মনির ফয়সাল, চট্টগ্রাম
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ পিএম
চট্টগ্রামের পর্যটনে চলছে সৌন্দর্যের আড়ালে দখল-বাণিজ্য
পাহাড়, সাগর, ঝরনা আর দ্বীপের অপার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম। কিন্তু সেই সৌন্দর্যের গা ঘেঁষেই এখন রাজত্ব করছে দখলবাজ, চাঁদাবাজ আর মুনাফালোভী এক চক্র। পতেঙ্গা থেকে সীতাকুণ্ড, বাঁশখালী থেকে কল্পলোক। প্রতিটি পর্যটন স্পট যেন পরিণত হয়েছে অনিয়মের এক জীবন্ত জাদুঘরে, যেখানে প্রকৃতির বিনিময়মূল্য নির্ধারণ করছে দখলদাররাই। প্রশাসনের প্রতিশ্রুতি আছে ভূরিভূরি, বাস্তবতা নেই কোথাও।
পতেঙ্গা : সৈকত নয়, যেন দখলবাজদের বাজার
চট্টগ্রামের সবচেয়ে আলোচিত পতেঙ্গা সমুদ্র সৈকত এখন কার্যত একটি অবৈধ বাণিজ্যকেন্দ্র। তিন শতাধিক দোকান গিলে খেয়েছে গোটা সৈকত। ওয়াকওয়ে, বসার ব্লক, এমনকি প্রবেশপথও হকারদের দখলে। নাগরদোলা, বিচ বাইক, ঘোড়ার রাইডের ভিড়ে হারিয়ে গেছে সাগরের নীলাভ দিগন্ত।
সবচেয়ে ভয়ংকর সত্যটি বেরিয়ে আসে খোদ এক দোকানদারের মুখেই। ফজল হক নামে এক খাবার বিক্রেতা নির্দ্বিধায় স্বীকার করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দোকান বসানোর কোনো অনুমতি নেই। অভিযান চালানো হলে দোকান গুটিয়ে ফেলি, এরপর পুনরায় চালু করি।’
এই একটি স্বীকারোক্তিই ফাঁস করে দেয় প্রশাসনের উচ্ছেদ অভিযানের আসল চেহারা। নিছক আইওয়াশ, যার আড়ালে চলছে দীর্ঘদিনের রাজনৈতিক বাণিজ্য। ৫ আগস্টের ক্ষমতা পরিবর্তনের আগে এই দখল নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা, এখন সেই লাগাম হাতবদল হয়ে চলে গেছে নতুন প্রভাবশালীদের কাছে। দখলদার বদলেছে, দখলের সংস্কৃতি বদলায়নি।
ভুক্তভোগী হচ্ছেন সাধারণ পর্যটক। পরিবার নিয়ে আসা আব্দুল্লাহ আল রহমান খানের আক্ষেপ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দোকানপাট সব জায়গায়, আগের মতো পরিবেশ নাই। টয়লেট ও খাওয়ার অসুবিধা রয়েছে।’ পর্যটক সামিউল রহমান বলেন, ‘প্রতিটি জিনিসের দাম বেশি। এগুলো মনে হয় দেখার কেউ নাই।’
পারকি সৈকত : ঝাউবন হারিয়ে ম্লান জনপ্রিয়তা
একসময় ঘন ঝাউবাগানের ছায়ায় জাহাজ চলাচল, লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ আর সূর্যাস্তের জন্য দেশজোড়া খ্যাতি ছিল আনোয়ারার পারকি সৈকতের। কিন্তু অযত্নে অধিকাংশ ঝাউগাছ ধ্বংস হয়ে যাওয়ায় সেই সৌন্দর্য এখন প্রায় বিলীন। ছুটির দিনে অন্তত পাঁচ হাজার দর্শনার্থী এলেও অবকাঠামো নামমাত্র। মাত্র দুটি রেস্তোরাঁ, দুটি পাবলিক শৌচাগার, নেই সুপেয় পানি। বিদ্যুৎ সংযোগ না থাকায় সন্ধ্যা নামতেই নামে ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো ট্যুরিস্ট পুলিশও। যানবাহনের টোল আদায় নিয়ে বাগ্বিতণ্ডাও নিত্যদিনের ঘটনা। চট্টগ্রাম নগর থেকে আসা মোহাম্মদ আকাশ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সৈকতের নাম শুনে বেড়াতে এসেছি, কিন্তু বসার জায়গাও নেই।’ স্থানীয় দোকানি লেয়াকত আলী বলেন, ‘লাল কাঁকড়া এখন আর সারা বছর দেখা যায় না বলেই হতাশ হয়ে ফিরে যান পর্যটকরা।’
সীতাকুণ্ড : প্রকৃতির টানে এসে ময়লার স্তূপে আটকা
চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী আর বাঁশবাড়িয়া বিচের অপার্থিব সৌন্দর্য দেখতে ছুটির দিনে ছুটে আসেন হাজারো মানুষ। শুধু গুলিয়াখালী-বাঁশবাড়িয়াতেই ১৫-২০ হাজার আর চন্দ্রনাথ পাহাড়ে ৮-১০ হাজার পর্যটক। কিন্তু এই বিপুল জনস্রোত সামলানোর মতো কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। পলিথিন, প্লাস্টিকের বোতল আর খাবারের উচ্ছিষ্টে নষ্ট হচ্ছে উপকূলীয় পরিবেশ। ঝরনাগুলোতে দুর্ঘটনার ঝুঁকি নিত্যদিনের সঙ্গী, বখাটেদের উপদ্রব তৈরি করে অজানা আতঙ্ক। পর্যাপ্ত শৌচাগার নেই, বিশ্রামাগার নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই।
মানিকগঞ্জ থেকে আসা পর্যটক বিপ্লব দাশ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চারদিকে শুধু ময়লার স্তূপ, টয়লেটের চরম সংকট এবং নিরাপত্তার অভাব। আমরা টাকা খরচ করে ঘুরতে এসে উল্টো নানাভাবে হয়রানির শিকার হই।’ স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেনও স্বীকার করে বলেন, তদারকির অভাবে ‘কিছু অসাধু লোক পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে।’
বাঁশখালী ইকোপার্ক : ভাঙা সেতু, পরিত্যক্ত কটেজ, শূন্য খাঁচা
২০০৩ সালে প্রায় এক হাজার হেক্টর জুড়ে গড়ে তোলা বাঁশখালী ইকোপার্ক আজ অবহেলায় বিবর্ণ। পার্কের প্রধান আকর্ষণ ৪০০ ফুটের ঝুলন্ত সেতু দর্শনার্থী উঠলেই দুলে ওঠে, একপাশে কাত হয়ে আছে বিপজ্জনকভাবে। দুটি হ্রদের একটি কচুরিপানায় ভরাট, ডুবে আছে ভাঙা নৌকা। হিলটপ কটেজ পরিত্যক্ত, বন্যপ্রাণীর খাঁচা দুটিই ফাঁকা। পুরো পার্কে চোখেই পড়েনি কোনো বন্যপ্রাণী। যাতায়াতের একমাত্র ভরসা এক নড়বড়ে কাঠের সেতু, যেখানে বড় গাড়ি প্রবেশই করতে পারে না। ফলে যে পার্ক হতে পারত দক্ষিণ চট্টগ্রামের গর্ব, তা আজ কার্যত পর্যটকশূন্য এক পরিত্যক্ত স্থাপনা।
কল্পলোক ও বাঁশখালী সৈকত : সম্ভাবনা আছে, নিরাপত্তা নেই
কর্ণফুলীর তীরে গড়ে ওঠা ‘কল্পলোক আবাসিক বিচ’ দিনের বেলা প্রাণবন্ত থাকলেও সন্ধ্যা নামলেই পরিণত হয় নিরাপত্তাহীন এক এলাকায়। যেখানে অন্ধকার নামার পর অবস্থান করাই কার্যত অসম্ভব। অন্যদিকে কক্সবাজারের পর দেশের দ্বিতীয় দীর্ঘতম সৈকত বাঁশখালীর ৩৭ কিলোমিটার। যার কাথরিয়া পয়েন্টকে স্থানীয়রা আদর করে ডাকেন ‘বাংলাদেশের নিউজিল্যান্ড’। সেটিও পড়ে আছে অবকাঠামো ও সড়ক উন্নয়নের অভাবে। পর্যটক মোবারক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পর্যাপ্ত ওয়াশ ব্লক আর ভালো মানের রেস্টুরেন্ট গড়ে উঠলে এটি কক্সবাজারের কাছাকাছি চলে আসবে। কিন্তু সেই ন্যূনতম সুবিধাটুকুই নেই।’
ব্যতিক্রম শুধু ফয়’স লেক, সেখানেও দামের অভিযোগ
অগোছালো এই চিত্রের বিপরীতে তুলনামূলক সুশৃঙ্খল উদাহরণ ফয়’স লেক ও সি ওয়ার্ল্ড। পৃথক অ্যাডাল্ট-শিশু রাইড ব্যবস্থা, প্রতিবন্ধীবান্ধব সুবিধা আর প্রায় ২৮০ জন স্থায়ী কর্মী নিয়ে পরিচালিত এই কমপ্লেক্স যেন মরুভূমিতে মরূদ্যান। তবু খাবারের চড়া দাম নিয়ে অসন্তোষ এখানেও। পর্যটক তাব্বাচ্ছুম আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খাবারের দাম গলাকাটার মতো।’
ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা কনকর্ডের উপব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পর্যটন খাতের বিকাশ জ্বালানি তেলের দাম, যাতায়াত খরচ, রাজনৈতিক পরিস্থিতি ও আবহাওয়ার ওপর নির্ভরশীল। এসব বাড়লে বা প্রতিকূল হলে পর্যটক কমে যায়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ছুটির দিনে দৈনিক চার-সাত হাজার অতিথি আসে, সাধারণ দিনে যা চারশ-পাঁচশতে নেমে আসে। প্রায় ২৮০ জন স্থায়ী কর্মী নিয়ে তারা নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ বজায় রাখার চেষ্টা করি।
প্রশাসনের প্রতিশ্রুতি বনাম মাঠের বাস্তবতা
চাপের মুখে নড়েচড়ে বসেছে প্রশাসনও। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পতেঙ্গা সি-বিচকে আধুনিক, পরিচ্ছন্ন ও আনন্দদায়ক করতে ইতোমধ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং রেস্তোরাঁগুলোকে মানসম্মত খাবার পরিবেশনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ দখলের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে সেখানে স্থায়ী অফিস বসিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। শৌচাগার সংকটও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বর্ষাকালে সীতাকুণ্ডের ঝরনাগুলোতে পর্যটকদের অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। যে কারণে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সচেতনতামূলক বিলবোর্ড ও পুলিশের যোগাযোগ নম্বর স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবসসহ বিভিন্ন সময়ে যৌথ উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম ও নিরাপত্তা জোরদার করা হয়। পর্যটকদের প্রতি সবসময় সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাঁশখালী ইকোপার্ক ও বাঁশখালী বিচ ডকুমেন্টেড তালিকায় রয়েছে এবং কোনো অপারেটর সেখানে পর্যটক নিয়ে গেলে তাদের সঙ্গে সমন্বয় করে ট্যুর পরিচালনা করা হবে। পর্যটন স্পটগুলোতে ওয়াশরুম ও অন্যান্য বেসিক ফ্যাসিলিটির অভাব দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে দেশি-বিদেশি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পর্যটন শিল্পের বিকাশে ইকোট্যুরিজমের ধারণা আত্মস্থ না করলে প্রাকৃতিক সম্পদ ও প্রকৃতির ভারসাম্যে অবনতি ঘটতে পারে। প্রকৃতিকে গুরুত্ব দিয়ে গাছপালাপূর্ণ ও নান্দনিক পরিবেশের সঙ্গে পর্যটনকে সমন্বয় করা গেলে এই শিল্প বহুগুণ বৃদ্ধি পাবে। টেকসই পর্যটনের জন্য ‘জিরো কার্বন ইমিশন’ তত্ত্ব গ্রহণ করা যেতে পারে। যাতে যেকোনো কার্বন নিঃসরণ প্রকৃতির মধ্যেই শোষিত হয়ে যায়।