× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৃতির ক্যানভাসে দেখি বাংলার মুখ

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২২ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩ পিএম

প্রকৃতির ক্যানভাসে দেখি বাংলার মুখ     অলংকরণ: তানভীর মালেক

প্রকৃতির ক্যানভাসে দেখি বাংলার মুখ অলংকরণ: তানভীর মালেক

বাংলাদেশ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত জলরঙের ছবি। নদী-নালা, পাহাড়, সমুদ্র, বন, বন, হাওর, চা-বাগান আর সবুজের বিস্তীর্ণ প্রান্তর ছোট্ট ভূখণ্ডের ভেতরেই প্রকৃতি এখানে মেলে ধরেছে তার বৈচিত্র্যের অসংখ্য রূপ। ঋতু বদলের সঙ্গে বদলে যায় দৃশ্যপট, রঙ ও আবহ। কখনও বর্ষার পানিতে ভেসে ওঠে হাওর, কখনও শরতের আকাশে সাদা মেঘের ভেলা, আবার শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়ে গ্রামবাংলা। ফলে পর্যটনের সম্ভাবনার বিচারে বাংলাদেশ কোনো অংশেই পিছিয়ে নেই; বরং পরিকল্পিত উদ্যোগে এই সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপ দেওয়ার সুযোগ রয়েছে বিপুল।

বিশ্বজুড়েই পর্যটন এখন কেবল অবকাশযাপনের মাধ্যম নয়; এটি কর্মসংস্থান, বিনিয়োগ, স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ বছর

বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য- ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে বাংলাদেশের পর্যটন খাতও নতুন বাস্তবতার মুখোমুখি। ডিজিটাল প্রচার, স্মার্ট পর্যটনসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্যনির্ভর পর্যটন ব্যবস্থাপনা দেশের পর্যটনকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

পরিকল্পিত পর্যটনের পথে বাংলাদেশ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পর্যটন মহাপরিকল্পনায় দেশের পর্যটন উন্নয়নে আঞ্চলিক ও কাঠামোগত পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের আট বিভাগকে আটটি পর্যটন অঞ্চলে ভাগ করে সম্ভাবনাময় এলাকাগুলোকে পরিকল্পিতভাবে বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন অবকাঠামো তৈরির জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার পাশাপাশি সারা

দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন গন্তব্যও চিহ্নিত করা হয়েছে। মহাপরিকল্পনায় শুধু পর্যটনকেন্দ্র নির্মাণের কথা বলা হয়নি; পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষ ও প্রতিষ্ঠানের দায়িত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পর্যটন অংশীজন, স্থানীয় জনগোষ্ঠী, পর্যটক ও সেবা প্রদানকারীদের জন্য থিমভিত্তিক আচরণবিধি নির্ধারণের উদ্যোগ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের পর্যটনকে বিচ্ছিন্ন কিছু গন্তব্যের সমষ্টি হিসেবে নয়, একটি সমন্বিত শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনাই এখানে প্রাধান্য পেয়েছে।

এক দেশ, বহুরূপী প্রকৃতি

বাংলাদেশের পর্যটন সম্ভাবনার সবচেয়ে বড় শক্তি তার প্রকৃতি। দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর, উত্তর-পূর্বে পাহাড় ও চা-বাগান, পূর্বে পার্বত্য ভূপ্রকৃতি আর দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন- ভৌগোলিক বৈচিত্র্যই যেন দেশের পর্যটনের সবচেয়ে বড় সম্পদ।

কক্সবাজারে সমুদ্রের বিশালতা যেমন পর্যটকদের টানে, তেমনই ইনানী, হিমছড়ি, দরিয়ানগর, পাটুয়ারটেক কিংবা মেরমেইডের মতো গন্তব্যগুলো সমুদ্রভ্রমণে যোগ করে ভিন্ন মাত্রা। দীর্ঘ সমুদ্রসৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য, নীল জল আর সোনালি বালুর মেলবন্ধন বাংলাদেশের পর্যটনচিত্রে আলাদা পরিচয় তৈরি করেছে।

উত্তর-পূর্বের সিলেট যেন প্রকৃতির অন্য এক অধ্যায়। পাহাড়ের ঢালে চা-বাগানের সবুজ, পাথরের ওপর দিয়ে ছুটে চলা স্বচ্ছ জলধারা, টিলা, ঝরনা আর জলাভূমি সব মিলিয়ে এ অঞ্চল প্রকৃতিপ্রেমীদের জন্য অনন্য। জাফলং, লালাখাল, বিছনাকান্দি কিংবা রাতারগুলের জলাবন দেশের পর্যটন মানচিত্রে বহুদিন ধরেই পরিচিত নাম। মৌলভীবাজারের চা-বাগান ও হাওর-জলাভূমিও পর্যটনের নতুন অভিজ্ঞতার দুয়ার খুলে দিতে পারে।

পূর্বাঞ্চলের পাহাড় আবার বাংলাদেশের প্রকৃতিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি পথ, ঝরনা, লেক ও মেঘছোঁয়া উচ্চভূমি অ্যাডভেঞ্চারপ্রেমীদের আকর্ষণ করে। নীলগিরি, নীলাচল, বগা লেক, কেওক্রাডং কিংবা কাপ্তাই হ্রদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের গন্তব্য নয়; এসব এলাকার সঙ্গে জড়িয়ে আছে বৈচিত্র্যময় পাহাড়ি জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ঐতিহ্য।

আর দক্ষিণ-পশ্চিমে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। গেওয়া-গরানের বন, অসংখ্য নদী-খাল, বন্যপ্রাণী এবং অনন্য প্রতিবেশব্যবস্থা সুন্দরবনকে করেছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটন সম্পদগুলোর একটি। রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি এই বন একই সঙ্গে পরিবেশ গবেষণা ও প্রকৃতিনির্ভর পর্যটনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

ইতিহাসের পাতায় ভ্রমণের সুযোগ

বাংলাদেশের পর্যটন কেবল প্রকৃতির সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। এই ভূখণ্ডের মাটির নিচে ও স্থাপত্যে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস।

মহাস্থানগড়, পাহাড়পুরের সোমপুর মহাবিহার, ময়নামতি কিংবা বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ- প্রতিটি প্রত্নস্থল অতীতের একেকটি অধ্যায়ের সাক্ষ্য বহন করছে। কোথাও প্রাচীন নগরসভ্যতার চিহ্ন, কোথাও ধর্মীয় ও স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন, আবার কোথাও জমিদারি আমলের স্মৃতি। রাজবাড়ি, জমিদারবাড়ি, পুরনো মসজিদ ও অন্যানা ঐতিহাসিক স্থাপনাও দেশের হেরিটেজ ট্যুরিজমের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।

ঢাকা, সোনারগাঁ, পানামনগর কিংবা রাজশাহীর মতো শহরগুলোও ইতিহাস ও সংস্কৃতির আলাদা আলাদা গল্প বলে। বিশেষ করে পুরান ঢাকার অলিগলি, পুরনো স্থাপনা, খাবারের বৈচিত্র্য ও নগরজীবনের ঐতিহা পর্যটকদের জন্য হয়ে উঠতে পারে এক ধরনের ‘টাইম ট্রাভেল’ যেখানে বর্তমানের ভেতর দাঁড়িয়েই অতীতকে ছুঁয়ে দেখা যায়।

উৎসবের দেশে আতিথেয়তার গল্প

বাংলাদেশের পর্যটনকে আলাদা করে চেনানোর মতো আরেকটি শক্তি হলো মানুষ। অতিথিকে আপন করে নেওয়ার দীর্ঘ সামাজিক ঐতিহ্য এ দেশের পর্যটন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পারে। গ্রাম থেকে শহর, পাহাড় থেকে উপকূল-বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন, খাবার, পোশাক, লোকসংগীত ও আচার-অনুষ্ঠান পর্যটনের নিজস্ব আকর্ষণ তৈরি করে।

বাংলা নববর্ষ, বৈশাখী মেলা, পহেলা ফাল্গুন, ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা কিংবা পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন উৎসব- বাংলাদেশের সংস্কৃতিকে করে তুলেছে উৎসবমুখর ও বৈচিত্র্যময়। সাংস্কৃতিক পর্যটনের পরিকল্পিত বিকাশ হলে এসব আয়োজন শুধু স্থানীয় ঐতিহ্য সংরক্ষণেই ভূমিকা রাখবে না, পর্যটকদের জন্যও তৈরি করবে নতুন অভিজ্ঞতা।

অর্থনীতির নতুন সম্ভাবনার দরজা

পর্যটনকে শুধু ভ্রমণ ও বিনোদনের শিল্প হিসেবে দেখার সুযোগ এখন আর নেই। এর সঙ্গে সরাসরি যুক্ত পরিবহন, হোটেল, রেস্তোরাঁ, গাইড, বিনোদন, হস্তশিল্প, কৃষিপণ্য, স্থানীয় খাবারসহ অসংখ্য অর্থনৈতিক কর্মকাণ্ড। একটি পর্যটন গন্তব্য বিকশিত হলে তার প্রভাব পড়ে আশপাশের স্থানীয় অর্থনীতিতেও।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে বিদেশি পর্যটক এসেছিলেন ৫ লাখ ৮৬৫ জন। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৫২ হাজার ৭৩০ জনে এবং ২০১৯ সালে ৬ লাখ ২১ হাজার ১৩১ জনে। করোনাকালে পর্যটন খাতে বড় ধাক্কা আসে। ২০২০ সালে বিদেশি পর্যটকের সংখ্যা নেমে যায় ১ লাখ ৮১ হাজার ৫১৮ জনে এবং ২০২১ সালে তা আরও কমে ১ লাখ ৩৫ হাজার ১৮৬ জনে দাঁড়ায়। এরপর পর্যটন পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে থাকে। ২০২২ সালে ৫ লাখ ২৯ হাজার ২৬৮, ২০২৩ সালে ৬ লাখ ৫৫ হাজার ৪৫১ এবং ২০২৪ সালে প্রায় ৬ লাখ বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন। ২০২৫ সালে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৫ লাখ ৮৫ হাজার ১৪৫ জন।

যেমন এই পরিসংখ্যান একদিকে বাংলাদেশের সম্ভাবনার কথা বলে, অন্যদিকে পর্যটন অবকাঠামো, সেবা ও আন্তর্জাতিক প্রচারের জায়গায় আরও কাজ করার প্রয়োজনীয়তাও সামনে আনে।

বিশ্ব অর্থনীতিতে পর্যটনের বড় ভূমিকা

বিশ্ব অর্থনীতিতেও পর্যটনের প্রভাব ব্যাপক। কোভিড-পূর্ববর্তী ২০১৯ সালের হিসাব অনুযায়ী, বৈশ্বিক অর্থনীতিতে পর্যটনের অবদান ছিল প্রায় ৮ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্ব জিডিপির ১০ দশমিক ৩ শতাংশের সমান। পর্যটন ও সংশ্লিষ্ট কার্যক্রমে বিশ্বজুড়ে প্রায় ৩৩০ মিলিয়ন মানুষ কর্মরত ছিল। একই সময়ে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল প্রায় ১৫০ কোটি।

অর্থাৎ পর্যটন একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য স্থানীয় সম্পদ ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে পর্যটন।

এসডিজি অর্জনে পর্যটনের ভূমিকা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের ক্ষেত্রেও পর্যটনের গুরুত্ব ক্রমেই বাড়ছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জাতিসংঘের নির্ধারিত ১৭টি লক্ষ্য ও ১৬৯টি সংশ্লিষ্ট লক্ষ্যের সঙ্গে পর্যটনের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে।

বিশেষ করে এসডিজির লক্ষ্য ৮, ১২ ও ১৪-এর সঙ্গে পর্যটনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। লক্ষ্য ৮-এ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শালীন কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটন খাত তরুণ ও নারীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির বড় সুযোগ সৃষ্টি করতে পারে। লক্ষ্য ১২-এর

টেকসই ভোগ ও উৎপাদনের সঙ্গে পরিবেশবান্ধব পর্যটন, স্থানীয় পণ্য ব্যবহার এবং দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা সরাসরি যুক্ত। আর লক্ষ্য ১৪-মহাসাগর ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ক্ষেত্রেও উপকূলীয় ও সামুদ্রিক পর্যটনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তবে এসব লক্ষ্য বাস্তবায়নে শুধু সম্ভাবনা থাকলেই হবে না। প্রয়োজন সুস্পষ্ট বাস্তবায়ন কাঠামো, আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত অবকাঠামো, দক্ষ মানবসম্পদ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

সম্ভাবনার পথে যত বাধা

বাংলাদেশের পর্যটন সম্ভাবনা নিয়ে যতটা আশাবাদী হওয়ার কারণ রয়েছে, বাস্তব চ্যালেঞ্জও ততটাই স্পষ্ট। দুর্বল যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত পর্যটন অবকাঠামোর ঘাটতি, সেবা ব্যবস্থার অসামঞ্জস্য, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং পর্যাপ্ত বিনিয়োগের অভাব দীর্ঘদিনের সমস্যা।

এর সঙ্গে যুক্ত হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং অনেক ক্ষেত্রে পর্যটনবান্ধব মানসিকতার ঘাটতি। পর্যটনের উন্নয়নে ১৯টি মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা থাকলেও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়।

কোনো পর্যটন গন্তব্য তৈরি মানে শুধু একটি রাস্তা বা একটি অবকাঠামো নির্মাণ নয়। এর সঙ্গে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, প্রশিক্ষিত গাইড, মানসম্মত আবাসন, খাবার, চিকিৎসা, ডিজিটাল তথ্যসেবা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ- সবকিছুর সমন্বয় প্রয়োজন।

পর্যটনের ভবিষ্যৎ প্রযুক্তির হাত ধরে

আগামী দিনের পর্যটন শুধু সুন্দর জায়গা দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যটক কোথায় যাবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন সময়ে কোন স্থান ভ্রমণের জন্য উপযোগী, কী ধরনের অভিজ্ঞতা পাওয়া যাবে এসব তথ্য দ্রুত ও ব্যক্তিকেন্দ্রিকভাবে পৌঁছে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি।

বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোকে একটি সমন্বিত ডিজিটাল প্লাটফর্মে আনা, ভার্চুয়াল ট্যুর, বহুভাষিক তথ্যসেবা, স্মার্ট বুকিং, ডিজিটাল পেমেন্ট, পর্যটকের আচরণ বিশ্লেষণ এবং ব্যক্তিভিত্তিক ভ্রমণ পরিকল্পনার মতো উদ্যোগ দেশের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক করতে পারে।

তবে প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন মানুষের দক্ষতা। স্থানীয় তরুণদের প্রশিক্ষণ দিয়ে পর্যটন গাইড, হসপিটালিটি পেশাজীবী, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা ও পর্যটন ব্যবস্থাপনায় দক্ষ জনশক্তি তৈরি করা গেলে পর্যটনের সুফল ছড়িয়ে পড়তে পারে স্থানীয় পর্যায়েও।

প্রকৃতি আছে, প্রয়োজন পরিকল্পনার

‘সমুদ্র আত্মার সঙ্গে কথা বলে’ আমেরিকান সাহিত্যিক কেট চোপিনের এই কথার মধ্যে ভ্রমণের এক গভীর অনুভূতি লুকিয়ে আছে। আর সেন্ট অগাস্টিনের বহুল উদ্ধৃত সেই ভাবনা-পৃথিবী একটি বই, যারা ভ্রমণ করে না তারা সেই বইয়ের অনেক পৃষ্ঠা পড়তে পারে না, মানুষের চিরন্তন ভ্রমণ আকাঙ্ক্ষাকেই তুলে ধরে।

মানুষের এই পথচলার আকাঙ্ক্ষা কখনও থেমে থাকে না। কখনও সে পাহাড়ের মেঘে হারাতে চায়, কখনও সমুদ্রের ঢেউয়ে শুনতে চায় অজানা কোনো গল্প, আবার কখনও ইতিহাসের ধ্বংসাবশেষে খুঁজে ফিরতে চায় অতীতের স্পর্শ।

বাংলাদেশের হাতে সেই গল্প বলার মতো উপকরণ আছে। আছে পাহাড়, সমুদ্র, বন, নদী, হাওর, ইতিহাস, সংস্কৃতি ও মানুষ। এখন প্রয়োজন এসব সম্পদকে দায়িত্বশীল, পরিকল্পিত ও টেকসই উপায়ে পর্যটন পণ্যে রূপ দেওয়া।

বিনিয়োগ বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক প্রচার জোরদার, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশের পর্যটন নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা