প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৬:০৫ পিএম
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ তানেগাশিমার তানেগাশিমা স্পেস সেন্টারের লঞ্চিং প্যাডে এইচ-২এ এর একটি রকেট। ২০২৩ সালের ২৮ আগস্ট তোলা। ছবি : সংগৃহীত
চাঁদে মহাকাশ যান উৎক্ষেপণ বাতিল করেছে জাপান। সোমবার উৎক্ষেপণের আধাঘণ্টার কম সময় আগে এটা বাতিল করা হয়। ওপরের বায়ুমণ্ডলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী সময় এখনও চূড়ান্ত করা হয়নি।
রয়টার্স জানায়, সোমবার মহাকাশে চাঁদের ল্যান্ডার বহনকারী ‘এইচ- ২এ’ নামের একটা রকেটের উৎক্ষেপণের কথা থাকলেও তা স্থগিত করেছে জাপানের মহাকাশ সংস্থা। রকেটটি পরিচালনার দায়িত্বে থাকা মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই) এই তথ্য জানিয়েছে।
সোমবার এই রকেটটি উৎক্ষেপণের মাত্র ২৭ মিনিট আগে সেটি বাতিলের কথা জানানো হয়।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৬ মিনিটে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এইচ- ২এ এর ৪৭নং রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল। অবশ্য এই বিষয়ে আরও বিশদ তথ্য প্রদান করবে এমএইচআই।
জাপানি এই রকেটটি জাক্সার স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) বহন করছে, যেটি হবে চাঁদে অবতরণকারী প্রথম জাপানি মহাকাশযান। এর আগে টোকিও-ভিত্তিক স্টার্টআপ আইস্পেসের চন্দ্র ল্যান্ডার হাকুটো-আর মিশন ১ গত এপ্রিলে ব্যর্থ হয়েছিল।
অবশ্য জাপানের সাম্প্রতিক মহাকাশ-সম্পর্কিত নানা প্রচেষ্টা বেশ কিছু বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এর মধ্যে ২০২২ সালের অক্টোবরে ছোট এপসিলন রকেটের উৎক্ষেপণ ব্যর্থতার পাশাপাশি গত মাসে পরীক্ষার সময় একটি ইঞ্জিন বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সম্প্রতি চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে ভারত। গত ২৩ আগস্ট ভারতের চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি।
সূত্র : রয়টার্স