বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়
ফারহাত মাইশা অর্পা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৫:০৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২৩:৩৯ পিএম
বাংলাদেশে উচ্চশিক্ষা এখন শুধু ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নেই। রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য চিন্তাশীল, উদ্ভাবনী ও সামাজিকভাবে দায়বদ্ধ নাগরিক গড়ে তোলার কেন্দ্র হিসেবে পরিচিত। গত দুই দশকে দেশের শিক্ষাক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক সময়ের সীমিত বিষয়ভিত্তিক পাঠ্যক্রম আজ নানা একাডেমিক ও সৃজনশীল বিশেষায়নে সমৃদ্ধ।
নর্থ সাউথ ইউনিভার্সিটি
দেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিশেষভাবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ক্ষেত্রে শক্তিশালী। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের উচ্চমানের একাডেমিক শিক্ষার সঙ্গে নেতৃত্ব গড়ার সুযোগ প্রদান করে। NSU-এর শিক্ষার্থীরা দেশের নানা বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় নিযুক্ত। শিক্ষার্থীরা এনএসইউ থেকে একাডেমিক সহায়তা, ক্যারিয়ার গাইডেন্স এবং ইন্ডাস্ট্রি সংযোগের মাধ্যমে চাকরির বাজারে প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়টি তাদের উদ্যোক্তা দক্ষতা, নেতৃত্বের ক্ষমতা এবং ব্যবসায়িক অন্তর্দৃষ্টি বিকাশে সহায়তা করে। এনএসইউ এর ক্যাম্পাস আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং টেকসই। শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিনোদনমূলক সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষাজীবনের পাশাপাশি ব্যক্তিগত দক্ষতাও বিকাশ করতে পারে।
ব্র্যাক ইউনিভার্সিটি
ব্র্যাক ইউনিভার্সিটি দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গবেষণা ও সমাজমুখী শিক্ষা নিশ্চিত করেছে। ব্র্যাক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি কো-ক্রিয়েশন ল্যাব তৈরি করছে, যা স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে প্রভাবশীল গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করবে এবং গবেষণাকে বাস্তব সমস্যার সমাধানে রূপান্তরিত করবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উচ্চমানের একাডেমিক গাইডেন্স প্রদান করে। বিশেষভাবে আইন, ফার্মাসিউটিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EEE), কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE), আর্কিটেকচারসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মান অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। উল্লেখিত কয়েকটি বিষয়ের চাহিদা এ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি। এখানে বিশ্বমানের শিক্ষক ও শিক্ষিকা রয়েছে, যারা আন্তর্জাতিক মান অনুসারে পাঠদান করেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইউআইইউ হলো বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা প্রধানত বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসায় শিক্ষায় তার দৃঢ় মনোযোগ, একাডেমিক মান এবং গবেষণার জন্য সুপরিচিত। এর সব প্রকৌশল প্রোগ্রাম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) কর্তৃক স্বীকৃত। ইউআইইউ গবেষণার ওপর বেশি জোর দেয় এবং বেশ কয়েকটি বিশেষায়িত গবেষণা কেন্দ্র ও ল্যাব পরিচালনা করে, যেমনÑ সেন্টার ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (CEER) এবং সেন্টার ফর মাইক্রো অ্যান্ড ন্যানোইলেকট্রনিক্স (CMN)। ইউআইইউর একটি ডেডিকেটেড ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট সার্ভিস অফিস রয়েছে যা ইন্টার্নশিপ, চাকরির প্লেসমেন্ট এবং ক্যারিয়ার নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করে। ইউআইইউর সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছেÑ ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যাচেলর অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ইস্ট ওয়েস্ট গবেষণাধর্মী শিক্ষা ও মেধাভিত্তিক ভর্তি নীতির জন্য প্রসিদ্ধ। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বিষয়ে পড়ার সুযোগ, বিভিন্ন বিভাগে একাডেমিক এবং প্রফেশনাল দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিশেষত অর্থনীতি ও ব্যবসা এবং ফার্মেসি বিভাগ দুটি বেশ সুপরিচিত এবং শক্তিশালী। এ ছাড়া বিজ্ঞান ও প্রকৌশল এবং কলা অনুষদের অধীনে অন্য বিভাগগুলোও মানসম্মত শিক্ষা দিয়ে থাকে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রধানত তথ্য প্রযুক্তি (IT), উদ্যোক্তা শিক্ষা এবং উদ্ভাবনের ক্ষেত্রে তার বিশেষায়িত ভূমিকার জন্য সুপরিচিত। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগগুলোতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণ করে। শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আইটি, উদ্যোক্তা শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে প্রসিদ্ধ এ প্রতিষ্ঠান। কম্পিউটার সায়েন্স, বিজনেস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী প্রকল্পে অংশগ্রহণ করে। ডিআইইউ প্রায়ই বিভিন্ন ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং স্টার্টআপ ল্যাব পরিচালনা করে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পায়।
বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উদ্যোক্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তোলা, যাতে তারা কেবল চাকরিপ্রার্থী না হয়ে, চাকরিদাতা হতে পারে। DIU শিক্ষার্থীদের উদ্যোক্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তোলে।
আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের সুযোগ পায়। এ বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইঞ্জিনিয়ারিং শিক্ষায় মান ও খ্যাতি নিশ্চিত করেছে। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলো স্নাতকোত্তর অধ্যয়নের জন্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশ (IAB) দ্বারা অ্যাক্রেডিটেড। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো বর্তমান বৈশ্বিক ও স্থানীয় শিল্পের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আর্টস শিক্ষা ও সৃজনশীল চিন্তার জন্য প্রসিদ্ধ। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, ইংরেজি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে শিক্ষার্থীরা সমকালীন সমাজ, সংস্কৃতি ও পরিবেশগত বিষয়গুলোর গভীর বিশ্লেষণ শেখে।
এ ছাড়া সোনারগাঁও ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসা প্রশাসন এবং কলা ও মানবিক অনুষদ, বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চাহিদা শিক্ষার্থীদের মাঝে রয়েছে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ শিক্ষার ক্ষেত্রে আলাদা পরিচয় রাখে। ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ফাইন আর্টস ও গ্রাফিক ডিজাইন বিভাগে শিক্ষার্থীরা নান্দনিক দক্ষতা, সৃজনশীল চিন্তা ও শিল্পসংস্কৃতির গভীরতা অন্বেষণ করে। বিশ্ববিদ্যালয়টি শিল্প ও ডিজাইনের শিক্ষায় অগ্রগামী, যা বাংলাদেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে নতুন ধারার উদ্ভাবন করছে।
এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ, ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়র আর্কিটেকচার, প্রডাক্ট ডিজাইন, মিউজিক, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিকস, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশন, আইনসহ যুগোপযোগী বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ ও চাহিদা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।