চন্দ্রযানের সাফল্য কামনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৯:৫৫ পিএম
চন্দ্রযান-৩ মহাকাশযানের সাফল্য কামনায় জাতীয় পতাকা নাড়ছে ভারতের শিক্ষার্থীরা। ২২ আগস্ট মুম্বাইতে। ছবি : সংগৃহীত
ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার আজ বুধবার, ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণের কথা রয়েছে। চাঁদের এ অংশে কোনো ল্যান্ডারের অবতরণ বেশ জটিল। বহুল প্রতীক্ষার গুরুত্বপূর্ণ এ ধাপ যেন সফলভাবে সম্পন্ন হয় সে জন্য ভারতের মন্দির, মসজিদ ও গির্জায় প্রার্থনা চলছে।
চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম বিক্রম। ভারতের প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের (১৯১৯-১৯৭১) নামে ল্যান্ডারটির নামকরণ করা হয়েছে। এই ল্যান্ডারে একটি রোভার রয়েছে, যার নাম প্রজ্ঞান। এই রোভারই চাঁদের ভূপৃষ্ঠের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে, বিশ্লেষণ করবে, এমনকি নানা ছবি ও তথ্য পৃথিবীতে পাঠাবে।
চন্দ্রযান থেকে ল্যান্ডারের অবতরণের ১৭ থেকে ২০ মিনিট অত্যন্ত বিপদজ্জনক। কারণ এ সময় ল্যান্ডারকে যথাসময়ে একই উচ্চতায় সবগুলো ইঞ্জিনকে সচল করতে হবে। পরিমাণ মতো জ্বালানি ব্যবহার করতে হবে, বেশি বা কম কোনটাই করা যাবে না। ঠিক কোন জায়গায় ল্যান্ডারটি নামবে তা সতর্কতার সঙ্গে স্ক্যান করতে হবে। কারণে চাঁদের এই অংশে অন্য অংশের তুলনায় বেশি গর্ত ও খাত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত চন্দ্রযান-৩ এর সবকিছু ঠিকঠাক রয়েছে বলে জানিয়েছেন ভারতের সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) পরিচালক সোমবার (২১ আগস্ট) জানান, এখন পর্যন্ত সব ঠিক আছে। সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শেষ মুহুর্তে বিপজ্জনক কিছু শনাক্ত হলে ল্যান্ডারের অবতরণ ২৭ আগস্ট পর্যন্ত বিলম্বিত করা হতে পারে। ল্যান্ডার ও চাঁদের সার্বিক পরিস্থিতি হিসেব করে বুধবার ৬টা ৪ মিনিট বা অবতরণের দুই ঘণ্টা আগে বিক্রমকে শেষ সবুজ সংকেত দেওয়া হবে।
আইএসআরওর চেয়ারম্যান ও মহাকাশ বিভাগের সেক্রেটারি মঙ্গলবার (২২ আগস্ট) চন্দ্রযান-৩ এর সর্বশেষ পরিস্থিতি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এস সোমানাথকে জানিয়েছেন। তিনি জানান, বুধবার পর্যন্ত চন্দ্রযান-৩ কোনো সমস্যায় পড়তে পারে বলে পূর্বাভাস নেই।
চন্দ্রযান-৩ এর ল্যান্ডার সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করা নিয়ে শঙ্কার প্রধানত দুইটি কারণ রয়েছে। প্রথমত, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের একই অংশে অবতরণের মাত্র কয়েক মিনিট আগে বিধ্বস্ত হয়। দ্বিতীয়ত, চাঁদের একই অংশে অবতরণ করতে গিয়ে গত রবিবার (২০ আগস্ট) বিধ্বস্ত হয়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। লুনা-২৫ যথাসময়ে ইঞ্জিন বন্ধ করতে ব্যর্থ হয়েছিল।
চন্দ্রযান-৩ সফল হলে সোভিয়েত রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চাঁদে অভিযান পরিচালনাকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে ভারত।
চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় ১৪ জুলাই। ৫ আগস্ট চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের জন্য ভারতে ও প্রবাসী ভারতীয়দের মধ্যে বিশেষ প্রার্থনার ধুম পড়ে গেছে। বিভিন্ন জায়গায় পার্টির আয়োজন চলছে। সব স্কুলে ল্যান্ডারের অবতরণ বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
ভারতের স্থানীয় সময় ৫টা ২০ মিনিট থেকে আইএসআরওর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ডিডি ন্যাশনালে বিক্রমের অবতরণ সরাসরি সম্প্রচার করা হবে।