প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:১০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ২১:২৪ পিএম
ওয়াল্টার কানিংহাম। ছবি : সংগৃহীত
অ্যাপোলো-৭ মহাকাশ মিশনের সর্বশেষ সদস্য নভোচারী ওয়াল্টার কানিংহাম মারা গেছেন। তার বয়স ছিল ৯০ বছর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি মারা যান।
পৃথিবীর কক্ষপথ থেকে টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়া নাসার প্রথম মিশন ছিল অ্যাপোলো ৭। ১৯৬৮ সালে পরিচালিত এ মিশনে অংশ নেওয়া তিন নভোচারীর একজন কানিংহাম। মহাকাশে থেকে ১১ দিন পৃথিবীকে প্রদক্ষিণ করে ওই মহাকাশযানটি। এ মহাকাশ অভিযানের এক বছরের কম সময়ের মধ্যে ১৯৬৯ সালে মানুষ অবতরণ করে চাঁদে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা কানিংহামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি প্রকাশ করেছে। এতে জানানো হয়, কানিংহাম ছিলেন তাদের চাঁদে অবতরণ কর্মসূচি সফল করার একজন সহায়ক। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।
কানিংহামের পরিবারের মুখপাত্র জানান, মঙ্গলবার তিনি হাউস্টনের একটি হাসপাতালে স্বাভাবিকভাবে মারা যান।
তার পরিবারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ব আজ আরেকজন সত্যিকারের নায়ককে হারিয়েছে এবং আমরা তাকে সব সময় স্মরণ করব।’
এতে আরও বলা হয়, ‘তিনি (কানিংহাম) যে জীবনযাপন করেছিলেন তার জন্য আমরা গর্ববোধ করছি। তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছি যিনি একাধারে একজন দেশপ্রেমিক, একজন অনুসন্ধানী, পাইলট, মহাকাশচারী, স্বামী, ভাই ও বাবা।’
কানিংহাম আইওয়া রাজ্যের ক্রেস্টনে জন্মগ্রহণ করেন। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর নাসায় যোগ দেন। তাকে যখন নাসার অ্যাপোলো মিশনের জন্য বাছাই করা হয়, তখন তিনি ছিলেন একজন বেসামরিক। ওই মিশনে তার সঙ্গে ছিলেন নৌবাহিনীর ক্যাপ্টেন ওয়াল্টার শিরা ও বিমান বাহিনীর মেজর ডন আইজেল।