× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশেষজ্ঞ পরামর্শ

ডায়াবেটিস: একটি নীরব ঘাতক

ডা. আবু তালহা

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১০:৪৫ এএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১২:৫২ পিএম

ডা. আবু তালহা, ডায়াবেটোলজিস্ট, ম্যানেজিং ডাইরেক্টর, রাজধানী স্পেশালাইজড হাসপাতাল

ডা. আবু তালহা, ডায়াবেটোলজিস্ট, ম্যানেজিং ডাইরেক্টর, রাজধানী স্পেশালাইজড হাসপাতাল

ডায়াবেটিস বর্তমান বিশ্বের অন্যতম সাধারণ এবং মারাত্মক স্বাস্থ্য সমস্যা। এটি এমন একটি রোগ, যা ধীরে ধীরে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। তাই ডায়াবেটিসকে প্রায়ই ‘নীরব ঘাতক’ বলা হয়।

বর্তমানে পৃথিবীর প্রায় ৬০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত অর্থাৎ প্রতি নয়জনের একজন ডায়াবেটিস আক্রান্ত। আর আমাদের বাংলাদেশে ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশেও ডায়াবেটিস একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

ডায়াবেটিস কী?

প্রথমেই আমাদের জানতে হবে, ডায়াবেটিস কী? ডায়াবেটিস হলো এমন একটি রোগ, যেখানে মানুষের রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। আমাদের শরীরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক একটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়। এই ইনসুলিন শরীরের কোষে গ্লুকোজ প্রবেশ করিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। কিন্তু যখন শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না অথবা উৎপন্ন ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না, তখন রক্তে গ্লুকোজ জমা হতে থাকে এবং ডায়াবেটিস দেখা দেয়।

ডায়াবেটিসের প্রকার

ডায়াবেটিস প্রধানত তিন ধরনের। প্রথমটি হলো টাইপ-১ ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিস সাধারণত শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা যায়। এতে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে আক্রান্ত ব্যক্তিকে নিয়মিত ইনসুলিন নিতে হয়।

টাইপ-২ দ্বিতীয়টি হলো ডায়াবেটিস, যা সবচেয়ে বেশি দেখা যায়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ এবং বংশগত কারণের জন্য এই ধরনের ডায়াবেটিস হতে পারে। বর্তমানে কম বয়সীদের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিসের প্রবণতা বেড়ে গেছে।

তৃতীয়টি হলো গর্ভকালীন ডায়াবেটিস। অনেক সময় গর্ভবতী নারীদের শরীরে হরমোনগত পরিবর্তনের কারণে সাময়িকভাবে ডায়াবেটিস দেখা দেয়। যদিও সন্তান জন্মের পর অনেক ক্ষেত্রে এটি চলে যায়, তবু ভবিষ্যতে মা ও সন্তানের জন্য ঝুঁকি থেকে যায়।

কীভাবে বুঝব

ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন- অতিরিক্ত পিপাসা লাগা, বারবার প্রস্রাব হওয়া, ঘন ঘন ক্ষুধা লাগা, শরীর দুর্বল হয়ে পড়া, দ্রুত ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ক্ষত শুকাতে দেরি হওয়া এবং বারবার সংক্রমণে আক্রান্ত হওয়া। তবে অনেক সময় কোনো লক্ষণ ছাড়াও ডায়াবেটিস থাকতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঝুঁকিসমূহ

যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখা হয়, তাহলে এটি শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি বিকল হওয়া, চোখের দৃষ্টি কমে যাওয়া, স্নায়ুর ক্ষতি এবং স্ট্রোকের কারণ হতে পারে।

কী করণীয়

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রথমত, আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। অতিরিক্ত চিনি, কোমল পানীয়, ফাস্টফুড এবং চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। শাকসবজি, ফলমূল, মাছ, ডাল এবং আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা, দৌড়ানো কিংবা অন্য কোনো শারীরিক পরিশ্রম শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ধূমপান ও মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে।

এ ছাড়া যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। কোনো অবস্থায়ই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়।

লেখক: ডায়াবেটোলজিস্ট, ম্যানেজিং ডাইরেক্টর, রাজধানী স্পেশালাইজড হাসপাতাল

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা