× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

যাত্রীসেবা আমাদের ব্যবসার অন্যতম অগ্রাধিকার

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম

এভিয়েশন খাতে বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। পর্যটন প্রসারে নতুন উদ্যোগ, দেশের এভিয়েশন খাতের সম্ভাবনা, সংকট ও করণীয়, বিদ্যমান বাস্তবতা ও ইউএস-বাংলার ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম কিবরিয়া

প্রশ্ন : শুরু থেকে আজ পর্যন্ত ইউএস-বাংলার পথচলার সবচেয়ে বড় অর্জনগুলো কী কী?

উত্তর : ২০১৪ সালের ১৭ জুলাই মাত্র দুটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করেছিল ইউএস-বাংলা। আজ আমরা দেশের অন্যতম বৃহৎ বেসরকারি এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে আমাদের বহরে ২৫টি উড়োজাহাজ এবং প্রায় ৪ হাজার দক্ষ জনবল রয়েছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আমরা নিজেদের অবস্থান তৈরি করেছি। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো যাত্রীদের আস্থা অর্জন, ধারাবাহিকভাবে বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের সেবা প্রদান এবং বাংলাদেশি একটি এয়ারলাইনকে আন্তর্জাতিক প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা বিশ্বাস করি, একটি এয়ারলাইন শুধু ব্যবসা করে না- দেশের অর্থনীতি, পর্যটন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশ্ন : বর্তমানে ইউএস-বাংলার বহরে কতটি বিমান রয়েছে এবং আগামী দিনে বহর সম্প্রসারণের পরিকল্পনা কী?

উত্তর : বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে এয়ারবাস ৩৩০-৩০০, বোয়িং ৭৩৭-৮০০ এবং এটিআর ৭২-৬০০-এর মিক্সড এয়ারক্রাফট রয়েছে। তবে আমাদের পরিকল্পনা এখানেই সীমাবদ্ধ নয়। আমরা বড় পরিসরে বহর সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছি। ২০২৭ সালের মধ্যে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে আমাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং নতুন আন্তর্জাতিক গন্তব্য চালু ও বিদ্যমান রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

প্রশ্ন : যাত্রীসংখ্যা ও ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে গত এক বছরে কী ধরনের পরিবর্তন এসেছে?

উত্তর : ইউএস-বাংলার যাত্রীসংখ্যা ও ফ্লাইট নেটওয়ার্কে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। যাত্রীদের চাহিদা ও বাজারের পরিবর্তন বিবেচনা করে আমরা রুট ও ফ্লাইটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করছি।

আমাদের লক্ষ্য শুধু বেশি ফ্লাইট পরিচালনা করা নয়; বরং নিরাপত্তা, সময়ানুবর্তিতা, নির্ভরযোগ্যতা এবং যাত্রীসেবার মান বজায় রেখে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। বর্তমানে আমাদের অন-টাইম ডিপারচার পারফরম্যান্সও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। যা যাত্রা শুরুর পর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ৯০ শতাংশের অধিক ফ্লাইট অন-টাইম ডিপারচার পারফরম্যান্স বজায় রেখেছে।

প্রশ্ন : নতুন কোন কোন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে?

উত্তর : নতুন গন্তব্য নির্ধারণের ক্ষেত্রে আমরা যাত্রী চাহিদা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, প্রবাসী বাংলাদেশি এবং কানেক্টিভিটি- সবকিছু বিবেচনা করি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পরবর্তী সময়ে ইউরোপের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলো রয়েছে। বর্তমানে ১০টি দেশের ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছি। উল্লেখযোগ্য গন্তব্যগুলো হচ্ছে- জেদ্দা, রিয়াদ, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মালদ্বীপ, কলকাতা ও চেন্নাই। পরবর্তী পরিকল্পনায় রয়েছে- কাঠমান্ডু, কলম্বো, দিল্লি, ব্যাঙ্গালোর, মদিনা, দাম্মাম, কুয়েত, বাহরাইন, সালালাহ, মালয়েশিয়ার পেনাং ও জহুরবারু। ২০২৮ সালের মধ্যে ইউরোপের লন্ডন, রোম এবং ২০৩০ সালের মধ্যে উত্তর আমেরিকার টরেন্টো, নিউইয়র্ক এবং অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কাঠামোগতভাবে আমরা ঢাকা থেকে একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেটকে আরও কার্যকর এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও আমরা দেখছি। আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন কানেক্টিং হাব হিসেবে প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা।

প্রশ্ন : যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি কমাতে ইউএস-বাংলা কী ধরনের উদ্যোগ নিয়েছে?

উত্তর : যাত্রীসেবা আমাদের ব্যবসার অন্যতম প্রধান অগ্রাধিকার। অভিযোগের দ্রুত সমাধান, তথ্যপ্রাপ্তি সহজ করা, গ্রাউন্ড ও কেবিন সার্ভিস উন্নত করা এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।

একই সঙ্গে ব্যাগেজ ডেলিভারি, ফ্লাইটের সময়সূচি, চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়াসহ প্রতিটি পর্যায়ে যাত্রীর অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করছি। আমরা মনে করি, একজন যাত্রীর অভিযোগকে শুধু অভিযোগ হিসেবে নয়, সেবা উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখতে হবে।

প্রশ্ন : পাইলট, কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফদের প্রশিক্ষণে কী ধরনের গুরুত্ব দেওয়া হয়?

উত্তর : এভিয়েশন শিল্পে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনো ধরনের আপস করি না। পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার, গ্রাউন্ড অপারেশনসহ প্রতিটি পর্যায়ের কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা রয়েছে। আমরা শুধু বর্তমান প্রয়োজন মেটানোর জন্য জনবল তৈরি করছি না; বরং ভবিষ্যতের আন্তর্জাতিক মানের এভিয়েশন পেশাজীবী তৈরি করার ওপরও গুরুত্ব দিচ্ছি। আমাদের দ্রুত সম্প্রসারণের সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টিও সমানভাবে এগিয়ে নিতে হবে।

প্রশ্ন : বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ নিয়ে আপনার আশাবাদ কতটা? ইউএস-বাংলার ভবিষ্যৎ লক্ষ্য কী?

উত্তর : বাংলাদেশের এভিয়েশন খাতের সম্ভাবনা অত্যন্ত বিশাল। প্রায় ১৮ কোটি মানুষের দেশ, বিপুল প্রবাসী জনগোষ্ঠী, ক্রমবর্ধমান পর্যটন, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানÑ সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন মার্কেটে পরিণত হওয়ার সক্ষমতা রাখে। আমাদের লক্ষ্য শুধু দেশের সবচেয়ে শক্তিশালী এয়ারলাইন হওয়া নয়, ইউএস-বাংলাকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এভিয়েশন গ্রুপ হিসেবে প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে অবদান রাখা। আগামী দিনে নতুন উড়োজাহাজ, নতুন গন্তব্য, উন্নত যাত্রীসেবা, দক্ষ মানবসম্পদ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা আরও বড় পরিসরে এগিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি, ‘বাংলাদেশের আকাশ থেকে বিশ্বের আকাশে’Ñ এই যাত্রায় ইউএস-বাংলা শুধু একটি এয়ারলাইন নয়, বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশীদার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা