প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৮:১৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩ ১৮:৪৪ পিএম
আল্ট্রা ম্যাক্রো লেন্স দিয়ে তোলা পিঁপড়ার মাথার ছবি (সংগ্রহীত)।
পরজীবী সাধারণত তাকেই বলে, যার টিকে থাকার জন্য পোষক দেহের ওপর নির্ভর
করতে হয়। সাধারণত পরজীবীদের সংক্রমণ প্রাণীদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে থাকে। অনেক ক্ষেত্রে
পরজীবী পোষক প্রাণীর মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। তাই এর কথা শুনলেই আমাদের মনে নেতিবাচক
চিন্তাই সবার আগে আসে।
সত্যি কথা বলতে, সব প্রাণীর ক্ষেত্রে ও সব পরজীবীর ক্ষেত্রে এ কথা সঠিক
নয়। বিজ্ঞান পত্রিকা সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা টেমনোথোরাক্স
নাইল্যান্ডেরির অন্তর্গত এক বিশেষ প্রজাতির পিঁপড়া খুঁজে পেয়েছেন, যাদের কর্মী পিঁপড়াগুলোর
দেহে অ্যানোমোটেনিয়া ব্রেভিস নামক পরজীবীর
সংক্রমণে তাদের আয়ু বৃদ্ধি পায়। এমনকি অসংক্রমিত পিঁপড়ার থেকে তারা তিনগুণ বেশি বাঁচে।
অ্যানোমোটেনিয়া ব্রেভিস টেপওয়ার্ম সাধারণত বিভিন্ন ধরনের কাঠঠোকরার
মলে পাওয়া যায়। আর পিঁপড়ার লার্ভাকে খাওয়ানোর জন্য কর্মী পিঁপড়ারা এ মল সংগ্রহ করে
নিয়ে আসে। সে মলে থাকা টেপওয়ার্মের ডিম থেকেই পিঁপড়ার দেহে পরজীবী সংক্রমিত হয়।
যদিও তাদের ক্ষতি হওয়ার পরিবর্তে এ সংক্রমণে লাভই হয়।
জার্মানির জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটি মেইনজের (জেগিইউ) যে দল এ-সংক্রান্ত গবেষণাটি চালাচ্ছে, তারা পরজীবীর প্রোটিনগুলো কীভাবে পিঁপড়ার আচরণ,
চেহারা ও আয়ুকে প্রভাবিত করে, তা বুঝতে গবেষণা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
সূত্র : এনডিটিভি