ফুসফুসের ক্যানসার
ডা. আয়েশা আক্তার
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৩:২৬ পিএম
ফুসফুস ক্যানসারের বিশেষ দিক হলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়ে না
ফুসফুস ক্যানসারকে নীরব ঘাতক বলা হয়। কারণ রোগটি অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না।
লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই এটি শরীরে ছড়িয়ে পড়তে পারে। ফলে চিকিৎসা জটিল হয়ে ওঠে এবং মৃত্যুঝুঁকি বেড়ে যায়। এদিকে ক্রমবর্ধমান বায়ুদূষণ, ধূমপান, তামাকজাত পণ্যের ব্যবহার এবং অস্বাস্থ্যকর জীবনযাপন ফুসফুস ক্যানসারের ঝুঁকিকে প্রতিদিনই আরও বাড়িয়ে তুলছে।
ফুসফুসের ক্যানসার কী?
ফুসফুসের ক্যানসার হচ্ছে ফুসফুসের এক ধরনের টিউমার। অর্থাৎ ফুসফুসের যে স্বাভাবিক কোষ আছে, সেই স্বাভাবিক কোষের যখন অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়ে চাকার মতো সৃষ্টি করে, তাকেই ফুসফুস ক্যানসার বলে। এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ক্যানসার যখন ফুসফুসে হয়, এটা শুধু নির্দিষ্ট জায়গায় থাকে না বরং অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। সঠিক সময়ে শনাক্ত ও যথাযথ চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুরও কারণ হয়ে থাকে।
কেন হয়
ফুসফুসের ক্যানসার হওয়ার সরাসরি কারণ বলা কঠিন। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জীবনযাপনের ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটে, যার কারণে ফুসফুসের ক্যানসার হতে পারে। কিছু ঝুঁকিপূর্ণ গোষ্ঠী আছে, যেমনÑ যারা ধূমপান করেন, তামাকজাত দ্রব্য সেবন করেন, অস্বাস্থ্যকর কলকারখানায় কাজ করেন, অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশের দীর্ঘমেয়াদি সংস্পর্শে থাকেন, তাদের ভেতর ফুসফুস ক্যানসার হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এ ছাড়া জেনেটিক বা বংশগত কারণেও অনেকের ফুসফুস ক্যানসার হতে পারে। কোনো পরিবারে একাধিক ব্যক্তির ফুসফুস ক্যানসারের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি। এসব কারণের বাইরে বর্তমানে অধূমপায়ীদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যায় ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।
ধরন
কোষগত এবং চরিত্রগত বিষয় বিবেচনা করে ফুসফুসের ক্যানসারের ধরন নির্ণয় করা হয়। ফুসফুস ক্যানসারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। যেমনÑ স্মল সেল বা ছোট কোষের ফুসফুস ক্যানসার, যেখানে এক ধরনের বিশেষ কোষ থাকে, এই ছোট কোষের ফুসফুসের ক্যানসার বেশি ক্ষতিকারক। আরেকটি ধরন হচ্ছে নন স্মল সেল বা অক্ষুদ্র কোষের ফুসফুসের ক্যানসার।
লক্ষণ
ফুসফুস ক্যানসারের অন্যতম লক্ষণ হচ্ছে দীর্ঘমেয়াদি কাশি হওয়া, কখনও কখনও কাশির সঙ্গে কফ এবং কফের সঙ্গে রক্ত যাওয়া। ফুসফুসের ক্যানসারের কারণে বুকে ব্যথা হতে পারে। ক্যানসার যদি ব্যাপকতা পায় এবং বুকে পানি চলে আসে অথবা ফুসফুসে বেশি ছড়িয়ে পড়লে শ্বাসকষ্ট হতে পারে। এ ছাড়া কিছু সাধারণ লক্ষণ আছে, যেগুলো সব ক্যানসারেই দেখা যায়। যেমনÑ ওজন কমে যাওয়া, খাবারে অরুচি।
চিকিৎসা
ফুসফুস ক্যানসারের বিশেষ দিক হলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়ে না। ক্যানসারের প্রাথমিক অবস্থা বলতে বোঝায় যখন তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা যায়। ক্যানসারের স্টেজিং বা ধাপের ওপর ভিত্তি করে রোগীর চিকিৎসা নির্ধারণ করা হয়। ক্যানসারের নির্দিষ্ট স্টেজ অবধি রোগীর অস্ত্রোপচার করা যায়, পরবর্তীতে অন্য চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমে ক্যানসার নিরাময়ের চেষ্টা করা হয়। বর্তমান সময়ে রোগীর অবস্থা অনুযায়ী টার্গেটেড থেরাপি দেওয়া হয়। কোষের ধরন ভালোভাবে বিশ্লেষণ করে টার্গেট করে যেটি কার্যকর হবে, সেই ওষুধ দিয়ে রোগীকে টার্গেটেড থেরাপি দেওয়া হয় ফুসফুস ক্যানসারের চিকিৎসায়।
প্রতিরোধ
ফুসফুস ক্যানসার প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে। ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন পরিহার করতে হবে। যেসব শিল্পকলকারখানায় কাজ করলে ফুসফুসের ক্ষতি হয় বা ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে; সেসব স্থানে স্বাস্থ্যকর ব্যবস্থার উন্নয়ন করা এবং স্বাস্থ্যবিধি প্রণয়ন করা। কলকারখানার ধোঁয়া, রাসায়নিক ও ধুলোবালি থেকে যতটা সম্ভব দূরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস করতে হবে। এ ছাড়া ফুসফুস ক্যানসার প্রতিরোধে বছরে একবার অথবা নির্দিষ্ট মেয়াদে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে।
লেখক: উপপরিচালক, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী, ঢাকা