চট্টগ্রামে উচ্চশিক্ষার চিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল লক্ষ্য ছিল পাঠ্যবইনির্ভর জ্ঞান ও পরীক্ষায় ভালো ফল। এখন সেই ধারণা থেকে বেরিয়ে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর, গবেষণামুখী ও কর্মক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার দিকে ঝুঁকছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।
শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি প্রজেক্ট, গবেষণা, প্রেজেন্টেশন, ল্যাবভিত্তিক শিক্ষা, ইন্ডাস্ট্রি ভিজিট, সেমিনার, কর্মশালা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব বাড়ছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখছে। এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নের সুযোগ রয়েছে। চট্টগ্রামে বর্তমানে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ), সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এবং চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)-সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। চট্টগ্রাম বিচার বিভাগের প্রকাশিত তালিকাতেও এসবের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিস্তারের ফলে শিক্ষার্থীদের সামনে এখন আগের তুলনায় অনেক বেশি বিষয় বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ব্যবসায় প্রশাসন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইন, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি, ইংরেজি, অর্থনীতি, পাবলিক হেলথ, সাংবাদিকতা, ফ্যাশন, টেক্সটাইল, অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইইই এবং ব্যবসায় প্রশাসনের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।
অন্যদিকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন, আইন, ইংরেজি, সাংবাদিকতা ও সম্প্রচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন স্নাতক পর্যায়ের প্রোগ্রাম চালু রয়েছে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতেও ইংরেজি, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ, আইন, পাবলিক হেলথ, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। প্রেজেন্টেশন, কেস স্টাডি, গ্রুপ প্রজেক্ট, গবেষণা, ল্যাব ওয়ার্ক, সেমিনার এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির সাম্প্রতিক কার্যক্রমেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগে প্রজেক্ট ডে, জাতীয় বিতর্ক উৎসব এবং বিভিন্ন একাডেমিক ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বর্তমানে ১৮টি প্রোগ্রাম, ৩০০-এর বেশি শিক্ষক, ৬ হাজারের বেশি বর্তমান শিক্ষার্থী এবং ২৫ হাজারের বেশি অ্যালামনাই রয়েছে।
চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবেও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাকাঠামো বদলাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস, রোবোটিকস, সফটওয়্যার, সাইবার নিরাপত্তা ও অটোমেশনের মতো বিষয় এখন শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রে।
ইউসিটিসির বিজ্ঞান ও প্রকৌশল স্কুলে সিএসই, মেকানিক্যাল, সিভিল ও ইইই বিভাগ রয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে ডেটা সায়েন্স, টেকসই উন্নয়ন, প্রাকৃতিক বিজ্ঞান এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয় রয়েছে। ইইই গবেষণায় নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট গ্রিড, এনার্জি স্টোরেজ, ইলেকট্রিক ভেহিকল, ৫জি, আইওটি, এআই ও মেশিন লার্নিং, রোবোটিকসসহ আধুনিক প্রযুক্তির বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামও গবেষণা ও প্রকাশনার জন্য আলাদা রিসার্চ সেন্টার পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক কার্যক্রমের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ এবং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনও রয়েছে।
চট্টগ্রাম বন্দর ও লজিস্টিকস খাতের জন্য সাপ্লাই চেইন, পোর্ট ম্যানেজমেন্ট ও ডেটা অ্যানালিটিকস, শিল্পাঞ্চলের জন্য ইঞ্জিনিয়ারিং ও অটোমেশন, পোশাক খাতের জন্য টেক্সটাইল, ফ্যাশন ও মার্চেন্ডাইজিং, পর্যটনের জন্য হসপিটালিটি, আর ডিজিটাল অর্থনীতির জন্য সফটওয়্যার, এআই ও সাইবার নিরাপত্তার মতো বিষয়ে বিশেষায়িত শিক্ষা ও গবেষণা গড়ে তোলা সম্ভব।
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের জন্য চট্টগ্রামে আলাদা ধরনের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ফ্যাশন, টেক্সটাইল, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্টকেন্দ্রিক প্রোগ্রামগুলো সরাসরি শিল্পের প্রয়োজনের সঙ্গে যুক্ত। আমাদের কারিকুলামে হাতে-কলমে শিক্ষা, শিল্পসংশ্লিষ্ট দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব রয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই। শুধু বিদেশি বই বা গবেষণা অনুসরণ না করে চট্টগ্রামের নিজস্ব সমস্যা নিয়ে গবেষণা করার সুযোগ বাড়ানো প্রয়োজন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার বলেন, বর্তমানে বাংলাদেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে চট্টগ্রামেই আছে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়- যেখানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে বলে ধারণা করা যায়। কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের মান বা সুযোগ বা সক্ষমতা একই নয়। অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলো সীমাবদ্ধতার কারণে ইউজিসি কতৃর্ক নির্দেশিত বিষয়গুলো পরিপালন করতে পারে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়কে যে আর্থিক সুবিধা প্রদান করে, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সেভাবে সহযোগিতা করে না। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কর্মক্ষেত্রেও বেশ সুনামের সাথে কাজ করছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এসএম নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি বিবিএ, ইংরেজি, আইন, অর্থনীতি ও ইইইসহ কয়েকটি প্রোগ্রাম পূর্ণ অ্যাক্রেডিটেশন পেয়েছে। বিশ্ববিদ্যালয়টির ইইই প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) স্বীকৃত এবং ওয়াশিংটন অ্যাকর্ডের আওতায়ও স্বীকৃতি রয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমরা শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে একটি মজবুত সংযোগ তৈরিতে কাজ করছি।