চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১০:২৩ এএম
কক্সবাজারের চকরিয়া উপজেলার অনুশীলন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘সায়েন্স কোয়েস্ট’। শনিবারের এই আয়োজনে লিখিত পরীক্ষা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় তৃতীয় থেকে দশম শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী।
উৎসবে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়—তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দশম শ্রেণি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল তিনটা থেকে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
শিক্ষার্থীরা এ সময় নানা মজার ও চিন্তাশীল প্রশ্ন ছুড়ে দেয়— শূন্য জোড় নাকি বিজোড়? আমরা এখন ঘামছি কেন? পৃথিবী ঘুরলেও আমরা কেন ঘুরি না? বিমান নিচে পড়ে না কেন? মেহেদি পাতার রং সবুজ কিন্তু হাতে লাগালে লাল হয় কেন? পৃথিবী যেহেতু ঘুরছে, তবে বিমান কীভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে?
এমন প্রশ্নের উত্তর দেন অনুশীলন একাডেমির শিক্ষক এহেসান উদ্দিন ও মাঈন উদ্দিন, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থী রিদুয়ানুল ইসলাম।
বিকাল সাড়ে পাঁচটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিজ্ঞান চিন্তাসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম। অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, সাংবাদিক এস এম হানিফ, বিদ্যালয়ের শিক্ষক মাঈন উদ্দিন ও এহেসান উদ্দিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থীরা।