সুফল চাকমা, বান্দরবান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩ পিএম
পাহাড়ের স্বর্গরাজ্য বান্দরবান
আঁকাবাঁকা পাহাড়ি পথ, উঁচু-নিচু সবুজ পাহাড়, মেঘ, নদী, ঝিরি, জলপ্রপাত আর ঝরনার মেলবন্ধনে গড়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এ জেলা ভ্রমণপিপাসুদের কাছে যেন এক স্বর্গরাজ্য।
দীর্ঘদিন বিভিন্ন কারণে বন্ধ থাকার পর প্রশাসনের অনুমতি পাওয়া পর্যটনকেন্দ্রগুলো এখন পর্যটকদের জন্য উন্মুক্ত। পাহাড় ও মেঘের এই জেলায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। দীর্ঘ ছুটি, শীত কিংবা বর্ষার শেষে প্রকৃতির ভিন্ন রূপ উপভোগ করতে বান্দরবান হতে পারে ভ্রমণপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য।
এ সময় বান্দরবানে ভ্রমণে এলে বাড়তি পাওনা হিসেবে দেখা মিলবে পাহাড়ের ঢালে জুম চাষের পাকা ধান কাটার দৃশ্য। সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে সোনালি জুমধানের আভা মুগ্ধ করবে যে-কাউকে। আর অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকরা জুমঘরের মালিকের অনুমতি নিয়ে কোনো কোনো এলাকায় জুমঘরে রাত কাটানোর অভিজ্ঞতাও নিতে পারেন। তবে পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনের সর্বশেষ নির্দেশনা মেনে চলা এবং স্থানীয় গাইডের সহায়তা নেওয়া জরুরি।
দেবতাখুমে বাঁশের ভেলায় রোমাঞ্চ : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম আকর্ষণ দেবতাখুম। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া সরু জলধারা, দুপাশের সুউচ্চ পাথুরে পাহাড় এবং শীতল পরিবেশ মিলিয়ে দেবতাখুমে ভ্রমণ হতে পারে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা।
খুমের কোনো কোনো অংশ ৭০ থেকে ৯০ ফুট পর্যন্ত গভীর বলে স্থানীয়ভাবে জানা যায়। দুপাশের উঁচু পাহাড়ের কারণে অনেক জায়গায় সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। বাঁশের ভেলায় করে খুমের ভেতরে প্রবেশের সময় পর্যটকরা উপভোগ করেন এক অন্যরকম অনুভূতি।
নিরাপত্তার কারণে দীর্ঘ সময় দেবতাখুমে পর্যটক ভ্রমণ বন্ধ ছিল। পরে প্রশাসনের সিদ্ধান্তে পর্যটকদের জন্য এটি আবার উন্মুক্ত করা হয়।
যেভাবে যাবেন দেবতাখুম : বান্দরবান শহরের বাস টার্মিনাল থেকে চাঁদের গাড়ি, জিপ, মাহিন্দ্রা বা সিএনজি অটোরিকশাযোগে রোয়াংছড়ির কচ্ছপতলী বাজার পর্যন্ত যাওয়া যায়। বান্দরবান শহর থেকে কচ্ছপতলী বাজারের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার।
কচ্ছপতলী বাজারে পৌঁছে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় গাইডের সহায়তায় দেবতাখুমের পথে যেতে হয়। সেখান থেকে ঝিরি ও পাহাড়ি পথ ধরে ৩০ থেকে ৪০ মিনিট হাঁটলে পৌঁছানো যায় দেবতাখুমে।
নীলাচল - মেঘের ভেলায় বান্দরবান শহর : বান্দরবান শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে টাইগারপাড়ায় অবস্থিত নীলাচল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত এ পর্যটনকেন্দ্র থেকে পুরো বান্দরবান শহরকে পাখির চোখে দেখা যায়। সারি সারি পাহাড়, সবুজ উপত্যকা, পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা সড়ক, পাহাড়ি বসতি আর দূর আকাশে ভেসে থাকা মেঘÑ সব মিলিয়ে নীলাচলের সৌন্দর্য অন্যরকম। মেঘলা দিনে পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি নীলাচলকে আরও আকর্ষণীয় করে তোলে।
গোল্ডেন টেম্পল - শান্ত পরিবেশে বৌদ্ধ স্থাপত্য : বান্দরবান শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে কানাইপাড়া এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান গোল্ডেন টেম্পল। মিয়ানমারের মন্দির স্থাপত্যের আদলে নির্মিত এ বৌদ্ধমন্দিরটি কারুকার্যের অনন্য নিদর্শন। পাহাড়ের ওপর নির্মিত মন্দিরটির অন্যতম আকর্ষণ বিশাল বুদ্ধমূর্তি।
ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি স্থাপত্যশৈলীর কারণেও এখানে প্রতিদিন অনেক পর্যটক আসেন। তবে এটি একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ায় দর্শনার্থীদের সংযত আচরণ ও স্থানীয় ধর্মীয় রীতিনীতি মেনে চলা উচিত।
মেঘলা পর্যটন কমপ্লেক্স : বান্দরবান শহরের কাছেই মেঘলা পর্যটন কমপ্লেক্স। চারদিকে পাহাড় আর মাঝখানে স্বচ্ছ পানির লেকÑ প্রকৃতিপ্রেমীদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান।
লেকে নৌভ্রমণ, পাহাড়ি পথে হাঁটা, ঝুলন্ত সেতু পার হওয়া, শিশুপার্ক, প্যাডেল বোট ও কেবল কারসহ রয়েছে নানা বিনোদনের ব্যবস্থা। পরিবার নিয়ে স্বল্প সময়ে ঘোরার জন্য মেঘলা হতে পারে ভালো একটি গন্তব্য।
নীলাচল-মেঘলা-গোল্ডেন টেম্পলে যেভাবে যাবেন : নীলাচল, মেঘলা ও গোল্ডেন টেম্পল বান্দরবান-চট্টগ্রাম সড়কের কাছাকাছি হওয়ায় জেলা শহর থেকে চাঁদের গাড়ি, জিপ, মাহিন্দ্রা বা সিএনজিযোগে সহজেই যাওয়া যায়। চাইলে কেরানীহাটগামী লোকাল বাসেও যাওয়া সম্ভব।
প্রান্তিক লেক - পাহাড়-অরণ্যের মাঝে জলরাশি : বান্দরবান শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হলুদিয়া এলাকায় প্রান্তিক লেক। পাহাড় ও অরণ্যে ঘেরা প্রায় ৬৫ একর এলাকার এ পর্যটনকেন্দ্র প্রকৃতিপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে। এখানে রয়েছে জলাশয়, বিভিন্ন প্রজাতির গাছগাছালি, পিকনিক স্পট, বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার, ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপলাইন, কিডস কর্নার ও সৌরবিদ্যুৎচালিত বোট।
প্রশাসনের অনুমতি নিয়ে লেকে মাছ ধরার সুযোগ রয়েছে। পাশাপাশি তাঁবু টাঙিয়ে ক্যাম্পিং করার ব্যবস্থাও রয়েছে।
চিম্বুক পাহাড় - মেঘ ছোঁয়ার হাতছানি : বান্দরবান শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক ধরে চিম্বুক যাওয়ার পুরো পথই পর্যটকদের কাছে আকর্ষণীয়।
চিম্বুকের ওপর থেকে নিচে তাকালে পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের খেলা দেখা যায়। একই সড়কে চিম্বুক, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, নীলগিরি, মিলনছড়ি ও শৈলপ্রপাত থাকায় পর্যটকরা সাধারণত একটি গাড়ি ভাড়া করে এসব স্থান ঘুরে দেখেন।
শৈলপ্রপাত - পাহাড়ি জীবনের কাছাকাছি : মিলনছড়ি এলাকায় অবস্থিত শৈলপ্রপাত বান্দরবানের পরিচিত ঝরনাগুলোর একটি। পাহাড়ি পাথরের ওপর দিয়ে স্বচ্ছ পানি নেমে আসার দৃশ্য মন কাড়ে পর্যটকদের।
ঝরনার পাশে গড়ে ওঠা ছোট বাজারে স্থানীয় জনগোষ্ঠীর তৈরি তাঁতের পণ্য এবং পাহাড়ি ফলমূল পাওয়া যায়। আনারস, পেয়ারা, জাম্বুরাসহ বিভিন্ন মৌসুমি ফল পর্যটকরা এখান থেকে কিনে খেতে পারেন।
শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, শৈলপ্রপাতের আশপাশে স্থানীয় মানুষের জীবনযাত্রাও কাছ থেকে দেখার সুযোগ রয়েছে।
নীলগিরি - মেঘের দেশে এক রাত : সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। মেঘে ঢাকা পাহাড়, বিস্তীর্ণ আকাশ, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য নীলগিরিকে আলাদা করেছে। এখানকার হেলিপ্যাডও পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। পাহাড়ের ওপর থেকে মেঘের ভেলা দেখার পাশাপাশি নিরিবিলি পরিবেশ উপভোগ করা যায়।
নীলগিরি যাওয়ার উপায় : বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি, জিপ, মাহিন্দ্রা বা সিএনজিযোগে নীলগিরি যাওয়া যায়। দুই থেকে চারজনের ছোট দল হলে মাহিন্দ্রা বা সিএনজি তুলনামূলক সুবিধাজনক হতে পারে। বড় দল হলে চাঁদের গাড়ি ভাড়া করা যায়।
চিম্বুক, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, শৈলপ্রপাত ও নীলগিরি একই রুটে হওয়ায় এক দিনের ভ্রমণ পরিকল্পনায় এসব স্থান একসঙ্গে রাখা যায়।
মিরিঞ্জা ভ্যালি - মেঘের সঙ্গে রাতযাপন : বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য। প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির কারণে সাময়িকভাবে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হলেও আবহাওয়া স্বাভাবিক থাকায় বর্তমানে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন লামা পর্যটন রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি মো. রফিকুল ইসলাম।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৬০০ ফুট উচ্চতায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালির প্রধান আকর্ষণ পাহাড় ও মেঘের লুকোচুরি। ভোরে সূর্যোদয়ের সময় পাহাড়ের ওপর দিয়ে মেঘের ভেসে চলা দৃশ্য মন ছুঁয়ে যায়।
এখানে পাহাড়িদের জুমঘরের আদলে তৈরি মাচাংঘরে রাত্রিযাপনের সুযোগ রয়েছে। চাইলে তাঁবু টাঙিয়েও রাত কাটানো যায়। রাতে দূরের শহরের আলো আর পাহাড়ের নীরবতা মিলে তৈরি করে ভিন্ন এক পরিবেশ।
মিরিঞ্জা ভ্যালিতে থাকবেন ও খাবেন কোথায় : মিরিঞ্জা ভ্যালিতে ব্যক্তিমালিকানাধীন বেশ কয়েকটি ছোট মাচাংঘর ও রেস্টুরেন্ট রয়েছে। সেখানে থাকা ও খাবারের ব্যবস্থা পাওয়া যায়। অর্ডার করলে প্রয়োজন অনুযায়ী রুমেও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ছুটির সময় গেলে আগে থেকে থাকার জায়গা বুকিং করে যাওয়া ভালো।
যেভাবে যাবেন মিরিঞ্জা ভ্যালি : বান্দরবান শহর থেকে মিরিঞ্জা ভ্যালির দূরত্ব প্রায় ৮৬ কিলোমিটার। কক্সবাজারের চকরিয়া থেকে দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার এবং লামা উপজেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার।
ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে চকরিয়া নেমে সেখান থেকে লামা-আলীকদমগামী বাস বা চাঁদের গাড়িতে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া যায়। ঢাকা থেকে সরাসরি আলীকদমগামী বাসে গেলেও মিরিঞ্জা ভ্যালির কাছে নামা সম্ভব।
মিরিঞ্জা ভ্যালি, আলীকদমের মারাইতং পাহাড় ও আলী গুহা একই সড়কের বিভিন্ন গন্তব্য হওয়ায় পরিকল্পনা করে গেলে একসঙ্গে কয়েকটি পর্যটনকেন্দ্র ঘুরে দেখা যায়।
আলী গুহা - পাহাড়ের ভেতরের রহস্য : আলীকদম উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাতামুহুরী-তৈন খাল সংলগ্ন পাহাড়ে অবস্থিত আলী গুহা বা আলী সুড়ঙ্গ। প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া এ গুহা ঝিরি থেকে প্রায় ৫০ ফুট ওপরে অবস্থিত। তৈন খাল থেকে ঝিরিপথ ধরে ১০ থেকে ১৫ মিনিট হাঁটলেই গুহার দেখা মেলে।
এখানে মোট তিনটি গুহা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিত। এর মধ্যে দ্বিতীয় গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া যায়। অন্ধকার পাহাড়ি গুহার ভেতর দিয়ে চলার অভিজ্ঞতা ভ্রমণপ্রেমীদের জন্য হতে পারে রোমাঞ্চকর।
আলী গুহায় যেভাবে যাবেন : আলীকদম বাজার বা পানবাজার থেকে টমটম কিংবা অটোরিকশায় তৈন খাল ব্রিজে যেতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। এরপর স্থানীয় গাইডের সহায়তায় ১০ থেকে ২০ মিনিট ঝিরিপথ ধরে হাঁটলেই পৌঁছানো যায় আলী গুহায়। হাতে দুই ঘণ্টা সময় থাকলেও আলীকদম বাজার থেকে ঘুরে আসা সম্ভব।
বগা লেক ও কেওক্রাডং : রুমা উপজেলার রহস্যময় বগালেক ভ্রমণে গেলে কাছাকাছি কেওক্রাডংও ঘুরে আসার সুযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কেওক্রাডং ভ্রমণের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বর্তমানে সুংসাংপাড়া পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। সেখানে ব্যক্তিমালিকানাধীন রিসোর্টে রাত্রিযাপন করা যায়। ছুটির দিনে পর্যটকের চাপ বেশি থাকায় আগে থেকেই বুকিং করে যাওয়া ভালো। অন্যান্য দিনে সাধারণত আগে বুকিং না করেও থাকার সুযোগ পাওয়া যেতে পারে।
তমাতুঙ্গী পাহাড় - একসঙ্গে কয়েক পাহাড়ের দৃশ্য : থানচি উপজেলার তমাতুঙ্গী পাহাড়ে উঠলে চারপাশের পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায়। এখান থেকে কেওক্রাডং, তাজিংডং ও ডিম পাহাড়সহ আশপাশের পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়।
ব্যক্তি উদ্যোগে এখানে তমাতুঙ্গী রিসোর্ট গড়ে উঠেছে। একসঙ্গে প্রায় ৫০ থেকে ৬০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে ছুটির সময়ে আগে থেকেই বুকিং করে যাওয়া ভালো।
তিন্দু-বড় পাথর-রেমাক্রী-নাফাখুম : থানচি থেকে তিন্দু, বড় পাথর, রেমাক্রী ফলস ও নাফাখুমের পথে যেতে পারেন পর্যটকরা। রেমাক্রী ফলসের কাছে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে শিলগিরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট।
এখানে একসঙ্গে প্রায় ৭০ থেকে ৮০ জনের স্বল্প খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। থানচি থেকে সকালে গিয়ে বিকালে ফিরে আসা সম্ভব হলেও নাফাখুম ভ্রমণে সময় বেশি লাগতে পারে। সে ক্ষেত্রে রেমাক্রী ফলসের কাছে রাতযাপন করে পরদিন যাত্রা করাই সুবিধাজনক।
কোন পথে যাবেন : বান্দরবান শহর থেকে নীলাচল, মেঘলা, গোল্ডেন টেম্পল, প্রান্তিক লেক, চিম্বুক, নীলগিরি ও শৈলপ্রপাত সহজে ঘুরে দেখা যায়। অন্যদিকে লামা ও আলীকদমের মিরিঞ্জা ভ্যালি, মারাইতং পাহাড় ও আলী গুহা দেখতে চাইলে চকরিয়া হয়ে যাওয়া সুবিধাজনক। আর রোয়াংছড়ি, রুমা ও থানচির দুর্গম পর্যটনকেন্দ্রগুলোতে যাওয়ার ক্ষেত্রে স্থানীয় গাইডের সহায়তা নেওয়া জরুরি। প্রশাসনের নির্ধারিত তথ্যকেন্দ্রে পর্যটকদের নিবন্ধন করতে হতে পারে। প্রয়োজনীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখা ভালো।
নিরাপত্তা ও প্রয়োজনীয় সতর্কতা : পাহাড়ি এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, পর্যটনকেন্দ্রের কর্তৃপক্ষ বা স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে যাওয়া উচিত।
রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমের দুর্গম এলাকায় স্থানীয় গাইড ছাড়া ভ্রমণ করা উচিত না। প্রশাসনের নির্দেশনা মেনে নির্ধারিত পথে চলতে হবে এবং পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি, ধর্মীয় স্থান ও স্থানীয় মানুষের প্রতি সম্মান দেখাতে হবে। বিশেষ করে বৌদ্ধবিহার, মন্দির ও পবিত্র ধর্মীয় স্থানে শালীন পোশাক ও সংযত আচরণ বজায় রাখা জরুরি।
জরুরি যোগাযোগ : বান্দরবান রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম-০১৮২০৪২৫০৯০, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন-০১৮৭৪৫৫৫০০৫
পর্যটকদের জন্য বান্দরবান কেন আলাদা : বান্দরবানে শুধু পাহাড় দেখার সুযোগ রয়েছে এমন নয়; এখানে পাহাড়ি মানুষের জীবন, জুমচাষ, সংস্কৃতি, ঐতিহ্য, নদী-ঝিরি, মেঘ, বন ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কও দেখার সুযোগ রয়েছে।
বর্ষা শেষে যখন পাহাড়ের সবুজ আরও সতেজ থাকে, তখন জুমের পাকা ধান কাটার মৌসুমও শুরু হয়। সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে সোনালি জুমধানের দৃশ্য তখন বান্দরবানের সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা।
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মতে, বর্ষাশেষের মেঘ, শীতের আগমনী আবহ, পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জুমচাষে উৎপাদিত ফসল ঘরে তোলার দৃশ্য এবং পাহাড়ের বৈচিত্র্যময় প্রকৃতি উপভোগে আগামী ছুটিতে দেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে বান্দরবান।
তাই পাহাড়ের স্বর্গরাজ্যে বেড়াতে এলে শুধু পর্যটনকেন্দ্র দেখে ফিরে না গিয়ে প্রকৃতি, পাহাড়ি মানুষের জীবন ও সংস্কৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করুনÑ তাহলেই দেখা-অদেখা বান্দরবানকে আরও গভীরভাবে চেনা সম্ভব।