× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার: মোহাম্মদ মামদুদুর রশীদ

এমএসএমই ব্যাংকিংকে অগ্রাধিকার দিচ্ছে ইউসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান বেশ গুরুত্বপূর্ণ। প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া সাক্ষাৎকারে এমএসএমইর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ

প্রশ্ন : দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদানকে আপনি কীভাবে দেখেন?

উত্তর : কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের অবদান বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে এমএসএমই খাতের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশে মোট কর্মসংস্থানের একটি বড় অংশ এ খাতের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এতে অর্থনীতিও গতিশীল থাকছে। জিডিপিতেও এসএমই খাত ক্রমেই নিজের অবদান বাড়াচ্ছে। দেশের কয়েক কোটি মানুষের জীবিকা চলছে এ খাতে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি নগর অর্থনীতিতেও এসএমই খাত ক্রমেই নিজের অবস্থান দৃঢ় করছে। 

প্রশ্ন : এসএমই খাতে আপনাদের ব্যাংকের সম্পৃক্ততা জানতে চাই।

উত্তর : এমএসএমই খাতকে অগ্রাধিকার দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যাংকিং সেবা প্রদান করছে ইউসিবি। আমাদের এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগ বর্তমানে ২০ হাজারের বেশি উদ্যোক্তাকে আর্থিক সেবা দিচ্ছে। পাশাপাশি প্রায় ৭ হাজার ২৫৯ কোটি টাকার ঋণ পোর্টফোলিও নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে। গত সাড়ে ১৮ মাসে ব্যাংকটির মোট আমানত বেড়ে ৭২ হাজার ৩০০ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ আমানত এসেছে রিটেইল ও এসএমই গ্রাহকদের কাছ থেকে। যা তৃণমূল পর্যায়ে ইউসিবির প্রতি মানুষের গভীর আস্থা, ব্যাপক গ্রহণযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের এক অনন্য প্রতিফলন। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে ব্যক্তিগত সঞ্চয়কারী; দেশজুড়ে লাখো গ্রাহক ইউসিবিকে তাদের নির্ভরযোগ্য আর্থিক অংশীদার হিসেবে বেছে নিয়েছেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেয়েছে ইউসিবি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বাস্তবায়িত ‘সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ অ্যান্ড স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট’-এ সফল অংশগ্রহণের মাধ্যমে ইউসিবি শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তাকে অর্থায়ন সহায়তা প্রদান করে, যা কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশ্ন : এমএসএমই খাতে অর্থায়নে চ্যালেঞ্জগুলো কী? চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করা যায়?

উত্তর : এমএসএমই খাত এখনও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে পর্যাপ্ত জামানতের অভাবে ঋণপ্রাপ্তির সীমাবদ্ধতা, উচ্চ অর্থায়ন ব্যয়, বাজারে প্রবেশের বাধা, ব্যাংকগুলোর ঝুঁকি এড়ানোর প্রবণতা এবং অনেক ক্ষেত্রে উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতার ঘাটতি উল্লেখযোগ্য। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন আরও অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক নীতিগত উদ্যোগ। বিশেষ করে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সম্প্রসারণ, বিকল্প তথ্যভিত্তিক ঋণ মূল্যায়ন, ডিজিটাল অর্থায়ন প্লাটফর্মের উন্নয়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি জোরদার করা জরুরি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে এসএমই ও কৃষি ঋণের বিপরীতে প্রভিশনিং রিকোয়ারমেন্ট ০.৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত ব্যাংকগুলোর মূলধন চাপ কমিয়েছে এবং এ খাতে আরও বেশি অর্থায়নের সুযোগ তৈরি করেছে। এ ধরনের সহায়ক নীতি অব্যাহত থাকলে এমএসএমই খাত আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৃহত্তর অবদান রাখতে পারবে।

এমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য এগিয়ে আসা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঋণ প্রদান করেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং উদ্যোক্তাদের ব্যবসার প্রয়োজন ও সম্ভাবনা বুঝে আর্থিক সমাধান দেওয়াটাও প্রয়োজন। ব্যাংকগুলোকে আরও বেশি ক্যাশ-ফ্লো ভিত্তিক ও তথ্যনির্ভর ঋণ মূল্যায়নের দিকে যেতে হবে। যেন জামানতের সীমাবদ্ধতার কারণে সম্ভাবনাময় উদ্যোক্তারা অর্থায়ন থেকে বঞ্চিত না হন। দ্রুত ও সহজ ডিজিটাল ঋণ প্রক্রিয়া, সাপ্লাই চেইন ভিত্তিক অর্থায়ন এবং নারী ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত পণ্য ও সেবা সম্প্রসারণ করা প্রয়োজন। ব্যবসা ব্যবস্থাপনা দক্ষতা, আর্থিক স্বাক্ষরতা, বাজার সংযোগ বাড়ানোতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে আসতে পারে। দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নের ভিত্তি হিসেবে এমএসএমই খাতকে আরও শক্তিশালী করতে ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : এ খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে কী কী করা উচিত? এক্ষেত্রে ইউসিবির অবস্থান কী? 

উত্তর : সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার রিফাইন্যান্সিং ও স্টিমুলাস প্যাকেজের বিস্তৃত প্রণোদনা কর্মসূচি চালু করার সরকারি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে এমএসএমই, কৃষি ও রপ্তানি খাতের জন্য প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইউসিবি এসব প্রণোদনা ঋণ বিতরণ কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে, স্বল্প সুদে এবং দ্রুত অর্থায়ন সুবিধা পাবেন।

নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ বাজার সংযোগ আরও শক্তিশালী করার জন্য প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে ইউসিবি। সম্প্রতি আশুলিয়ায় ইউসিবি অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় আয়োজিত এ রকম মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে। প্রশিক্ষণ সম্পন্ন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী ব্যাংকঋণ প্রদান করা হবে।

প্রশ্ন : নারী উদ্যোক্তাদের ব্যাপারে ইউসিবি কী উদ্যোগ নিয়েছে?

উত্তর : নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা ‘ইউসিবি আয়মা দীপ্তি’। এর মাধ্যমে উদ্যোগী নারীরা সহজেই ঋণসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন। ক্ষুদ্র ও উদীয়মান এসএমই উদ্যোক্তাদের বৈদেশিক বাণিজ্য-সংক্রান্ত সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে ইউসিবি সহায়ক ভূমিকা পালন করছে। চলতি বছরে ইউসিবির এসএমই রপ্তানি ব্যবসায় প্রায় ৩৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যেখানে একই সময়ে দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক ৩ শতাংশ। ‍২১ থেকে ৪৫ বছর বয়সী তরুণ-তরুণী: শিক্ষিত বেকার, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত, চাকরি ছেড়ে নিজস্ব ব্যবসা শুরু করতে আগ্রহী ব্যক্তি কিংবা বিদেশফেরত দক্ষ জনশক্তি, যারা জীবনের প্রথম ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য রয়েছে বিশেষায়িত ঋণসেবা ‘ইউসিবি সূচনা’। এ ছাড়া চলমান ব্যবসার সঙ্গে যুক্ত তরুণ-তরুণী উদ্যোক্তাদের জন্য রয়েছে ‘ইউসিবি এসএমই ইনস্টলমেন্ট লোন (ইউএসআইএল)। এ ঋণ সুবিধার আওতায় সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে দেড় কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা