× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরের দিনরাত্রি

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল, কিশোরগঞ্জ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০২ পিএম

হাওরের দিনরাত্রি

হাওরের দিনরাত্রি

হাওরে বর্ষা এবার এসেছে একটু দেরিতে। পাশাপাশি কাঙ্ক্ষিত পরিমাণ পানির দেখা মেলেনি হাওরে। বিলম্বে কম পানি এলেও গত দুই মাস ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলার হাওরগুলো সেজেছে নবরূপে। হাওরের অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে অগণিত ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছে হাওর ভ্রমণে। বিস্তীর্ণ হাওরের যেদিকে চোখ যায় সেদিকেই অনাবিল সৌন্দর্যের স্বপ্নিল মায়াময় দৃশ্য। এসব দৃশ্য হাতছানি দিয়ে কাছে টানে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষকে।

চিত্তবিনোদনহীন মানুষ একটু আনন্দের খোঁজে চলে আসে হাওরের ভাসমান অলওয়েদার সড়ক, ভাসমান ব্রিজ, বিভিন্ন প্রজাতির বন, দিগন্ত বিস্তীর্ণ জলরাশি দেখতে। বিকালের হাওরের অবারিত নীল আকাশ। সূর্য ডুবে যাওয়ার রক্তিম আবহ উপভোগ করার জন্য সমুদ্র সৈকত ছাড়া একমাত্র মাধ্যমে হয়ে দেখা দিয়েছে বিস্তীর্ণ হাওরের বিশাল জলরাশি। এবার এই সময়ে ভ্রমণপিপাসুদের জন্য যেন সৌন্দর্যের বিপুল পসরা সাজিয়ে বসে আছে হাওর। জেলার হাওরের পাড়ে পাড়ে এখন ভ্রমণপিপাসুদের কলরব; যা নভেম্বর মাস পর্যন্ত চলবে। 

তারুণ্যের বাঁধভাঙা ঢল আর উচ্ছ্বাসে মাতোয়ারা হাওর যেন পরিণত হয়েছে পর্যটনের এক বিশাল সম্ভাবনাময় স্বর্গপুরীতে। কিন্তু এই সময়ে হাওর ভ্রমণ মারাত্মক ঝুঁকিপূর্ণ। সাঁতার না জানা মানুষ এবং হাওর সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য হাওর খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ভ্রমণে গিয়ে প্রতি বছর একাধিক ভ্রমণকারী হাওরের পানিতে ডুবে মারা গেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হাওরে চলাফেরা করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। কারণ হাওরে এ সময়ে মৃত্যুঝুঁকি বেশি। এ সময় হাওরের আবহাওয়ার গতিবিধি খুব অভিজ্ঞ হাওরবাসী ছাড়া অন্য জেলার মানুষের জন্য খুবই কঠিন ও দুরূহ বিষয়।

ভয়েজ অব হাওরের কর্ণধার অনুপম মাহমুদ বলেন, বর্ষার শুরুতে এবং শেষে জলমগ্ন ও পানি নিচে গড়িয়ে পড়ার আবহ হাওরের রূপ লাবণ্য আরও বাড়িয়ে দেয়। উপচে পড়া পানি ও নিম্নগামী পানি দুটিই দৃষ্টিনন্দন। যদিও পানি ছাড়া হাওর অসম্পূর্ণ। প্রশাসনের নির্দেশনা মেনে হাওরের সৌন্দর্য উপভোগ করুন এবং সন্ধ্যার আগেই নিরাপদ স্থানে ফিরে আসুন। এবার লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বর্ষার এই শেষ সময়েও হাওর ভ্রমণের আগ্রহ প্রকাশ করছেন, যা হাওরবাসীর জন্য সুখবর। কারণ হাওরকে কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁ, নৌকার মাঝি-মাল্লাসহ অসংখ্য মানুষ এ সময় নানা পেশায় জড়িয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। বিকাশমান হাওর অধ্যুষিত পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে যানবাহন সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। হাওরের অপূর্ব সৌন্দর্য দেখা ও উপভোগ করার জন্য তিনি সারা দেশের মানুষকে আহ্বান জানান।

দেখা গেছে, শুকনো মৌসুমে হাওর মানে মাইলের পর মাইল ফসলি জমি, ধুলোউড়া মেঠোপথ, রুপালি নদী। এই বর্ষায় অন্য বছরের চেয়ে হাওরে পানি তুলনামূলকভাবে কম বলে মনে হচ্ছে। তারপরও পানির টানে এবার হাওরের বেশ কয়েকটি স্থানে ঢল নেমেছে দর্শনার্থীদের। নিকলী উপজেলা দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, প্রতি বর্ষার দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসু লোকজন বেড়িবাঁধে আসে। এবারও বর্ষার শুরু থেকে এখন পর্যন্ত নিকলী বেড়িবাঁধে মানুষ আসছে। হোটেল-রেস্তোরাঁয় বসছে আড্ডা। প্রতিদিন নতুন উচ্ছ্বাস-আনন্দে ভাসছে নিকলী হাওরের বেড়িবাঁধ এলাকা। সরেজমিন দেখা গেছে, নিকলীর বেড়িবাঁধ যেন হয়ে ওঠে সমুদ্র সৈকতের বিকল্প; যার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশসহ অর্থনৈতিকভাবে এ এলাকার মানুষের জীবনমান উন্নতসহ দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু হাওরে সাবধানে চলতে হবে। অন্যথায় যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে।

হাওরের দ্বার হিসেবে সুপরিচিত চামড়াঘাট নৌবন্দর ও বালিখলা ঘাটে দূর থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ হাওরের বিশালত্ব দেখতে ছুটে যান। ফলে ভ্রমণপিপাসুদের কলতানে চামড়াঘাট নৌবন্দর ও বালিখলা ঘাট জমজমাট হয়ে ওঠে। হাওরের করিমগঞ্জ উপজেলার বালিখলা ও হাসানপুর ব্রিজ এবার হাওরের আনন্দে নতুনমাত্রা যোগ করেছে। পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, হাওর প্রতি বছর অপূর্ব সাজে সেজে দৃষ্টিনন্দন আবহ সৃষ্টি করে। তাই প্রতি বছরই হাওরে মানুষের পদচারণা বাড়ছে। তারপরও যারা হাওরের অথৈ পানিতে সৌন্দর্য দেখতে চানÑ তাদের সাবধানতা অবলম্বন করতে হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা