প্রবা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২১:৫৯ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২২:০৭ পিএম
মানব শরীরে আরেকটি নতুন অঙ্গের সন্ধান পেয়েছেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। ছবি: সংগৃহীত
মানব শরীরে নতুন একটি অঙ্গ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। নাকের ভেতরের দিকের ওই অঙ্গ বা গ্রন্থিটি লালা উৎপাদন করে। নতুন অঙ্গটির নাম দেওয়া হয়েছে টিউবারিয়াল গ্রন্থি।
মানুষের মুখমণ্ডলে লালা উৎপাদনকারী আরও কিছু গ্রন্থি রয়েছে। ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহারের সময় ওই গ্রন্থিগুলো জটিলতা তৈরি করে। নতুন গ্রন্থি শনাক্ত হওয়ায় রেডিওথেরাপি দেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্ব করা যাবে বলে আশা করা হচ্ছে।
রুশ সংবাদমাধ্যম স্পুতনিকের এক প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসের এক দল বিশেষজ্ঞ সম্প্রতি মাথা ও ঘাড়ের ক্যান্সার নিয়ে গবেষণা করেন। গবেষণা ফল তারা রেডিওথেরাপি অ্যান্ড অনকোলজি নামের একটি পিয়ার-রিভিউ জার্নালে প্রকাশ করেছেন।
মাথা ও ঘাড়ের ক্যান্সার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা তেজস্ক্রিয় গ্লুকোজ দিয়ে মানুষের মুখমণ্ডলের কিছু অংশ স্ক্যান করেন। পরীক্ষার অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত রোগী ও মৃত ১০০ ব্যক্তির মুখমণ্ডল স্ক্যান করেন তারা।
স্ক্যানড ফটোতে বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ করেন, মানুষের মুখমণ্ডলের কিছু অংশ দ্যুতি ছড়ায়, জ্বলতে থাকে। প্রথমে তাদের ধারণা হয়েছিল, বোধ হয় এটা কোনো অনিয়ম বা স্ক্যানের ত্রুটি। কিন্তু আরও বিস্তারিত গবেষণার পর তারা নিশ্চিত হন, না অনিয়ম বা স্ক্যানের কোনো ত্রুটি নয়। তারা মানব শরীরের সম্পূর্ণ নতুন একটা অঙ্গ নিয়ে নড়াচড়া করছেন।
নতুন যে অঙ্গটি শনাক্ত হয়েছে, তা মুখে লালা তৈরি করে। এ রকমের গ্রন্থি আরও আছে। কিন্তু নতুন গ্রন্থিটি সম্পর্কে বিজ্ঞানীদের আগে কোনো ধারণা ছিল না।