× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

ভিন্নধর্মী শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্য এনএসইউর

গোলাম কিবরিয়া

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১২:৫৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ১৩:০০ পিএম

 ড. আবদুল হান্নান চৌধুরী। ফাইল ছবি

ড. আবদুল হান্নান চৌধুরী। ফাইল ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী। বিশ্ববিদ্যালয়টির গবেষণা, র‌্যাঙ্কিং, সামগ্রিক পরিবেশ, কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন দিক নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম কিবরিয়া

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে আপনার বিশ্ববিদ্যালয়কে কীভাবে অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা করবেন?

আমি সব সময় একটা কথা বলে থাকি যে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি, আমরা একটা দ্বীপের মধ্যে বাস করি বাংলাদেশের শিক্ষাঙ্গনে। এই ‘দ্বীপ’ কথাটা যখনই আমি বলছি, সেটা হচ্ছে যে আপনি মেইন ল্যান্ড থেকে একটা আলাদা জায়গায় অবস্থান করছেন। এবং এই আলাদা জায়গায় অবস্থানের দুটো দিক আছে। এটার ভালো দিক আছে, মন্দ দিক আছে।

ভালো দিকটা হলো, আপনি একটা আইসোলেটেড জায়গায় একটা প্রতিষ্ঠান গড়তে চাচ্ছেন, যেটা গতানুগতিক চিন্তাধারার বাইরে থাকছে। আপনি গতানুগতিক চিন্তা থেকে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা রান করার জন্য যা প্রয়োজন, সেটা নিভৃতে করার চেষ্টা করছেন। সেই নিভৃতে করার জন্যই আমি নিভৃত একটা জায়গায় আছি, যে জায়গাটাকে আমি একটা দ্বীপের মধ্যে আছি বলে মনে করছি এবং এই দ্বীপে থেকেই আমরা বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে একটা পজিটিভ কন্ট্রিবিউশন করার জন্য দিন দিন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ৩২ বছর আগের বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়টা জন্মলগ্ন থেকেই একটা গুণগত শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের শিক্ষার্থীসহ দেশের বাইরের শিক্ষার্থীদের পড়িয়ে যাচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, তরুণ ছাত্র-ছাত্রীকে যেকোনো বিষয়ে এখানে পড়তে আসলে, তাকে এমনভাবে তৈরি করা হবে সে তার বিষয়ভিত্তিক জ্ঞানের বাইরেও অন্যান্য সমসাময়িক জ্ঞান এবং দক্ষতা নিয়ে যখন বের হবে, সে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েট থেকে একটু ভিন্ন হবে। সেখানেই এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে ভিন্ন অথবা একটা আলাদা ধরনের কম্পিটিটিভ এজ নিয়ে ওপরে আছে।

যেই থাকার জন্যই তাকে অনেকটা আড়াল করে বা দ্বীপের মধ্যে থাকতে হয়। কারণ সে যদি মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সব সময় তাল মিলিয়ে কাজ করতে চায়, তাহলে তাকে আমাদের দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে যে নেগেটিভ দিকগুলো আছেÑ যেটাকে সমাজ বা দেশ বা অন্যরা বলে যেখানকার কালচারটা ভালো না, সেখানকার স্টুডেন্টদের জন্য সুযোগ কম, সেখানে শিক্ষাব্যবস্থার মধ্যে রিগোরাস যেই ইনটেনসিভ প্রেশার থাকতে হয়, সেই প্রেশারটুকু নাইÑ এবং আমরা সব সময় বলি যে আমরা বৈশ্বিক মানের শিক্ষা দেওয়ার জন্য সব সময়ই প্রাধান্য দিয়ে থাকি সু-শিক্ষক এবং শিক্ষার জায়গায় যারা আলোকিত, গবেষণা এবং অন্য জায়গায়, তাদেরকে আমরা প্রাধান্য দেই। সব সময়ই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় প্রাধান্য দেই যে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেরই বিদেশ থেকে একটা সর্বশেষ ডিগ্রি আছে।

আমরা অন্যান্য উন্নত দেশেরÑ মানে শুধু যে নর্থ আমেরিকান বা ব্রিটিশ অথবা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াই শুধু ফলো করি তা না, ইউরোপিয়ান এবং সারা পৃথিবীর অন্যান্য দেশেরও যারা টপ স্কুল, যারা বিশ্বমানের, তাদের থেকে গ্র্যাজুয়েট করা শিক্ষকরা কিন্তু এখানে শিক্ষক হয়, গ্র্যাজুয়েট করা ছাত্ররা। সে কারণে আমরা একটু ভিন্নতা লক্ষ করি।

আমাদের উদ্দেশ্যও কিন্তু একটু ভিন্ন। আমরা একজনকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট তৈরি করার আগে তাকে একটা মানুষ তৈরি করার স্বপ্ন নিয়ে এখানে নেমেছি। যে গ্র্যাজুয়েট হওয়ার পরে আপনি দেখতে পারবেন সে সমাজে ও দেশে অবদান রাখবে এবং সে তার বিষয়ভিত্তিক জায়গায় অবদান রাখবে। সেই অবদান রাখার আগে তারা এখানে যে পরিমাণ প্রশিক্ষণ অথবা জ্ঞান অর্জন করবে, সেটার জন্য কারিকুলামভিত্তিক এবং কারিকুলামের বাইরে এক্সট্রা-কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো আছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সেটা তার জন্মলগ্ন থেকেই আলাদাভাবে করে আসছে। নানানভাবে নানা বৈচিত্র্যে এই বিশ্ববিদ্যালয়টা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা হিসেবেই কিন্তু আমরা রয়েছি।

কিন্তু আমরা রাষ্ট্রের সমস্ত আইন-কানুন এবং ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চশিক্ষার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, সেটাকে রেখে আমরা একটা উচ্চ বেঞ্চমার্ক রেখে কাজ করে যাচ্ছি। আমরা মনে করছি এই কাজটা যদি আমরা প্রতিনিয়ত করি, আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়টা স্বতন্ত্রভাবে ভিন্ন হয়ে আমাদের দেশ এবং আমাদের দেশের শিক্ষার গুণগত মান ওপরের দিকে তুলে দেশের গণ্ডির বাইরে গিয়ে বিশ্বমানের একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারবে।

শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের মানসিকতা গড়ে তুলতে কী উদ্যোগ নেওয়া হয়েছে, গবেষণায় কীভাবে এগিয়ে যাচ্ছে?

আমরা বিশ্বাস করি, প্রতিটি তরুণ শিক্ষার্থীর মধ্যেই সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি রয়েছে। প্রয়োজন শুধু সেই সম্ভাবনাকে বিকশিত করার উপযুক্ত পরিবেশ। প্রচলিত শিক্ষাব্যবস্থায় অনেক সময় শিক্ষার্থীদের এই সৃজনশীল শক্তি পুরোপুরি বিকশিত হওয়ার সুযোগ পায় না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সেই জায়গায় ভিন্নধর্মী একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি সহশিক্ষা ও অতিরিক্ত কার্যক্রম, সেমিনার, সিম্পোজিয়াম, ক্লাব ও বিভিন্ন দক্ষতাভিত্তিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞান ও প্রকৌশল, লিবারেল আর্টস কিংবা ব্যবসায় শিক্ষাÑ প্রতিটি ক্ষেত্রের শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।

বর্তমান বিশ্বে ভাষাগত দক্ষতাও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বিষয়টি বিবেচনায় চীনা, জাপানি ও ফরাসি ভাষার পাশাপাশি রাশিয়ান, কোরিয়ান এবং জার্মান ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ তৈরি করতে এই ভাষাগত দক্ষতা শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেবে।

একই সঙ্গে নেতৃত্ব, যোগাযোগ, কম্পিউটিং, লেখালেখি, প্রোগ্রামিংসহ নানা ধরনের দক্ষতা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। লক্ষ্য হলো, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যে সক্ষমতা নিয়ে প্রবেশ করবে, চার বছর পর বের হওয়ার সময় তার জ্ঞান, চিন্তাশক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সামগ্রিক ব্যক্তিত্বে যেন স্পষ্ট পরিবর্তন আসে।

গবেষণার ক্ষেত্রেও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এখন উল্লেখযোগ্য অগ্রগতি করছে। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে গবেষণায় পর্যাপ্ত অর্থায়ন ও অবকাঠামো না থাকলেও গবেষণামুখী ও দক্ষ শিক্ষক নিয়োগের কারণে গবেষণার ধারাবাহিকতা বজায় ছিল। সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় নিজস্ব অর্থায়নে গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

বর্তমানে প্রতিবছর ১৬০ থেকে ১৭০টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। দুই বছর আগে গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নের পরিমাণ ছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা। বর্তমানে তা বাড়িয়ে প্রায় ১২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এর ফলে গবেষণায় শিক্ষকদের অংশগ্রহণ বেড়েছে এবং আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বমানের জার্নালে গবেষণাপত্র প্রকাশ, গবেষণার উদ্ধৃতি বৃদ্ধি এবং নতুন গবেষণা তহবিল অর্জনÑ সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নতুন গতি পেয়েছে। গবেষণার মূল লক্ষ্য শুধু আন্তর্জাতিক জার্নালে প্রকাশ নয়; বরং স্বাস্থ্য, প্রযুক্তি, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সমস্যার কার্যকর সমাধানে গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগানো।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা করছে। ইউসি বার্কলে, জনস হপকিন্স, ইয়েল, নটিংহাম, কিংস কলেজ, কেমব্রিজসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সহযোগিতা ও অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সহযোগিতা বাড়ছে। গুগলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার স্থাপনের মতো উদ্যোগও নেওয়া হয়েছে। বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার অর্থায়নে স্বাস্থ্য, প্রযুক্তি, সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে গবেষণা পরিচালিত হচ্ছে।

একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা এবং বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

গবেষণার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভাজন না করে গবেষকের যোগ্যতা এবং গবেষণা প্রকল্পের গুরুত্বকে প্রধান বিবেচনায় নেওয়া উচিত বলেও মত দেওয়া হয়েছে। যে গবেষণা দেশের উন্নয়ন, শিক্ষা, সমাজ কিংবা মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই গবেষণাকেই প্রয়োজনীয় অর্থায়ন দেওয়া জরুরি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য তাই শুধু গবেষণার সংখ্যা বাড়ানো নয়; বরং এমন গবেষণা এগিয়ে নেওয়া, যার বাস্তব প্রয়োগ দেশের মানুষ, সমাজ এবং ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে বড় চ্যালেঞ্জ কী? 

একটা হচ্ছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আপনি জানেন যে এখন প্রায় ১১৯টা হয়ে গেছে। সরকারি বিশ্ববিদ্যালয় আছে প্রায় ৫৯টা, এর মধ্যে ৫৫টা মোটামুটি দাগে মার্কেটে আছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক বিশ্ববিদ্যালয়, প্রায় ২৬টা বিশ্ববিদ্যালয়ের একদিকে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, অন্যদিকে লিমিটেড ক্যাপাসিটি। অর্থাৎ তারা মাত্র ৪ জন বা ৬ জন শিক্ষক নিয়ে একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে। এটা খুব দুঃখজনক। আমাদের দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাপাসিটি আরও বাড়াতে হবে, কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ না, মিলিয়নস অব চিলড্রেন আছে। ১.৫ মিলিয়নÑ মানে ১৫ লক্ষ স্টুডেন্ট প্রতিবছরই কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাস করে তারা কিন্তু উচ্চশিক্ষায় আসতে চায়। কিন্তু তাদের জন্য সামগ্রিকভাবে সরকারি-বেসরকারি যাই বলি না কেন, সেই সুযোগটা কিন্তু নাই।

সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫০-৫৫টা হলেও ২৬টার ইনফ্রাস্ট্রাকচার বা ক্যাপাসিটি একদমই নাই বললেই চলে, আর বাকিগুলো যেগুলো বড় বিশ্ববিদ্যালয়, তাদের আরও বেশি ধারণক্ষমতা আছে, কিন্তু তারা সেই ধারণক্ষমতা নিতেও পারে না, সেইভাবে অন্যদের জন্য সুযোগও করতে পারে না। কিন্তু তারা একটা গতানুগতিকভাবে আছে। সেখানে আরও ফান্ডিং করা উচিত, আরও শিক্ষক নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত, যাতে করে বাংলাদেশের তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আসে।

অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু বিশ্ববিদ্যালয় মোটা দাগে ১০ থেকে ১৫টা বিশ্ববিদ্যালয় হয়তো ভালো করছে। আপনি সারা বাংলাদেশে ধরলে হয়তো ২০টা বিশ্ববিদ্যালয়কে বলতে পারবেন তারা মোটা দাগে তাদের একটা সাস্টেইনেবল মডেল আছে, যেই মডেলের মধ্যে তারা একটা গুণগত মানের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের শিক্ষাঙ্গনটাকে চালানোর জন্য যে পরিমাণ অর্থনৈতিকÑ আমরা যেটাকে বলি যে একটা ফাইন্যান্সিয়াল ব্যালেন্স, ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে রেখে একটা সারপ্লাস না রাখলে ওই প্রতিষ্ঠানটার কোনোভাবেই গ্রোথ হবে না।

সারপ্লাসের দরকার আছে, বিকজ গ্রোথ যদি না হয়, তাহলে আমরা আগামী দিনে কত শিক্ষক নিয়োগ করব অথবা ক্যাপাসিটি বাড়াব, সুযোগ বাড়াব ছাত্র-ছাত্রীদের জন্য এবং আরও বেশি ছাত্র অথবা আরও বেশি ডিপার্টমেন্ট, আরও বেশি বিষয় অথবা ক্যাম্পাস আরও বড় করব! এইসব গ্রোথ মডেলটা কিন্তু থাকতে হবে প্রাইভেটের মধ্যে। পাবলিকের এই জিনিসগুলো নিয়ে অত চিন্তা করতে হয় না, কারণ যা দেয় জায়গা, জমি, অর্থ, বরাদ্দÑ সমস্ত কিন্তু রাষ্ট্রের কোষাগার থেকে আসে, জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে। অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোনো আয়ের সুযোগ নাই...


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা