× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া

উচ্চশিক্ষার প্রসারে এক অনন্য বাতিঘর

অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১২:২৯ পিএম

অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, উপাচার্য, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, উপাচার্য, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

দেশের উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিকল্প হিসেবে কাজ করছে। একসময় উচ্চশিক্ষা কেবল গুটিকয়েক সরকারি বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেই সুযোগকে সরকারি বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশব্যাপী প্রসারিত করেছে। এর ফলে উচ্চশিক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকগণ এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, পড়াশোনার পরিবেশ, যুগোপযোগী ও চাহিদাভিত্তিক বিষয়সমূহ, সেশন, পড়াশোনার খরচ এবং বৃত্তির সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে অত্যন্ত আগ্রহী।

উচ্চশিক্ষায় পুণ্ড্র ইউনিভার্সিটির মূল বৈশিষ্ট্য ও পার্থক্য 

আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও পার্থক্য হলো এর অনন্য ভৌগোলিক অবস্থান এবং মানসম্মত শিক্ষার সহজলভ্যতা। প্রাচীন পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়ের ঐতিহাসিক পুণ্যভূমি বগুড়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকার বাইরের শিক্ষার্থীদের, বিশেষ করে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার এক সুবর্ণ দ্বার উন্মোচন করেছে। দেশের বেশিরভাগ স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকাকেন্দ্রিক হওয়ায় উত্তরবঙ্গের প্রান্তিক ও মফস্বল শহরের অনেক মেধাবী শিক্ষার্থী যাতায়াত, আবাসন এবং জীবনযাত্রার চড়া ব্যয়ভার বহন করতে না পেরে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। পুণ্ড্র ইউনিভার্সিটি ঠিক এই শূন্যস্থানটি পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।

আমাদের মূল স্বকীয়তা হলো- আমরা অত্যন্ত সাশ্রয়ী খরচে এবং কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছি। আমাদের রয়েছে সম্পূর্ণ রাজনীতিমুক্ত, সেশনজটমুক্ত এবং কোলাহলমুক্ত এক সবুজে ঘেরা মনোরম ক্যাম্পাস। আমরা শুধু পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী নই; বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং সৃজনশীলতার বিকাশে আমরা কাজ করছি। এ ছাড়া  মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে আকর্ষণীয় স্কলারশিপ বা বৃত্তির সুবিশাল ব্যবস্থা, যাতে অর্থাভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট না হয়। সর্বাধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ ই-লাইব্রেরি এবং দেশ-বিদেশের ডিগ্রিধারী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি আজ উচ্চশিক্ষায় এক আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

পুণ্ড্র ইউনিভার্সিটির ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা

একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণশক্তি হলো তার গবেষণা কার্যক্রম। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, শুধুমাত্র প্রচলিত জ্ঞান বিতরণ নয়, বরং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমানে আমরা আন্তর্জাতিক মানের গবেষণায় নিজেদের এবং আমাদের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য নানামুখী যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছি। শিক্ষকদের গবেষণায় সার্বক্ষণিক উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে একটি ডেডিকেটেড ইনস্টিটিউট ‘পুণ্ড্র ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ স্থাপন করা হয়েছে। এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ শুধুমাত্র গবেষণা খাতে বরাদ্দ করা হচ্ছে। এ ছাড়াও আগ্রহী ক্ষেত্রসমূহে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সুদূরপ্রসারী। আগামী কয়েক বছরের মধ্যে পুণ্ড্র ইউনিভার্সিটিতে একাধিক ‘সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছেÑ যেখানে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, জনস্বাস্থ্য, কৃষি এবং ব্যবসায় প্রশাসন নিয়ে বিশ্বমানের গবেষণা পরিচালিত হবে। আমরা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণাপত্রগুলো যেন নিয়মিতভাবে বিশ্বের শীর্ষস্থানীয় পিয়ার-রিভিউড জার্নালগুলোতে (যেমনÑ স্কোপাস, ওয়েভ অব সায়েন্স ইনডেক্সড জার্নাল) প্রকাশিত হয় এবং জাতীয় নীতিনির্ধারণীতে অবদান রাখতে পারে।

বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ 

বর্তমান যুগ হচ্ছে গ্লোবালাইজেশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আজকের তীব্র প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে শুধু একটি কাগুজে সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তবমুখী ও কারিগরি দক্ষতা। পুণ্ড্র ইউনিভার্সিটি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করে এবং সে অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করছে। শ্রমবাজারের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের কোর্স কারিকুলাম নিয়মিত আপডেট বা পরিমার্জন করে থাকি। আমরা প্রতিটি বিভাগে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বা ফলাফলভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করেছি। শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাথে একাডেমিয়ার সরাসরি সেতুবন্ধন তৈরিতে আমরা ব্যাপকভাবে কাজ করছি।

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিটিউট ও প্রতিষ্ঠানের শিক্ষা ও বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশিষ্ট ইস্যুতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছেÑ মার্কিন যুক্তরাষ্ট্রের দি ইউনিভার্সিটি অব মিশিগান ফ্লিন্ট, দি গ্লোবাল হেলথ একাডেমিক, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি গ্লোবাল ক্যাম্পাস, ভারতের ব্যাঙ্গালোরভিত্তিক আচারিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স এবং আয়ারল্যান্ডভিত্তিক আসেম এডুকেশন অ্যান্ড রিসার্স হাব ফর লাইফ লং লার্নিং। দেশি-বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন সময়েই ইন্টার্নশিপ এবং হাতে-কলমে বাস্তব কাজ শেখার সুযোগ পাচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের সফট স্কিলস যেমনÑ যোগাযোগ দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপমেন্টের জন্য নিয়মিত কর্মশালা, সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য বা অগ্রাধিকার

পুণ্ড্র ইউনিভার্সিটির প্রধান লক্ষ্য হলো- মানসম্মত ও যুগোপযোগী উচ্চশিক্ষাকে দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সহায়তা করা। বিশেষত, উত্তরবঙ্গের অপেক্ষাকৃত অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের জন্য একটি সাশ্রয়ী কিন্তু বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের টেকসইভাবে প্রতিষ্ঠিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এমন একদল চৌকস গ্রাজুয়েট তৈরি করতে চাই, যারা শুধু নিজেদের ক্যারিয়ারই গড়বে না, বরং দেশ ও জাতির সার্বিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের অগ্রাধিকারের আরেকটি বড় জায়গা হলো শিক্ষার্থীদের মানবিক, সাংস্কৃতিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা গ্লোবাল সিটিজেন হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক এবং মেধা ও মননে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে, বিশেষ করে ‘মানসম্মত শিক্ষা’ নিশ্চিতকরণে পুণ্ড্র ইউনিভার্সিটি বাংলাদেশ সরকারের পাশাপাশি একটি অন্যতম গর্বিত অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আশা করি, আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষা ও গবেষণার মানদণ্ডে জাতীয় র‌্যাঙ্কিংয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি এক ঈর্ষণীয় অবস্থানে উঠে আসবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের অনুষদ এবং বিভাগের সংখ্যা বৃদ্ধি করে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন বিষয়গুলো (যেমনÑ ফার্মাসি, কৃষি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ও ডাটা সায়েন্স ইত্যাদি) অন্তর্ভুক্ত করব। এ ছাড়া নেপাল, ভুটান, ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী আমাদের এখানে অধ্যয়ন করতে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সব মিলিয়ে আগামী পাঁচ বছরে পুণ্ড্র ইউনিভার্সিটি হবে শিক্ষা, বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের এক অদ্বিতীয় সূতিকাগার।

লেখক: উপাচার্য, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা