প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৬:৫৭ পিএম
১১ আগস্ট লুনা-২৫ উৎক্ষেপণ করে রাশিয়া। ছবি : সংগৃহীত
রাশিয়া গত সপ্তাহে ‘লুনা-২৫’ নামের একটি চন্দ্রযান উৎক্ষেপণ করেছে। গুরুত্বপূর্ণ এ যান ইতোমধ্যে তথ্যের একটি চালান পাঠিয়েছে। এসব তথ্য বিজ্ঞানীরা বিশ্লেষণ করছেন। রবিবার (১৩ আগস্ট) রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এসব তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে রসকসমস জানায়, আমাদের চন্দ্রযানটি রবিবার একটা বিশেষ পর্বে প্রবেশ করেছে। যানটি সফলভাবে নিজের গবেষণা ও অন্য যন্ত্রপাতি সচল করতে সক্ষম হয়েছে। স্বয়ংক্রিয় যানটির সব সিস্টেম ঠিকমতো কাজ করছে। তার সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ স্থিতিশীল। যন্ত্রটির জ্বালানির অবস্থা ভালো।
শুক্রবার (১১ আগস্ট) সকালে রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের ভোস্টোচনি মহাকাশ বন্দর থেকে লুনা-২৫ চাঁদের উদ্দেশে যাত্রা করে। নভোচারীবিহীন যানটি সয়ুজ রকেটে করে উৎক্ষেপণ করা হয়। সব ঠিক থাকলে ২১ আগস্ট এটি চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করবে।
চাঁদের দক্ষিণ গোলার্ধে বরফ ও বিভিন্ন ধরনের খনিজসম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। অঞ্চলটির বোগুস্লাভস্কি নামে একটি বিখ্যাত গর্তের কাছাকাছি জায়গায় লুনা-২৫ অবতরণ করবে।
একই অঞ্চলে গত সপ্তাহে ভারতও একটি চন্দ্রমিশন পাঠিয়েছে। ভারতের ‘চন্দ্রযান-৩’ সেখানে ২৩ আগস্ট অবতরণ করার কথা। অর্থাৎ পরে পাঠিয়েও ভারতের চন্দ্রযানের দুই দিন আগে রাশিয়ারটা অবতরণ করবে।
লুনা-২৫ প্রায় এক বছর চাঁদে অবস্থান করবে। চাঁদের দক্ষিণ গোলার্ধে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালানোই এটার প্রধান কাজ। এ যানটায় এমন সব যন্ত্রপাতি রয়েছে, যেগুলো দিয়ে চাঁদের মাটি, প্লাজমা, ধুলোর বিভিন্ন উপাদান পরীক্ষা করা যাবে। এসব পরীক্ষা করে সেখানে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের উপস্থিতি পরীক্ষা করবে যানটি।
চাঁদে মিশন পাঠানো রাশিয়ার জন্য নতুন কিছু নয়। তবে সর্বশেষ ১৯৭৬ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়া চাঁদে মিশন পাঠিয়েছিল। সে হিসাবে ৪৭ বছর পর চাঁদে মিশন পাঠাল দেশটি।
১৯৫৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৬ সালের আগস্টের মধ্যে চাঁদে লুনা নামে ২৪টি মিশন পাঠিয়েছিল সোভিয়েত রাশিয়া। এসব মিশন বিষুব রেখায় অবতরণ করেছিল।
আগের চন্দ্রযানগুলোয় কিছু বিদেশি উপাদান ব্যবহার করেছিল রাশিয়া। কিন্তু লুনা-২৫-এ কোনো বিদেশি উপাদান ব্যবহার করা হয়নি। সব উপাদানই রাশিয়ার নিজস্ব তৈরি।
সূত্র : আরটি