মাশরুর মুর্শেদ, খুলনা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম
খুলনা বিভাগে ১৩৮টি নদীর মধ্যে অন্তত ৩৭টি অস্তিত্ব সংকটে; ২০টির বেশি নদীর প্রবাহ প্রায় বন্ধ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় যে নদীর বুকে নৌকা ছুটত, আজ সেখানে ধানক্ষেত, মাছের ঘের কিংবা জেগে ওঠা চর। কোথাও নদী হারিয়েছে তার প্রবাহ, কোথাও পলি জমে সংকুচিত হয়েছে বুক, আবার কোথাও দখল-দূষণে বদলে গেছে পানির স্বাভাবিক পথ। খুলনা বিভাগের নদী-খালের এই বদলে যাওয়া চিত্র এখন আর বিচ্ছিন্ন কোনো সংকট নয়Ñ এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পুরো জলব্যবস্থার গভীর বিপর্যয়ের প্রতিচ্ছবি। নদী-খালের এই মৃত্যু কেবল জলধারার মানচিত্র বদলাচ্ছে না; এর অভিঘাত পড়ছে কৃষি, মৎস্য, নৌপথ, জনস্বাস্থ্য ও সুন্দরবনের জীববৈচিত্র্যে।
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগে ১৩৮টি নদীর মধ্যে অন্তত ৩৭টি অস্তিত্ব সংকটে; ২০টির বেশি নদীর প্রবাহ প্রায় বন্ধ। অন্যদিকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের ১ হাজার ১৮৭টি খালের মধ্যে গত ১৫ বছরে ভরাট হয়ে গেছে ৬১৫টি। উজানের পানির ঘাটতি, পলি, লবণাক্ততা, দখল-দূষণ, অপরিকল্পিত পোল্ডার ও অচল স্লুইসগেট মিলিয়ে একদিকে বর্ষায় জলাবদ্ধতা, অন্যদিকে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকটে পড়ছে জনপদ।
আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস-এ প্রকাশিত এক গবেষণায় ডুমুরিয়ার নদীব্যবস্থার বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। ১৯৮৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র, জলবিদ্যাগত তথ্য ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, এ সময়ে উপজেলার মোট নদী নেটওয়ার্কের দৈর্ঘ্য ৪৯২ দশমিক ৯ কিলোমিটার থেকে কমে ২০৩ দশমিক ৭ কিলোমিটারে দাঁড়িয়েছে। অর্থাৎ ৩৭ বছরে নদীর মোট দৈর্ঘ্য কমেছে প্রায় ৫৯ শতাংশ। গড়ে প্রতি বছর হারিয়েছে ৬ দশমিক ১৪ কিলোমিটার নদীপথ।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, খুলনা জেলার ১২টি নদী বর্তমানে অস্তিত্ব সংকটে। হামকুড়া, শালতা, ভদ্রা, শোলমারি, তেলিগাতী ও সুতার খালসহ একাধিক নদী পলি জমে ছোট খালে পরিণত হয়েছে। প্রাকৃতিক খাল ও জলাধারের বড় অংশ হারিয়ে যাওয়ায় নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাও সংকুচিত হয়েছে। শহরের পানি নিষ্কাশনের সঙ্গে যুক্ত ২২টি খাল বর্জ্য ও দখলে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ডুমুরিয়ার নদী ব্যবস্থার গবেষণায় সংকটের অন্যতম কারণ হিসেবে অপরিকল্পিত পোল্ডার ব্যবস্থাপনাকে ৫১ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা এবং পলি জমাকে ৩১ দশমিক ১ শতাংশ উত্তরদাতা উল্লেখ করেছেন। এর সঙ্গে রয়েছে নদী দখল, অবৈধ স্থাপনা, অপরিকল্পিত বাঁধ, শিল্প বর্জ্য ও নগর বর্জ্য।
পরিবেশবিজ্ঞানী ড. জাফর ইকবাল চৌধুরী বলেন, “নদীর ভরাট ও দখল এখন সবচেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে। সুন্দরবনের নদীগুলোতেও লবণাক্ততা ও দূষণ বেড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এদিকে নদীর পাশাপাশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের কৃষি অঞ্চলের খালগুলোর অবস্থাও ভয়াবহ। তথ্য অনুযায়ী, এসব এলাকায় মোট ১ হাজার ১৮৭টি খালের মধ্যে গত ১৫ বছরে ৬১৫টি ভরাট হয়ে গেছে। ফলে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়েছে”।
ডুমুরিয়া, বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, তেরখাদা ও রূপসার বিভিন্ন খালের মধ্যে গুয়াগাছিয়া, চুকনগর, শৈলমারি শাখা, হরিণটানা, বাতি-বুটিয়ার, মোজাহারি, চাঁদখালী, নয়াই, গদাইপুর, শিবসা-সংযুক্ত শাখা, ভূঁইয়ার, আঠারোবেকী ও নন্দনপুরের খাল রয়েছে। বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের বিভিন্ন খালও ভরাট ও প্রবাহহীনতার তালিকায় রয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, “কৃষক ও স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই করে পুনঃখননযোগ্য খালের তালিকা প্রস্তুত করা হয়েছে”।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন, “আমাদের মোট ১ হাজার ১৮৭টি খালের মধ্যে ৬১৫টি ভরাট হয়ে গেছে। এসব খালে এখন পানির প্রবাহ নেই”।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ২০২৬ সালে ইমার্জিং কনট্যামিন্যান্টস জার্নালে প্রকাশিত গবেষণায় ভৈরব-রূপসা নদীর তলদেশের ১০ থেকে ৩০ সেন্টিমিটার গভীর পলিতে মাইক্রোপ্লাস্টিক ও ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। গবেষণায় প্রতি কেজি পলিতে সর্বোচ্চ ৫ হাজার ৭০০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে; গড় ছিল ৩ হাজার ৬০০টি। ফ্র্যাগমেন্ট ৫১ শতাংশ, ফাইবার ২৬ শতাংশ ও ফিল্ম ১৮ শতাংশ। পলিমারের মধ্যে পলিইথিলিন ২৩ শতাংশ, পলিস্টাইরিন ২১ শতাংশ এবং পলিপ্রোপিলিন ১৮ শতাংশ। একই সঙ্গে ক্রোমিয়াম, নিকেল, কপার, সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে রূপসায় ৩২ ডিএস/মি, শিবসায় ৩৬, কাজিবাছায় ৩৫ দশমিক ২, কপোতাক্ষে ২৬ দশমিক ৩ এবং পশুরে ৩৭ ডিএস/মি পর্যন্ত লবণাক্ততা পাওয়া যায়।
মাঠপর্যায়ের সাম্প্রতিক তথ্যেও কপোতাক্ষ-শিবসা-পশুর অববাহিকায় পরিস্থিতির অবনতির চিত্র পাওয়া গেছে। এপ্রিল মাসে কয়রার একটি খালে লবণাক্ততা ৪২ দশমিক ৯ ডিএস/মি, রূপসায় ২৩ দশমিক ৭, পাইকগাছার শিবসায় ৩৫ দশমিক ৯, মোংলার পশুরে ৩৩ দশমিক ৩ এবং বাগেরহাটের দড়াটানায় ২২ দশমিক ৮ ডিএস/মি পর্যন্ত উঠেছে। ডুমুরিয়ার গুটুদিয়ায় ৪ দশমিক ৬, ফুলতলা-বটিয়াঘাটায় ৪ দশমিক ১, মোংলার দিগরাজে গড়ে ৯ দশমিক ১ এবং পাইকগাছার শিববাড়ীতে ১৪ ডিএস/মি পর্যন্ত লবণাক্ততার তথ্য রয়েছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাসের হিসাবে, সেচের পানিতে শূন্য দশমিক ৭৫ ডিএস/মি এবং মাটিতে ২ ডিএস/মি পর্যন্ত লবণাক্ততা গ্রহণযোগ্য। মাটিতে ৪ ডিএস/মি ছাড়ালে ফলন কমতে শুরু করে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, পানি সংকটে খরিফ ও রবি মৌসুমে ধান, পাট ও সবজির উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমেছে। লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে দাকোপ, কয়রা ও পাইকগাছার অনেক এলাকায় সবজি চাষও ব্যাহত হচ্ছে। মৎস্য খাতে চিংড়ি, পাবদা, গজাল ও বোয়ালি/বেলে জাতীয় মাছের প্রাপ্যতা ৭০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার তথ্য রয়েছে। খুলনা বিভাগের ৪৮টি অভ্যন্তরীণ নৌপথের মধ্যে মাত্র ১১টি সচল থাকার তথ্যও পাওয়া গেছে।
সাতক্ষীরার চুনচুরি, খোলপেটুয়া ও ইছামতীর মতো নদীতে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পানি না থাকায় মাছ ধরা বন্ধ হয়ে যায়। স্থানীয় তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩ হাজার ৫০০ পরিবার পেশা পরিবর্তনে বাধ্য হয়েছে।
খুলনা অঞ্চলে ৫৯৮টি স্লুইসগেটের মধ্যে দুই শতাধিক দীর্ঘদিন ধরে অকার্যকর। কোথাও কপাট ভাঙা, কোথাও কচুরিপানা, আবার কোথাও গেটের সামনের খাল পলিতে ভরাট। ডুমুরিয়ার শোলমারি নদীর স্লুইসগেট এর বড় উদাহরণ। কৃষি বিভাগের হিসাবে, অচল স্লুইসগেট জনিত জলাবদ্ধতায় বছরে প্রায় ৪০ হাজার হেক্টর কৃষিজমি অনাবাদি পড়ে থাকে।
কৃষক আমিনুল ইসলাম ও রহিম মোল্লা বলেন, “গেট দিয়ে পানি বের হতে পারছে না। ফলে জমিতে পানি জমে থাকে, ধান নষ্ট হয়ে যায়। পলি আর কচুরিপানায় গেট বছরের পর বছর বন্ধ। কেউ এসে খোঁজও নেয় না”।
পানি উন্নয়ন বোর্ডের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, “কিছু স্লুইসগেট সংস্কার ও নতুন কয়েকটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদনে সময় লাগে। আশা করছি নতুন ও সংস্কারকৃত গেটগুলো কার্যকর হলে জলাবদ্ধতা অনেকটাই কমবে”।
এদিকে খুলনা বিভাগের নদী সংকটের শেষ প্রান্তে রয়েছে সুন্দরবন। পশুর, বলেশ্বর ও শিবসা নদীতে লবণাক্ততা ও দূষণ বাড়ার ফলে ম্যানগ্রোভ বনটির জীববৈচিত্র্যও চাপের মুখে। মারাড়ি ও তালেশ্বরের মতো নদীর অস্তিত্বও মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নিয়মিত ড্রেজিং, আধুনিক বাঁধ ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা ছাড়া খুলনা বিভাগে জলবায়ু সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে”।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার খুলনা সমন্বয়ক ও বেলার সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “উজানের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে নদী সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে”।
তিনি আরও জানান, খুলনার পানি সংকটকে কেবল জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে দেখলে বাস্তবতার বড় অংশ আড়ালে থেকে যায়। উজানের পানির প্রবাহ কমেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে দুটিই বাস্তবতা। তবে নদী দখল, খাল ভরাট, অপরিকল্পিত পোল্ডার, শিল্পবর্জ্য, নগর নর্দমা, অপরিকল্পিত চিংড়িঘের এবং স্লুইসগেট রক্ষণাবেক্ষণের ব্যর্থতাও সংকটকে বাড়িয়ে দিয়েছে।
পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতের মতে, সংকটের বড় অংশই মানুষের তৈরি। বৃষ্টির চরিত্র বদলাচ্ছে ঠিকই; তবে নদী-খাল ভরাট, জলাভূমি ধ্বংস, অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীন উন্নয়ন জলাবদ্ধতা ও বন্যার ক্ষয়ক্ষতি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এদিকে নদী-খাল রক্ষার নামে শুধু খনন প্রকল্প নিলে স্থায়ী সমাধান হবে না মাঠের বাস্তবতা তারই ইঙ্গিত দিচ্ছে। কারণ একদিকে খনন হচ্ছে, অন্যদিকে দখল ও ভরাট চলছে; একদিকে স্লুইসগেট নির্মাণ হচ্ছে, অন্যদিকে তার মুখ পলিতে বন্ধ; একদিকে নদী রক্ষার পরিকল্পনা হচ্ছে, অন্যদিকে নদীর তলদেশে জমছে প্লাস্টিক ও ভারী ধাতু। এই ধারাবাহিকতা বন্ধ না হলে আগামী দুই দশকে খুলনা অঞ্চলের আরও বহু নদী মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এমন আশঙ্কাও রয়েছে। তখন সংকট শুধু নদীর থাকবে না; কৃষি, মৎস্য, পানীয়জল, নৌপথ, জনস্বাস্থ্য ও সুন্দরবনের অস্তিত্বও একই সংকটের সঙ্গে জড়িয়ে পড়বে।