× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেট ইউনিভার্সিটি

উচ্চশিক্ষা : অন্য দিগন্ত

হাসনাত শাহীন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৫:২৩ পিএম

অলংকরণ: তানভীর মালেক

অলংকরণ: তানভীর মালেক

উচ্চশিক্ষার স্বপ্ন মানেই একদিকে অপার জ্ঞানের জগতে চোখ মেলে ধরা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কঠিন প্রতিযোগিতায় নামা। একসময় দেশের হাতে গোনা কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হিমশিম খেতে হতো উচ্চশিক্ষার্থীদের। একটি আসনের বিপরীতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, পছন্দের বিষয়ে পড়ার সীমিত সুযোগ এবং উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাপ- এই বাস্তবতায় নব্বইয়ের দশকের শুরুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবির্ভাব বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন মাত্রা যুক্ত করে।

গত তিন দশক ধরে তা দুর্গম পথ পাড়ি দিয়ে বর্তমানে গভীর আস্থার জায়গা তৈরি করেছে। একসময় ভাড়া করা ভবনের কয়েকটি কক্ষে শুরু হওয়া অনেক প্রতিষ্ঠান এখন স্থায়ী ক্যাম্পাস, আধুনিক গবেষণাগার, ডিজিটাল লাইব্রেরি, আন্তর্জাতিক সহযোগিতা ও শিল্পখাতের সঙ্গে সংযোগ গড়ে তুলেছে। করপোরেট, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, তৈরি পোশাক, গণমাধ্যমসহ নানা খাতে কাজ করছেন এসব বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট।

তবে পুরো চিত্রটি একই রকম নয়। কয়েকটি বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সংযোগে এগোলেও অন্যদিকে উচ্চ টিউশন ফি, শিক্ষার অতিরিক্ত বাণিজ্যিকীকরণের অভিযোগ, কিছু প্রতিষ্ঠানে শিক্ষক ও প্রশাসনিক সংকট এবং স্থায়ী ক্যাম্পাসের প্রশ্ন এখনও রয়ে গেছে। ফলে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সাফল্যের গল্প কিংবা ব্যর্থতার তালিকা- কোনো একক পরিচয়ে এখনও দেখা সম্ভব নয়। এটি একই সঙ্গে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, নতুন প্রজন্মের আস্থা অর্জন, গবেষণা ও উদ্ভাবনের সম্ভাবনা এবং মান নিশ্চিত করার সংগ্রামের একটি বড় ক্ষেত্র।

কেন শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয় বেছে নিচ্ছেন?

সরকারি বিশ্ববিদ্যালয়ে আসনের জন্য প্রতিযোগিতা এখন আরও বেড়েছে। উচ্চশিক্ষার বাড়তি চাহিদা পূরণে তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবশ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেবলমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়ার বিকল্প ভাবলে ভুল হবে। নিয়মিত ক্লাস, নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার, তুলনামূলকভাবে সেশনজটমুক্ত পরিবেশ এবং নির্ধারিত সময়ে ডিগ্রি শেষ করার মতো ইতিবাচক দিক থাকায় অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে আকৃষ্ট হচ্ছেন।

কম্পিউটার সায়েন্স, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, ফার্মেসি, আইন, ইংরেজি, গণমাধ্যমসহ কর্মবাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শুরু থেকেই গুরুত্ব দিয়েছে। প্রযুক্তি ও শিল্পখাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কোর্স ও পাঠক্রম চালুর ক্ষেত্রেও এসব বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনেক বিশ্ববিদ্যালয় এখন শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার উদ্যোগ নিচ্ছে। ইন্টার্নশিপ, ক্যারিয়ার কাউন্সেলিং, ক্লাব কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দিচ্ছে। শিক্ষার্থীদের পছন্দের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড, অবস্থান, টিউশন ফি, বিষয় নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনাও বড় ভূমিকা রাখছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর এক শিক্ষার্থী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছে শুধু নিয়মিত ক্লাস, একাডেমিক ক্যালেন্ডার, পছন্দের বিষয়, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ এবং নির্দিষ্ট সময়ে ডিগ্রি শেষ করার সুযোগÑএসব বিষয় বিবেচনা করে। পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ ও ক্যারিয়ার প্রস্তুতির সুযোগটিও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।’

এ বিষয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (EEE) সাবেক শিক্ষার্থী মো. সাকলাইন আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিদ্ধান্ত নিয়েছিলাম মূলত মানসম্মত শিক্ষা ও শক্তিশালী একাডেমিক পরিবেশের কারণে। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক, আধুনিক শিক্ষার পরিবেশ এবং প্রয়োজনীয় অবকাঠামো আমাকে আকৃষ্ট করেছে। বিশেষ করে ইইই বিভাগের আধুনিক ল্যাবরেটরি সুবিধা ও ব্যবহারিক শিক্ষার সুযোগ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কর্মমুখী হওয়ায় পড়াশোনার পাশাপাশি বাস্তব ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছি।’

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘তুলনামূলকভাবে সাশ্রয়ী টিউশন ফি, পাশাপাশি স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশও ভালো লেগেছে। পাশাপাশি দিন, সন্ধ্যা ও সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন সময়সূচিতে ক্লাস করার সুযোগ থাকায় কর্মজীবী ও ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্যও এটি সুবিধাজনক। সব মিলিয়ে মানসম্মত শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক, আধুনিক ল্যাব, ব্যবহারিক শিক্ষার সুযোগ, সাশ্রয়ী ব্যয় এবং কর্মমুখী কারিকুলামÑ এসব কারণে আমার কাছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভালো লাগে।’

শিক্ষার মান : বাস্তব চিত্র কী?

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে সবচেয়ে বড় বিতর্কের জায়গা এর শিক্ষার মান। তবে এতে কোনও সন্দেহ নেই যে, দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পূর্ণকালীন শিক্ষক, আধুনিক গবেষণাগার, উন্নত লাইব্রেরি, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিজেদের একাডেমিক সক্ষমতা বাড়িয়েছে। অন্যদিকে কিছু প্রতিষ্ঠানে এখনও নানা সীমাবদ্ধতার অভিযোগ রয়েছে। কারণ শিক্ষার মান নির্ধারণে শুধু দৃষ্টিনন্দন ক্যাম্পাস বা আধুনিক ভবন যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলোÑ মানের বৈষম্য কমানো। 

গবেষণা থেকে উদ্ভাবন : জ্ঞানকে বাস্তব সমাধানে রূপ দেওয়ার চ্যালেঞ্জ 

গবেষণার পরের গুরুত্বপূর্ণ ধাপ হলোÑউদ্ভাবন। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে এখন বড় প্রশ্ন, গবেষণাকে কীভাবে শিল্প, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও সমাজের বাস্তব সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যপ্রযুক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণার ব্যবহারিক সম্ভাবনা রয়েছে। কিন্তু গবেষণাগার থেকে উদ্ভাবনকে বাজার বা সমাজে নিয়ে যেতে হলে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত এবং বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংযোগ প্রয়োজন। প্রযুক্তি স্থানান্তর, পেটেন্ট, স্টার্টআপ সহায়তা এবং গবেষণা-শিল্প সহযোগিতা বাড়ানো জরুরি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিজনেস ইনকিউবেটর এ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারে। এ কারণে প্রয়োজন দীর্ঘমেয়াদি অর্থায়ন, দক্ষ গবেষক, শিল্পখাতের অংশীদারত্ব এবং গবেষণার ফল ব্যবহারের উপযোগী নীতিগত কাঠামো।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এবং ফার্মেসি থেকে পড়াশোনা শেষ করা তরুণ উদ্যোক্তা আবুল হুসাইন মো. শাহনেওয়াজ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে ইনান্তে মার্ট নামে একটা ছোট্ট প্রতিষ্ঠান গড়ে তুলি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই আমার এ ব্যবসার ধারণা তৈরি হয়। শিক্ষক ও মেন্টরদের পরামর্শ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতা এবং ইনকিউবেশন সুবিধা আমাকে ধারণাটিকে বাস্তব উদ্যোগে রূপ দিতে সাহায্য করেছে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত না করে নিজের উদ্যোগ শুরু করার সুযোগ তৈরি করে দেয়, তাহলে এর প্রভাব অনেক বড় হতে পারে। তবে আইডিয়া থেকে ব্যবসায় যাওয়ার জন্য প্রাথমিক অর্থায়ন, মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো দরকার।’

স্কলারশিপ ও আর্থিক সহায়তা 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলোÑ শিক্ষার ব্যয়। ফলে মেধাবী হলেও নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থীর জন্য এসব প্রতিষ্ঠানে পড়া কঠিন। যদিও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেদের নীতিমালার আওতায় মেধাবৃত্তি, টিউশন ফি ছাড় এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দিয়ে থাকে। তবে বৃত্তির পাশাপাশি শিক্ষাঋণ, কিস্তিভিত্তিক ফি এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তার সুযোগ বাড়ানো গেলে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দরজা আরও উন্মুক্ত হতে পারে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক মো. সাকলাইন আরেফিন বলেন, ‘ভর্তির সময় আমার কোর্স ফিতে ৪৫% ছাড় বা স্কলারশিপ পেয়েছিলাম। এই বৃত্তি বা আর্থিক সহায়তা না পেলে আমার পরিবারের পক্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বহন করা কঠিন হতো। মেধার ভিত্তিতে যে আর্থিক সহায়তা পেয়েছি, সেটি আমাকে পড়াশোনা চালিয়ে যেতে অনেকটা স্বস্তি দিয়েছে।’

আন্তর্জাতিকীকরণ : বিশ্বমানের শিক্ষার পথে 

যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, আন্তর্জাতিক সম্মেলন, বিদেশি শিক্ষকের অংশগ্রহণ এবং বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া আধুনিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সূচক। শিক্ষাবিদরা বলছেন, দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে অগ্রগতি করেছে। তবে আন্তর্জাতিকীকরণ শুধু বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তবে কতজন শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশ নিচ্ছেন, কতজন শিক্ষক যৌথ গবেষণা করছেন এবং আন্তর্জাতিক সহযোগিতা পাঠদান ও গবেষণার মানে কী পরিবর্তন আনছেÑ সেই ফলাফলও মূল্যায়ন করতে হবে।

জাতীয় উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা 

বাংলাদেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ফিনটেক, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা এবং সৃজনশীল শিল্পে নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু চাকরিপ্রার্থী তৈরি করা নয়; নতুন উদ্যোক্তা, উদ্ভাবক এবং কর্মসংস্থান সৃষ্টিকারী তরুণ তৈরি করাও গুরুত্বপূর্ণ। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন ইনকিউবেশন সেন্টার, স্টার্টআপ প্রতিযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন উদ্যোগে উৎসাহিত করছে। করপোরেট, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও বিভিন্ন সেবাখাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কাজ করছেন। দেশের ক্রমবর্ধমান বেসরকারি খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরিতেও এই বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা বাড়ছে। 

গার্মেন্টস বা তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের করপোরেট ও প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেক ক্ষেত্রে তাদের যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং ইংরেজি ভাষায় কাজ করার সক্ষমতা ভালো। তবে শুধু একাডেমিক ফলাফল যথেষ্ট নয়। কর্মক্ষেত্রে সমস্যা সমাধান, দলগতভাবে কাজ করা, নেতৃত্ব, যোগাযোগ এবং বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে ইন্টার্নশিপ ও যৌথ প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতা আরও বাড়বে।’

অর্জনের পাশাপাশি যে সতর্কসংকেত 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন দশকের পথচলা যতটা অগ্রগতির, ততটাই নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করার সংগ্রামেরও। উচ্চ টিউশন ফি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি, মানসম্মত শিক্ষক, আধুনিক গবেষণাগার, প্রযুক্তি, লাইব্রেরি ও অবকাঠামো বজায় রাখতে ব্যয় বেশি। কিন্তু প্রশ্ন হলোÑ সব প্রতিষ্ঠান কি নেওয়া অর্থের সমান মানের শিক্ষা দিতে পারছে? এ ছাড়া এখানে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের অভিযোগও রয়েছে। স্থায়ী ক্যাম্পাসের প্রশ্নটিও এখনও পুরোপুরি সমাধান হয়নি। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, আইনি বিরোধ বা অনুমোদনসংক্রান্ত প্রশ্ন দেখা দিলে তা শুধু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, পুরো খাতের ওপর আস্থার সংকট তৈরি করতে পারে।

সংখ্যার প্রতিযোগিতা নয়, মানের লড়াই 

তিন দশকের বেশি সময়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আর শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের বিকল্প নয়। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, পেশামুখী শিক্ষা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কিছু ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন ভবন নির্মাণ, নতুন বিভাগ খোলা কিংবা বেশি শিক্ষার্থী ভর্তি নয়। চ্যালেঞ্জ হলোÑ শিক্ষার মানে ধারাবাহিকতা বজায় রাখা, গবেষণায় বিনিয়োগ বাড়ানো, দক্ষ শিক্ষক ধরে রাখা, আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবীদের জন্য সুযোগ বাড়ানো এবং প্রশাসনিক সুশাসন নিশ্চিত করা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন দশকের যাত্রা দেখিয়েছে, উচ্চশিক্ষার বিস্তার শুধু রাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। তবে আগামী দিনের পরীক্ষায় টিকে থাকতে হলে এই খাতকে সংখ্যার প্রতিযোগিতা থেকে বেরিয়ে মানের প্রতিযোগিতায় নামতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা