প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৯ এএম
চন্দ্র জয়ের পর আজ শুরু হওয়ার কথা ভারতের সূর্য অভিযান। সবকিছু ঠিকঠাক থাকলে সৌরযান ‘আদিত্য-এল১’ সূর্যের উদ্দেশে মহাকাশে ওড়াবে দেশটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এমন তথ্য জানিয়েছে।
ইসরো জানায়, আদিত্য-এল১ অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটার লঞ্চ ভিউ গ্যালারি থেকে সাধারণ মানুষ ঐতিহাসিক এ মুহূর্ত উপভোগ করতে পারবে।
আদিত্য-এল১ সূর্যের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য ভারতের তৈরি প্রথম সৌরযান। ক্রোমোস্ফিয়ার ও করোনাসহ সূর্যের ওপরের বায়ুমণ্ডলীয় গতিবিধি পরীক্ষা করাই হবে এই মিশনের প্রধান লক্ষ্য। পাশাপাশি সৌর বায়ুমণ্ডলে আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থও খতিয়ে দেখবে সৌরযানটি।
সূর্য-পৃথিবী ‘ল্যাগ্রেঞ্জ এল১’ বিন্দু থেকে ‘আদিত্য-এল১’ সৌর করোনা পর্যবেক্ষণ করবে। ল্যাগ্রেঞ্জ বিন্দুটি পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরে। ভারতের প্রথম এই সৌর মিশন পিএসএলভি-সি৫৭ রকেটে করে উৎক্ষেপণ করা হবে।
ভারত সম্প্রতি চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ গোলার্ধে পাঠিয়েছে। যানটির রোভার চাঁদের ওই অংশের নানা ছবি ও তথ্য পাঠাচ্ছে। চাঁদের দক্ষিণ অংশে এই পর্যন্ত আর কোনো দেশের যান অবতরণ করতে পারেনি।
সূত্র : এনডিটিভি