× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে চিকিৎসাসেবার আকাল

রোগীর চাপ দ্বিগুণ, বাড়েনি অবকাঠামো

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ০৯:১১ এএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১২:৫৪ পিএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় অনেক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাই নেই।

আবার বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ ঢাকার তুলনায় কয়েকগুণ বেশি। ফলে জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রতিনিয়ত ছুটতে হচ্ছে রাজধানীতে। নয়তো বাধ্য হয়ে ভরসা রাখতে হচ্ছে অনিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগীর ওপর।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) সম্প্রতি বাবাকে ভর্তি করিয়েছিলেন রহমান মিজান। তার বাবার অ্যালার্জির সমস্যা নিয়ে চর্ম ও যৌন রোগ বিভাগে চিকিৎসা চলাকালে সিরোসিস ও ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকরা বায়োপসি করানোর সিদ্ধান্ত নেন। কিন্তু জানা যায়, চমেকে বায়োপসি করানোর কোনো ব্যবস্থা নেই। এমনকি চট্টগ্রামের কোনো বেসরকারি ল্যাবেও এই পরীক্ষা করানোর সুযোগ নেই। রোগীর পরিবারের সামনে তখন দুটি পথ খোলা ছিল। প্রথমটি সরাসরি ঢাকায় নিয়ে বায়োপসি করানো অথবা হাসপাতালের ভেতরে সক্রিয় একটি অনানুষ্ঠানিক মাধ্যমে নমুনা পাঠিয়ে পরীক্ষা করানো। বাবার শারীরিক অবস্থার কারণে হুট করে ঢাকায় নেওয়া সম্ভব না হওয়ায় পরিবারটি বাধ্য হয়ে দ্বিতীয় পথই বেছে নেয়।

রহমান মিজান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “স্যাম্পলটা আসলে কোথায় যাচ্ছে, কীভাবে পরীক্ষা হচ্ছে, রিপোর্ট কতটুকু নির্ভুল এই নিয়ে মনে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যায়। শেষ পর্যন্ত আল্লাহর ওপর ভরসা করেই সেই রিপোর্টের ওপর ভিত্তি করে আমাদের এগোতে হয়েছে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, চট্টগ্রামের মতো বড় শহরের মূল সরকারি হাসপাতালেই যদি বায়োপসির মতো পরীক্ষা না হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

একই রকম অভিজ্ঞতার কথা প্রতিদিনের বাংলাদেশকে জানান হৃদরোগী তারেক উদ্দিন। হার্টে ব্লক ধরা পড়ার পর চমেকের কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসকের প্রাইভেট চেম্বারে রিং পরানোর জন্য তাকে ১ লাখ ৮০ হাজার টাকা খরচের কথা বলা হয়।

পরে জানা যায়, অপারেশন পরবর্তী খরচ মিলিয়ে প্রকৃত বিল দাঁড়ায় প্রায় ২ লাখ ৩০ থেকে ৪০ হাজার টাকা। অথচ ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একই মানের রিং পরাতে খরচ হয় মাত্র ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। 

তারেক উদ্দিনের প্রশ্ন, “একই দেশে, একই চিকিৎসার জন্য একেক শহরে এত বিপুল খরচের তারতম্য কেন হবে?”

সিরিয়াল পাওয়ার জটিলতা ও সময়সাপেক্ষতার কারণে ঢাকায় গিয়ে চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত চট্টগ্রামের কোনো বেসরকারি হাসপাতালেই তিনি রিং পরাতে পারেননি।

হাসপাতাল সূত্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে চমেকের জরুরি বিভাগে রোগী বেড়েছে ৯১ শতাংশ। যা প্রায় দ্বিগুণের কাছাকাছি।

একই সময়ে বহির্বিভাগে রোগী বেড়েছে ৫২ দশমিক ৪২ শতাংশ এবং ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৬৫ শতাংশ।

২০২৫ সালে চমেকের বহির্বিভাগে মোট ১০ লাখ ৯৩ হাজার ৩৬৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩ হাজার ৮৩৬ জন। যেখানে ২০২০ সালে এই সংখ্যা ছিল দিনে গড়ে ১ হাজার ৮৯৭ জন।

জরুরি বিভাগে ২০২৫ সালে চিকিৎসা নিয়েছেন রেকর্ড ৪ লাখ ১৬ হাজার ৪২২ জন যা দৈনিক গড়ে ১ হাজার ১৪১ জন। যেখানে ২০২০ সালে দৈনিক গড় ছিল মাত্র ৫৯৮ জন।

ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যাও ২০২০ সালের ১ লাখ ৯৬ হাজার ৭৬৬ থেকে বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ৬৪৭ জনে। দৈনিক গড়ে ৮২৯ জন।

২ হাজার ২০০ শয্যার এই হাসপাতালে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ওয়ার্ড য়ার্ড সবখানেই প্রতিদিন উপচেপড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

চমেক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চট্টগ্রামে পেট স্ক্যান (পিইটি সিটি) করার কোনো ব্যবস্থা না থাকায় রোগীকে ঢাকায় গিয়েও সিরিয়ালের জন্য ২ থেকে ৪ মাস অপেক্ষা করতে হয়। চমেক মূলত ৫০০ শয্যার হাসপাতাল হিসেবে তৈরি হলেও পরে তা বাড়িয়ে ২ হাজার ২০০ শয্যা করা হয়। কিন্তু অবকাঠামো সেই তুলনায় বাড়েনি।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চমেক শাখার যুগ্ম সম্পাদক ডা. মিনহাজ উল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পেডিয়াট্রিক সার্জারি, বার্ন ইউনিটের উন্নত চিকিৎসা, হার্টের রিং পরানো কিংবা স্কিন বায়োপসির মতো জটিল চিকিৎসার জন্য চট্টগ্রামের রোগীদের ঢাকার দিকেই ছুটতে হয়। চট্টগ্রামে বেসরকারি খাতে গড়ে ওঠা অধিকাংশ হাসপাতাল-ক্লিনিক মূলত করপোরেট ব্যবসাকেন্দ্রিক। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মতো সরকারি অনুদান বা সহায়তায় কম খরচে সেবাদানকারী কোনো প্রতিষ্ঠান এখনও চট্টগ্রামে গড়ে ওঠেনি। চমেক কোনো বিশেষায়িত কার্ডিয়াক হাসপাতাল না হওয়ায় বাইপাস সার্জারির মতো জটিল প্রয়োজনে রোগীরা আটকে যান। এ ছাড়া সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট, ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি মেশিনের তীব্র অভাব (পুরো চট্টগ্রামে মাত্র দুটি জায়গায় সুবিধা আছে) এবং ব্যয়বহুল হওয়ায় ডায়ালিসিসেরও সীমিত সুযোগ।

জানা যায়, অর্থোপেডিক সার্জারি, বিশেষত হ্যান্ড ও নি (হাঁটু) সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা এতটাই কম যে রোগীদের দীর্ঘ সিরিয়ালে পড়ে থাকতে হয়। এ ছাড়া পূর্ণাঙ্গ ও বিশেষায়িত বার্ন ইউনিট এখনও গড়ে না ওঠায় গুরুতর পোড়া রোগীদের বাধ্য হয়ে ঢাকায় রেফার করতে হচ্ছে। ক্যানসার চিকিৎসায় চট্টগ্রামে অনকোলজিস্ট থাকলেও রেডিওথেরাপি মেশিনের তীব্র সংকট, যদিও দেশে ক্রমবর্ধমান হারে ক্যানসার রোধ বাড়ছে। অন্যদিকে কিডনি রোগীর সংখ্যাও নীরব ঘাতকের মতো আশঙ্কাজনক হারে বাড়লেও অনেক রোগীই ডায়ালিসিসের ব্যয়বহুল খরচ বহনে অক্ষম হওয়ায় চিকিৎসা থেকে ছিটকে পড়ছেন। জটিল পরীক্ষার ব্যয়বহুল যন্ত্রপাতি স্থাপন লাভজনক না হওয়ায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোও স্কিন বায়োপসি বা জিন এক্সপার্ট টেস্টের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে দেয়। যেহেতু গড়ে প্রতি ১০০ জন রোগীর মধ্যে মাত্র ৫ জনেরই এসব পরীক্ষার প্রয়োজন হয়। এ বিষয়ে জানতে চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক এবং সহ-সভাপতি ডা. এ টি এম রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার কল করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়াটা সত্য। শুধু চট্টগ্রাম জেলা নয়, পুরো বিভাগের রোগীরাই এই হাসপাতালের ওপর নির্ভরশীল হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হয়। হাসপাতালকে ১০ হাজার শয্যায় রূপান্তরের একটি বড় পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে জমা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খুলশীতে সরকারি জায়গায় নতুন একটি হার্ট ফাউন্ডেশন গড়ে তোলা হচ্ছে। যা চালু হলে রোগীরা কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পাবেন। এ ছাড়া চমেক হাসপাতালে ১২ তলা একটি নতুন ভবনে কিডনি, হার্ট ও ক্যানসার এই তিন জটিল বিভাগের জন্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সরকার হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসের ফিল্টারসহ বিভিন্ন জটিল চিকিৎসা উপকরণের ওপর কর কমানোর ফলে খরচ আগের তুলনায় কমেছে। পোড়া রোগীদের জন্য চট্টগ্রামের ১৫০ শয্যার একটি আধুনিক বার্ন হাসপাতাল নির্মাণাধীন। যা আগামী বছরের মধ্যে চট্টগ্রামের চিকিৎসা খাতের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা