প্রয়োজন হতে পারে।
কিন্তু পর্যটন স্থাপনার ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনও বাড়ে। একটি ইকো রিসোর্ট ছয়-সাত বছর চলার পর বড় ধরনের সংস্কারের প্রয়োজন হলে বিনিয়োগ ফেরতের সময় আরও দীর্ঘ হয়। ফলে কাগজে যে ব্যবসায়িক মডেল লাভজনক মনে হচ্ছে, বাস্তবে সেটি দীর্ঘমেয়াদি ঝুঁকির ব্যবসা হয়ে উঠতে পারে।
সাজেকের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ধরা যাক, ২০ লাখ টাকা ব্যয়ে একটি কটেজ নির্মাণ করা হলো। গড়ে ৪ হাজার ৫০০ টাকা ভাড়া ধরে বছরে ১৫০ দিন কটেজটি ভাড়া হলে মোট আয় দাঁড়ায় ৬ লাখ ৭৫ হাজার টাকা।
স্টাফ, রক্ষণাবেক্ষণ, ভ্যাট, বিদ্যুৎ-পানি, জায়গার ভাড়া বা লিজসহ আনুষঙ্গিক ব্যয় ৪০ শতাংশ ধরা হলে আয় থাকে প্রায় ৪ লাখ টাকা। সরল হিসাবে দেখলে মনে হতে পারে, পাঁচ বছরেই মূল বিনিয়োগ উঠে আসবে।
কিন্তু এখানেও রয়েছে আরেকটি বাস্তবতা। সাজেকের অনেক রিসোর্ট ও কটেজ কাঠনির্ভর। ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি কয়েক বছর পর বড় ধরনের সংস্কারের প্রয়োজন হতে পারে। তিন-চার বছরের মধ্যেই বড় সংস্কার বা পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিলে পাঁচ বছরের হিসাব আর বাস্তব থাকে না। বিনিয়োগ ফেরতের সময় সাত-আট বছর বা তারও বেশি হতে পারে।
টাঙ্গুয়ার হাওরের হাউসবোট ব্যবসা পর্যটনের আরেকটি সম্ভাবনাময় ক্ষেত্র। কিন্তু এখানে ঝুঁকির ধরন আরও আলাদা। একটি কাঠের হাউসবোটের কার্যকর স্থায়িত্ব সাধারণত তিন থেকে পাঁচ বছর ধরে পরিকল্পনা করতে হয়। অর্থাৎ একটি বোটে বড় অঙ্কের বিনিয়োগ করার পর কয়েক বছরের মধ্যেই আবার সংস্কার, মেরামত বা পুনর্নির্মাণের প্রয়োজন হতে পারে।
এর সঙ্গে রয়েছে আবহাওয়া, পানি, নৌপথ, নিরাপত্তা ও মৌসুমি পর্যটনের অনিশ্চয়তা। ফলে এখানে বিনিয়োগের রিটার্ন হিসাব করতে গেলে শুধু ভাড়া ও পর্যটকের সংখ্যা দিয়ে হিসাব করলে হবে না; সম্পদের আয়ুষ্কালকেও হিসাবের মধ্যে আনতে হবে।
ভ্যাটের চাপও বড় প্রশ্ন
পর্যটন ব্যবসায় পরিচালন ব্যয়ের পাশাপাশি কর ও ভ্যাটের কাঠামোও বিনিয়োগের হিসাবকে প্রভাবিত করে। উদ্যোক্তাদের অভিযোগ, এসি সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং নন-এসি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাটের হার অনেক সময় ব্যবসার ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করে। বিশেষ করে পর্যটন মৌসুম সীমিত হলে বিক্রয়মূল্যের ওপর এ ধরনের ব্যয়ের প্রভাব আরও বেশি অনুভূত হয়।
একটি পর্যটন প্রতিষ্ঠানের সেবা বিক্রি হলেও তার পেছনে যে বিপুল পরিচালন ব্যয় থাকে, তা সব সময় বিক্রয়মূল্যের হিসাব থেকে দৃশ্যমান হয় না। ফলে রাজস্ব আদায় এবং পর্যটন ব্যবসাকে টেকসই রাখার মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন।
যোগাযোগের খরচ, অদৃশ্য ব্যয় ও ব্যবসার বাস্তবতা
বাংলাদেশের অনেক পর্যটন গন্তব্য এখনও মূলধারার যোগাযোগ ব্যবস্থার বাইরে। ফলে নির্মাণসামগ্রী থেকে শুরু করে খাবার, আসবাব, যন্ত্রপাতিÑ প্রায় সবকিছুর পরিবহন ব্যয় বেড়ে যায়। কোনো কোনো দুর্গম গন্তব্যে একটি পণ্য পৌঁছানোর খরচ সমতলের তুলনায় অনেক বেশি।
এর পাশাপাশি উদ্যোক্তাদের সামনে এমন কিছু অতিরিক্ত ব্যয়ও থাকে, যা অনেক সময় প্রকাশ্যে ব্যবসায়িক হিসাবের অংশ হিসেবে বলা হয় না। ফলে প্রকল্পের প্রাথমিক ব্যয়-প্রাক্কলন এবং বাস্তব ব্যয়ের মধ্যে পার্থক্য তৈরি হয়।
এ ধরনের অনিশ্চয়তা বিনিয়োগকারীর ঝুঁকি বাড়ায়। বিশেষ করে তরুণ উদ্যোক্তারা যখন ব্যাংকঋণ বা ব্যক্তিগত সঞ্চয় দিয়ে পর্যটন ব্যবসায় আসেন, তখন দীর্ঘমেয়াদি রিটার্নের অনিশ্চয়তা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
বিনিয়োগ আছে, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?
পর্যটনের অবকাঠামো গড়ে তুলতে বিনিয়োগ যেমন প্রয়োজন, তেমনই সেই বিনিয়োগ রক্ষার জন্য সরকারি অবকাঠামোও প্রয়োজন।
দেশের গুরুত্বপূর্ণ অনেক পর্যটন গন্তব্যে পর্যাপ্ত ফায়ার সার্ভিস সুবিধা নেই। কোনো পর্যটনকেন্দ্রে শত শত পর্যটক অবস্থান করলেও জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা প্রস্তুতÑ সেটি বিনিয়োগের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
আবার উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলোতে রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি। সেন্টমার্টিনের মতো দ্বীপে পর্যটন অবকাঠামো তৈরি করা হলেও দুর্যোগের সময় সেই অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধব্যবস্থা নিয়ে নীতিগত জটিলতা দেখা দেয়।
এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নÑ প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং বিনিয়োগ সুরক্ষার মধ্যে ভারসাম্য কীভাবে তৈরি হবে?
মূল সমস্যা কি সমন্বয়ের অভাব?
বাংলাদেশের পর্যটন খাতের বড় চ্যালেঞ্জগুলোর একটি সম্ভবত এখানেইÑ একটি পর্যটন গন্তব্যকে আমরা একাধিক প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে দেখি, একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চল হিসেবে দেখি না।
পর্যটন উন্নয়ন নিয়ে একদিকে সভা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, মহাপরিকল্পনা হচ্ছে; অন্যদিকে মাঠপর্যায়ে বাস্তবতা অনেক সময় ভিন্ন। পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড, স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ, বিদ্যুৎ, পানি, ভূমি ব্যবস্থাপনা- অনেক সংস্থার সিদ্ধান্ত একটি পর্যটন প্রকল্পকে সরাসরি প্রভাবিত করতে পারে।
ফলে একটি সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু সংশ্লিষ্ট দপ্তরের নিজস্ব নিয়ম দেখলে হবে না। দেখতে হবে, সেই সিদ্ধান্ত পর্যটন বিনিয়োগ, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পরিবেশের ওপর কী প্রভাব ফেলবে। মিটিং হওয়াটাই শেষ কথা নয়; মিটিংয়ের সিদ্ধান্ত মাঠে কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটিই আসল। পর্যটন খাতের উন্নয়নে নীতিনির্ধারকদের বৈঠক প্রয়োজন। কিন্তু সেই বৈঠকের কার্যবিবরণী বা সিদ্ধান্ত যদি মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে ভালো উদ্যোগও কাঙ্ক্ষিত ফল দেবে না।
একটি পর্যটন গন্তব্যের জন্য ঢাকায় বসে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটি বাস্তবে ওই এলাকার ভূপ্রকৃতি, আবহাওয়া, স্থানীয় জনগোষ্ঠী, যোগাযোগ ব্যবস্থা, পর্যটকের আচরণ এবং উদ্যোক্তাদের বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণÑ সেটি যাচাই করা জরুরি।
নীতিনির্ধারণের আগে মাঠপর্যায়ের উদ্যোক্তা, স্থানীয় প্রশাসন, পরিবেশ বিশেষজ্ঞ, পর্যটন বিশেষজ্ঞ এবং স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে একই টেবিলে আনা গেলে সিদ্ধান্তের মান অনেক বেশি বাস্তবসম্মত হতে পারে।
‘ঝুঁকির খাত’ নয়, ‘সম্ভাবনার খাত’ করতে হবে
পর্যটনে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হলে শুধু ‘বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা অনেক’Ñ এই বার্তা যথেষ্ট নয়। বিনিয়োগকারীকে বিশ্বাস করাতে হবে যে তার বিনিয়োগের জন্য একটি পূর্বানুমানযোগ্য নীতিগত পরিবেশ রয়েছে।
প্রয়োজন হতে পারে পর্যটন বিনিয়োগের জন্য আলাদা প্রণোদনা, দীর্ঘমেয়াদি কর সুবিধা, সহজ অনুমোদন প্রক্রিয়া, পর্যটন অবকাঠামোয় সরকারি বিনিয়োগ, দুর্যোগঝুঁকি মোকাবিলায় সুরক্ষা ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যকর কাঠামো।
একই সঙ্গে গন্তব্যভিত্তিক বিনিয়োগ নীতিও প্রয়োজন। সেন্টমার্টিন, সাজেক, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার কিংবা সুন্দরবনের বাস্তবতা এক নয়। তাই সব জায়গায় একই নিয়ম প্রয়োগ না করে গন্তব্যের পরিবেশ, ভৌগোলিক বৈশিষ্ট্য ও ব্যবসায়িক বাস্তবতার আলোকে আলাদা নীতিমালা তৈরি করা যেতে পারে।
লেখক: সভাপতি, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ