প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২০:৩০ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২১:০৫ পিএম
ল্যান্ডার বিক্রম চাঁদের কুমেরুতে অবতরণের আগ মুহূর্তে। ২৭ আগস্ট তোলা। ছবি : সংগৃহীত
ভারতের রোভার ‘প্রজ্ঞান’ চাঁদের কুমেরু বা দক্ষিণ মেরুতে সালফারের সন্ধান পেয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এ খবর জানিয়েছে।
ইসরো জানিয়েছে, সালফারের পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরুতে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের খোঁজ পেয়েছে প্রজ্ঞান।
চন্দ্রপৃষ্ঠে পানির অস্তিত্ব আছে কি না, তার সন্ধান চালাচ্ছে প্রজ্ঞান। পানির অস্তিত্ব পাওয়াটা হবে বিশেষ ঘটনা। কারণ পানির অস্তিত্ব পাওয়া গেলে চাঁদেই অক্সিজেন তৈরি করা যাবে। পাঠানো যাবে নভোচারী। তারা সেখানে বেশি দিন থাকতে পারবেন।
এক বার্তায় ইসরো জানায়, ঠিকমতো কাজ করছে রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর রহস্য সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে রোভার। বিক্রম ও প্রজ্ঞার মধ্যে যোগাযোগও ঠিক রয়েছে।
প্রজ্ঞানে রয়েছে লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ (এলআইবিএস)। চাঁদ থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে তা লেজার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে এই প্রযুক্তি। বেঙ্গালুরুর ইসরোতে ইলেকট্রো-অপটিকস সিস্টেমের গবেষণাগারে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এলআইবিএসের মাধ্যমেই চাঁদের বুকে সালফারসহ বেশ কিছু খনিজের হদিস পেল প্রজ্ঞান।
২০১৯ সালে চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পরপরই চন্দ্রযান-৩ নিয়ে কাজ শুরু করে ইসরো। এরপর ১৬ জুলাই এটাকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪০ দিন পর ২৩ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদে অবতরণ করতে শুরু করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।
চন্দ্রযান-৩-এর পর সৌরযান ‘আদিত্য-এল১’ উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঠিক করেছে ভারত। সব ঠিক থাকলে ২ সেপ্টেম্বর ভারত কক্ষপথে উৎক্ষেপণ করা হবে। সোমবার মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে ইসরো এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরো জানায়, আদিত্য এল১ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটার লঞ্চ ভিউ গ্যালারি থেকে সাধারণ মানুষ আদিত্য-এল১ উৎক্ষেপণ উপভোগ করতে পারবে।
আদিত্য এল১ সূর্যের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য ভারতের তৈরি প্রথম সৌরযান। ক্রোমোস্ফিয়ার ও করোনাসহ সূর্যের ওপরের বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা পরীক্ষা করাই হবে এই মিশনের প্রধান লক্ষ্য। পাশাপাশি সৌর বায়ুমণ্ডলে আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যাও খতিয়ে দেখবে আদিত্য এল১।
সূত্র : স্ক্রলডটইন