সাক্ষাৎকার
প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। ফাইল ছবি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশ্ববিদ্যালয়টির গবেষণা, সামগ্রিক পরিবেশ, কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন দিক নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম কিবরিয়া
আপনাদের শিক্ষা কার্যক্রমে কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন?
বাংলাদেশের প্রেক্ষিত থেকে যদি বলি, শিক্ষা কার্যক্রমে আমরা মূলত থিওরিটিক্যাল সাইটটাকে বেশি গুরুত্ব দিই। ইউআইইউতে আমি জয়েন করার পর থেকে বা তার আগে থেকেও যারা আমাদের এখানে ছিলেন, আমরা সব সময়ই চিন্তা করি শুধু থিওরিটিক্যাল সাইট না, তার সঙ্গে প্র্যাকটিক্যাল সাইটটা বা ইন্ডাস্ট্রিতে যে দিকগুলোতে শিক্ষার্থীরা যাবে সে দিকগুলোকে গুরুত্ব দেওয়া। আর সব সময় একজন শিক্ষার্থী চাকরি করবে তা না, সে উদ্যোক্তাও হতে পারে। সেখানেও কিন্তু তার দক্ষতা লাগবে। তার কাজের দক্ষতা সবখানেই লাগবে। আমি নিজে কাজ না পারলে অন্যকে দিয়ে কাজ করাব কীভাবে? আমি নিজে বুঝতে না পারলে অন্যকে দিয়ে কীভাবে করাব?
এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা ধীরে ধীরে আমাদের শিক্ষা কার্যক্রমকে ওভাবে ঢেলে সাজিয়েছি। এই লক্ষ্যটি হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, ‘মার্স রোভার’ প্রতিযোগিতায় আমাদের টিম বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে। এটা ২০২৬ সালের একটি অর্জন, কিন্তু এর যাত্রা কিন্তু ২০২৫-এ শুরু হয়েই আমরা ২০২৬-এ পেয়ে যাইনি। এটা বহু পুরনো।
আমার মনে পড়ে, আমি যখন এখানে ডিন হিসেবে জয়েন করি (২০১৮-১৯ সালের দিকে, বুয়েট থেকে আসি), তখন থেকেই তৎকালীন যারা সিএসই এবং অন্যান্য ডিপার্টমেন্টের হেড ছিলেন, তাদের সঙ্গে বসে কিছু কিছু বিষয় নিয়ে আমরা কাজ করি। তার মধ্যে একটি ছিল কারিকুলামকে ঢেলে সাজানো।
আমাদের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) থেকে ‘আউটকামবেজড’ যে অ্যাক্রেডিটেশন, তখনই কিন্তু আমরা অ্যাপ্লাই করি। প্রথম দিককার বিশ্ববিদ্যালয় হিসেবে আমরাই এই অ্যাক্রেডিটেশনটা পাই, ইঞ্জিনিয়ারিং সাইটের কথা যদি বলি। বিজনেসেও কিন্তু আমরা ‘ACBSP’ অ্যাক্রেডিটেশন পাই ২০১৯ সালে। তখন মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় এই অ্যাক্রেডিটেশন পেয়েছিল এবং ১০ বছরের জন্য আনকন্ডিশনাল অ্যাক্রেডিটেশন পাওয়া একমাত্র বিশ্ববিদ্যালয় আমরাই ছিলাম।
শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের মানসিকতা গড়ে তুলতে কী উদ্যোগ নেওয়া হয়েছে?
আমাদের লক্ষ্য কিন্তু অনেক আগে থেকেই ছিল। কারিকুলাম হুট করে বেশি পরিবর্তন করা যায় না। আমরা প্র্যাকটিক্যাল সাইটটাকে সামনে রেখে, শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের বিষয়টিকে প্রাধান্য দিয়ে সিএসই ডিপার্টমেন্টের ৭ থেকে ৯টি কোর্সে কম্পিটিশনের আয়োজন করি। একটি সুস্থ প্রতিযোগিতা যদি হয়Ñ কেমন প্রতিযোগিতা? ল্যাব কোর্সগুলোতে তিন, চার বা পাঁচটি সেকশন থাকে; ওই সেকশনের শিক্ষার্থীদের ছোট ছোট প্রজেক্ট দেওয়া হয়।
ভালো ভালো বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই প্রজেক্ট দেওয়া হয়। ছোট অ্যাসাইনমেন্ট হয়তো তার একটা ছোট ডোমেইন মূল্যায়ন করে, কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট দিলে তারা পুরো সাবজেক্টের আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারে এবং একটি সুন্দর কাজ বেরিয়ে আসে। শিক্ষার্থীরা পুরো সিস্টেমটা বুঝতে পারে।
আর চতুর্থ বর্ষে আমরা যে ‘ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট’ করাই, সেখানে বিভিন্ন কোর্সের আইডিয়া একসঙ্গে করে এক বছর বা তিন ট্রাইমিস্টার ধরে একটি বড় প্রজেক্ট তৈরি করে। আমরা চতুর্থ বর্ষের জন্য আলাদা কম্পিটিশন রাখি, আবার একেবারে প্রথম বর্ষে যারা আসেÑ যেমন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (যাকে আমরা সাধারণ ভাষায় এসপিএল বলি), অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংÑ এই ছোট ছোট বাচ্চার মতো নতুন আসা শিক্ষার্থীদেরও প্রজেক্টের মধ্যে ফেলি।
এরপর ওদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা হয়। আগে মূল্যায়ন আমরা নিজেরাই করতাম, পরে ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে যারা দক্ষ এবং বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের ভালো শিক্ষকদের নিয়ে এসে মূল্যায়ন করাই (আমাদের শিক্ষকদের পাশাপাশি)। এটা কিন্তু গ্রেডিংয়ের ওপরও প্রভাব ফেলে। একই সঙ্গে ট্রাইমিস্টার শেষে একদিন উৎসবের মতো সারা বিশ্ববিদ্যালয় মিলে প্রজেক্টগুলো শো-কেস করে। প্রতি ট্রাইমিস্টার শেষে ৪০০-৫০০টি প্রজেক্ট জমা পড়ে। সেখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দিই, উৎসাহ দেওয়ার জন্য মোস্ট অব দ্য টাইম আমি নিজে ভাইস চ্যান্সেলর হিসেবে প্রাইজগুলো তুলে দিই।
এতে হয় কী, ওরা খুব উৎসাহ পায়। আপনাদের তথ্যের জন্য জানাই, আমাদের এক শিক্ষার্থী (যে এখন ক্যানাডায় উচ্চশিক্ষার জন্য গেছে), সে আন্তর্জাতিক ‘ব্লকচেইন অ্যাওয়ার্ড’-এ ২০২৪ বা ২০২৫ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সে আমাকে নিজে বলল, ‘স্যার, আমি যখন ফার্স্ট ইয়ারে আসি, তখন আপনাদের এই কম্পিটিশনে ছিলাম। প্রথমে একটু লাজুক ছিলাম, পরে দেখি ফার্স্ট হয়ে গেছি!’
ছোট একটা কোর্সে, সে তখন বাচ্চার মতো একটা মেয়ে, তার পরের প্রজেক্টে সে আবার ফার্স্ট হলো। এতে তার নিজের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হলো। সে ভাবল, ‘আমি তো পারি!’ এই যে ‘আমি পারি’Ñ এই অ্যাটিটিউডটা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বাচ্চাদের বকাঝকা করে নষ্ট করে দেওয়া হয়। আমি কিন্তু সব সময় বলি, এই, তুমি পারবা। পারবা না কেন?
ওদের আইকিউ কিন্তু অনেক ভালো। আমি অনেক দেশে ছিলাম, পড়িয়েছি। অন্যদের চেয়ে আমাদের দেশের বাচ্চাদের আইকিউ অনেক ভালো। কিন্তু আমরা ওদের সুযোগ দিই না। এই কথাটা মাথায় রেখেই আমি ও আমাদের টিম মিলে ছোট ছোট প্রতিযোগিতা থেকে শুরু করে বড় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করি। এভাবেই মার্স রোভারে টানা ৫ বার আমরা এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছি।
ওদের জন্য সব ফ্যাসিলিটি দিই। ওরা বাজেট নিয়ে এলে আমি কাটছাঁট করি না। শুধু জানতে চাই কোনটা কেন লাগবে। সোজা কথা, আমি অপরচুনিটি দিই, ফ্রিডম দিইÑ তুমি কাজ করো, একদিন আউটপুট আসবে। জাপানের মতো দেশে (আমি সেখানে অনেকদিন ছিলাম) তারা গবেষণায় ১০% আউটপুট পেলেই বিশাল অ্যাচিভমেন্ট মনে করে। অথচ আমাদের দেশে আমরা মনে করি যা দিলাম সবই পাইতে হবে! এটা তো সম্ভব না, কিছু তো ফেইলঅর হবেই। তা না হলে তো সেটা গবেষণা হলো না। এমনও হয়, এক বছর কাজ করার পর দেখা গেল কোনো আউটপুট নাই। এটা মেনে নিতে হবে।
কাজেই এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি, তবেই উন্নয়ন সম্ভব। ইলেকট্রিক্যাল (EEE) ডিপার্টমেন্টেও আমরা একই কাজ করি। সিএসই আর ট্রিপল ই মিলেই কিন্তু মার্স রোভারের কাজগুলো করে। ক্লাসের ভেতর থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল, তারপর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে তারা সাফল্য পাচ্ছে। বিজনেস বা ইংলিশ ডিপার্টমেন্টেও আমরা ছোট ছোট কেসস্টাডি বা ডিবেট কম্পিটিশনের মাধ্যমে টিম বিল্ড করি। জাতীয় দলের প্লেয়াররা যেমন লিগ খেলে আস্তে আস্তে উঠে আসে, পড়ালেখার ক্ষেত্রেও সেই পাথওয়ে বা এনভায়রনমেন্ট না থাকলে হুট করে তালগাছের মাথায় ওঠা যায় না। আমাদের দেশে মূল সমস্যা হলো আমরা দ্রুত আউটপুট চাই কিন্তু উপযুক্ত পরিবেশ ও সুযোগ দিতে চাই না।
গবেষণায় ইউআইইউ কীভাবে এগিয়ে যাচ্ছে?
গবেষণার ক্ষেত্রে আমরা শিক্ষকদের ওপর অহেতুক চাপ সৃষ্টি করি না। কার্ড পাঞ্চ করে কয় ঘণ্টা থাকল তা নিয়ে বেতন কাটার নিয়ম আমাদের নেই। আমরা টিচিং লোড সবচেয়ে কম রেখেছিÑ সপ্তাহে মাত্র ৯ ঘণ্টা (দেড় ঘণ্টার ৬টি ক্লাস)। বাংলাদেশে পাবলিক বা প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে এত কম লোড নেই। বাকি সময়টা আমরা টিচারদের স্টুডেন্টদের কাউন্সেলিং এবং গবেষণায় দেওয়ার জন্য উৎসাহিত করি।
শিক্ষকদের আইডিয়া বের করার জন্য স্বাধীনতা দরকার। সিকিউরিটি পারপাসে এন্ট্রি-এক্সিট ট্র্যাকিং থাকলেও শিক্ষকদের ওপর নজরদারির জন্য তা ব্যবহার করা হয় না। একটা সুন্দর ও আন্তরিক পরিবেশ থাকলে তবেই ভালো কাজ বেরিয়ে আসে। আমরা পরিবারে যতটুকু সময় দিই, তার চেয়ে বেশি সময় তো কর্মক্ষেত্রে কাটাব। তাই এই পরিবেশটা সুন্দর রাখা আমাদের মূল লক্ষ্য।
কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেইন এবং অটোমেশনের মতো প্রযুক্তি শুধু আমাদের জীবনযাত্রাকে সহজ করছে না, এতে জ্ঞান সৃষ্টি, জ্ঞান অর্জন এবং জ্ঞান পদ্ধতিও পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ লক্ষ্য সামনে রেখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি ও বাস্তবভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউআইইউ প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতার পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল একটি ডিগ্রি তুলে দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ পেশাজীবী, উদ্ভাবক, উদ্যোক্তা, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। ইউআইইউতে প্রযুক্তি ও গবেষণাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিকস, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, অর্থনীতি, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা কাজ করছেন। গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ইউআইইউর শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। রোবোটিকস, রোভার ও আন্ডারওয়াটার রোবটসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক অর্জন প্রমাণ করে যে, যথাযথ সুযোগ, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বমানের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে সক্ষম। বাংলাদেশ যখন একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় শিক্ষা ও গবেষণার ধরন পরিবর্তন করতে হবে। ইউআইইউ সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করতে কাজ করছে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা চাকরিপ্রার্থী না হয়ে তারা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নেতৃত্ব দেবে। প্রযুক্তির বিপ্লব আমাদের সামনে যে নতুন দিগন্ত উন্মোচন করেছে, সেটিকে সফলভাবে কাজে লাগাতে হলে আমাদের ভাবনার পরিবর্তন আনতে হবে। বিশ্ববিদ্যালয়কে হতে হবে জ্ঞান, দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনের মিলনস্থল। আমরা বিশ্বাস করি, ইউআইইউর শিক্ষার্থীরা তাদের জ্ঞান, প্রযুক্তি দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা শুধু নিজেদের কর্মজীবনে সফল হবে না, বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে। আর এ অভিযাত্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হতে পারে বাংলাদেশের জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও প্রতিযোগিতামূলক ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান শক্তি।