× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসায় বৈষম্য বাড়ছে গ্রাম-শহরের

হাসনাত শাহীন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ০৮:৩৭ এএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১২:৫৫ পিএম

দেশের শহর ও গ্রামের প্রত্যেক জনগণের অন্যতম মৌলিক অধিকার হলো স্বাস্থ্য বা চিকিৎসাসেবা। যদিও এই অধিকার এখনও নাগরিকদের অধরাই রয়ে গেছে। অলংকরণ: জয়ন্ত সরকার/ প্রতিদিনের বাংলাদেশ

দেশের শহর ও গ্রামের প্রত্যেক জনগণের অন্যতম মৌলিক অধিকার হলো স্বাস্থ্য বা চিকিৎসাসেবা। যদিও এই অধিকার এখনও নাগরিকদের অধরাই রয়ে গেছে। অলংকরণ: জয়ন্ত সরকার/ প্রতিদিনের বাংলাদেশ

দেশের শহর ও গ্রামের প্রত্যেক জনগণের অন্যতম মৌলিক অধিকার হলো স্বাস্থ্য বা চিকিৎসাসেবা। যদিও এই অধিকার এখনও নাগরিকদের অধরাই রয়ে গেছে।

পর্যাপ্ত বাজেট বরাদ্দ থেকে শুরু করে চিকিৎসক-নার্স ও অন্যান্য জনবল, বিশেষায়িত হাসপাতাল, বেড, ওষুধ কিংবা প্রয়োজনীয় যন্ত্রপাতি- স্বাস্থ্য খাতের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সংকট, অব্যবস্থাপনা আর বৈষম্য। শুধু তাই নয়, গ্রাম ও শহরভেদে এসব ক্ষেত্রের তারতম্যও ব্যাপক।

লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি উন্নত ও বিশেষায়িত হাসপাতালগুলো শহরকেন্দ্রিক হয়ে পড়ায় গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার তারতম্য দিন দিন বাড়ছে।

শহরে যখন ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর চাপে মানসম্মত স্বাস্থ্যসেবা মিলছে না, গ্রামে তখন শহরমুখী চিকিৎসার কারণে বাড়ছে ব্যক্তি পর্যায়ের খরচ, বাড়ছে স্বাস্থ্যসেবা না পাওয়া রোগীদের সংখ্যা।

বারবার সরকারের পরিবর্তন ঘটে, নতুন সরকার নতুন করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আগেই ফের সরকার পাল্টায়। এভাবে স্বাস্থ্যসেবা আর জনগণের দোরগোড়ায় পৌঁছায় না। শহর থেকে গ্রামের স্বাস্থ্যসেবার মধ্যেকার ভয়ানক বৈষম্যও দূর হয় না।

অনেকেরই অভিযোগ, বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনকাল দেশের স্বাস্থ্য খাতকে একেবারে খাদের কিনারে নিয়ে গেছে। যার প্রতিফলন ঘটেছে টিকা কার্যক্রম চলমান না থাকায় দেশে মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ার ঘটনায়। তবে বিদ্যমান অবস্থা থেকে বেরিয়ে এসে মানুষের দোরগোড়ায় স্বস্থ্যসেবা পৌঁছে দিতে নির্বাচনি ইশতেহার নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

স্বাস্থ্যসেবায় অগ্রগতি ঘটানোর লক্ষ্যে নতুন সরকার ইতোমধ্যে বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি যেসব পরিকল্পনা নিয়েছে, সেসবের মধ্যে রয়েছে কেবলমাত্র মেয়েদের জন্য দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন, উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা, স্মার্ট হেলথ কার্ড চালু এবং ৫ হাজার চিকিৎসক, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও আগামী তিন বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগের উদ্যোগ ইত্যাদি। 

এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে দেশের পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অন্যতম শর্ত হলো-দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীভূত এবং শহরকেন্দ্রিক। শুধু তাই নয়, শহরকেন্দ্রিক এই স্বাস্থ্যব্যবস্থায়ও তৃণমূল পর্যায় থেকে রেফারেল সিস্টেম (Primary. Secondary and Tertiary) বা স্তরভিত্তিক কাঠামো বা পিরামিড সদৃশ স্বাস্থ্যব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয় না। বরং মনোযোগ দেওয়া হয় বড় বা বিশেষায়িত হাসপাতালগুলোর ওপর। সে কারণে স্বাস্থ্য খাতের অবকাঠামোগত সীমাবদ্ধতা, দক্ষ জনবলের ঘাটতি এবং সেবাপ্রাপ্তির বৈষম্যের মতো সমস্যার সমাধান করতে শুধু বাজেট বাড়ালেই হবে না; এর জন্য প্রয়োজন একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি অর্থাৎ রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা, সচেতনতা, স্থানীয় সরকারের অংশগ্রহণ এবং একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, সাধারণভাবে প্রতি ১০ হাজার জনে অন্তত ১০ জন চিকিৎসক এবং প্রতি ১ হাজার জনে প্রায় ৩টি হাসপাতাল শয্যা থাকা প্রয়োজন। এ বিবেচনার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে বাংলাদেশ এখনও পিছিয়ে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে।

গ্রাম থেকে শহরে যেমন আছে স্বাস্থ্যসেবা: হাম ও ডেঙ্গুর প্রকোপকে বাদ দিলেও দেশের স্বাস্থ্য খাত বর্তমানে এক গভীর সংকটে নিমজ্জিত। একদিকে গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবায় আকাশ-পাতাল বৈষম্য, অন্যদিকে সরকারি ও বেসরকারি উভয় খাতের অব্যবস্থাপনা সাধারণ মানুষের ভোগান্তি চরমে নিয়ে ঠেকিয়েছে। দেশের বিশেষায়িত স্বাস্থ্যসেবা মূলত ঢাকা ও বড় শহরকেন্দ্রিক হয়ে পড়েছে। নগরের সরকারি হাসপাতালগুলোতে শয্যা ও সরঞ্জামের তুলনায় রোগীর চাপ অনেক বেশি। ফলে বারান্দায় বা মেঝেতে শুয়েও রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। এর বাইরে সরকারি হাসপাতালগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ, দালালচক্র, জনবল সংকট, প্রান্তিক পর্যায়ে অর্থাৎ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকদের জন্য পদের প্রায় এক-তৃতীয়াংশই শূন্য থাকা, শহরে থাকার প্রবণতার কারণে গ্রামে পদায়ন হওয়ার পরেও অনেক চিকিৎসকের কর্মস্থলে না যাওয়া, এমনকি যোগ না দেওয়ার মতো কারণগুলো পরিস্থিতিকে জটিল করে তুলেছে। জনবল সংকটের কারণে একজন চিকিৎসককে ৩ থেকে ৪ জনের কাজ করতে হয় এবং জেলা-উপজেলার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় প্রয়োজনীয় ওষুধ, শয্যা এবং যন্ত্রপাতিরও তীব্র সংকট রয়েছে। ফলে গ্রাম ও শহরের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর ৮৬ শতাংশ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে বর্তমান সরকারের প্রায় সাড়ে ৯ লাখ কোটি টাকার (১ লাখ ৩৮ হাজার কোটি টাকা) বাজেট প্রণয়নের মধ্যেও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপির মাত্র ১ শতাংশের নিচে (০.৭৪ শতাংশ); যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য (বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি ১৫ শতাংশ হওয়া উচিত)। এই সীমিত বরাদ্দের কারণে সাধারণ মানুষের চিকিৎসার ব্যয়ের বড় অংশ (প্রায় ৭৩ শতাংশ) নিজের পকেট থেকে খরচ করতে হয়। এই ব্যয় গ্রাম ও শহরের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য দিন দিন অত্যন্ত পীড়াদায়ক হয়ে উঠছে।

অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে অভিযোগ থাকার পরও এখনও দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের শেষ ভরসা সরকারি হাসপাতাল। এখানে সরকারি খরচে প্রায় ৭০ শতাংশ শয্যা এবং ৩০ শতাংশ ডায়াগনোসিস সুবিধা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পাওয়া যায়। তবে হাসপাতালগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ, দালালচক্র এবং জনবল সংকট এখানকার প্রধান সমস্যা। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলো মূলত ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এখানে সেবার ব্যয় অনেক বেশি, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা বাড়ছে।

তবে বর্তমান সরকার বাজেটে স্বাস্থ্য খাতে দেশের মোট জিডিপির এক দশমিক শূন্য ৯ শতাংশ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে। স্বাস্থ্যসেবা খাতে সবার নিরাপত্তা নিশ্চিতে 'স্বাস্থ্য সুরক্ষা আইন' প্রণয়নের উদ্যোগও নিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ২০ কর্মদিবসের মধ্যে আইনের খসড়া প্রস্তুত করতে বলা হয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল হেলথ কার্ড এবং একটি কার্যকর ‘রেফারেল সিস্টে’ চালু করা এখন সময়ের দাবি। কেননা বিশেষায়িত হাসপাতাল, উন্নত ল্যাব ও বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় সবাই রাজধানীতে কেন্দ্রীভূত। এ ক্ষেত্রে রেফারেল সিস্টেম ছাড়া গ্রাম ও শহরের বৈষম্য আরও দীর্ঘস্থায়ী হবে। প্রতিটি জেলা হাসপাতালে প্রয়োজনীয় আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট স্থাপন ও উপজেলা পর্যায়ে জরুরি চিকিৎসা ও প্রাথমিক স্ক্রিনিং সুবিধা নিশ্চিত করাও জরুরি।

এ বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'বৈষম্য কমাতে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ কর। জরুরি। এর পাশাপাশি স্তরভিত্তিক বা পিরামিড সদৃশ কাঠামো (তৃণমূল পর্যায়ে প্রাথমিক, এরপর মাধ্যমিক ও সবশেষে বিশেষায়িত সেবা) গড়ে তুলতে হবে। আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী, চিকিৎসা পদ্ধতি যা আছে সেটাকেই পুনর্বিন্যাস করতে হবে। পুনর্বিন্যাস করলেই শহর এবং গ্রাম- সব জায়গাতে স্বাস্থ্যসেবা শৃঙ্খলার মধ্যে আসবে।

তার মতে, ‘ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে যদি পিরামিড সদৃশ কাঠামোয় আধুনিক ও পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়, তবে ৮০ থেকে ৯০ শতাংশ রোগীর সমস্যার সমাধান গ্রামেই সম্ভব হবে। এর ফলে শহরের বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক মনে করেন, ‘উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা গেলে বৃহৎ জনগোষ্ঠীকে মানসম্মত সেবা দেওয়া যাবে। স্বাস্থ্যসেবা এমন হতে হবে, যাতে কারও ওপর বাড়তি আর্থিক চাপ না পড়ে।”

বৈষম্য কমাতে সরকারের প্রতিশ্রুতি ও উদ্যোগ

স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে এবং জনগণের দোরগোড়ায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে।

যার অন্যতম প্রধান লক্ষ্য হলো হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি এবং নিয়মিত তদারকি ও শৃঙ্খলা নিশ্চিত করা। এ ছাড়া বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার পাশাপাশি স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের আওতায় রাজধানী থেকে বিশেষায়িত সেবা জেলা পর্যায়ে পৌঁছানো, ইউনিয়ন পর্যায়ে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক চিকিৎসা শিক্ষা চালু এবং মেডিকেল ডিভাইস আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর মাধ্যমে চিকিৎসাসেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ের শূন্য পদগুলোও দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে-যাতে গ্রামীণ মানুষ বঞ্চিত না হয়। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে মা ও শিশুমৃত্যুহার কমানোর চেষ্টাও চলমান রয়েছে।

ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী মাঠপর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল আকস্মিক পরিদর্শন শুরু করেছেন। যার উদ্দেশ্য ‘স্মার্ট হেলথ কার্ড’ প্রদানের এবং একটি কার্যকর ‘রেফারেল সিস্টেম’ চালুর ভিত্তিভূমি প্রস্তুত করা। তা ছাড়া এর মধ্য দিয়ে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি যাচাই করা হচ্ছে এবং অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

গ্রামীণ স্বাস্থ্য খাতে নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তৃণমূলের হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা চালু করতে যাচ্ছি। বিশেষ করে উপজেলা হাসপাতাল, জেলা পর্যায়ের হাসপাতাল এবং জেলা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এই কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারিত করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। দুর্গম এলাকার রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসতে সর্বোচ্চসংখ্যক অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে।”

তিনি জানান, “কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের নির্ধারিত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।” জেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও জানান তিনি।

তার মতে, “স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করা ছাড়া সর্বস্তরের জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে না। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।”

এ প্রসঙ্গে চিকিৎসাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, “আমরা যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৩ নম্বর লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলছি, তা করতে গেলে এখনও অনেক দূর এগোতে হবে। এই ৩ নম্বর লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, মৌলিক স্বাস্থ্যসেবা সবাই পাবে এবং অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হবে না। কিন্তু আমরা কী দেখছি? সরকারি হিসাবেই বলা হচ্ছে, স্বাস্থ্য খাতে ব্যক্তি পর্যায়ের ব্যয় বেড়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতে আমরা সঠিক পথে এগুচ্ছি না।”

বিশেষজ্ঞরা বলছেন, যদি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না যায়, শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর না করা যায়, তবে উন্নয়নের গল্প অসম্পূর্ণই থেকে যাবে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমান উন্নয়নে প্রতিফলিত হয়। তাই স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা