অস্ট্রেলিয়ার গবেষকদের দাবি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৬:০০ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ১৬:১৫ পিএম
কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) এমন একটি টুল তৈরি করেছে অস্ট্রেলিয়ার একদল গবেষক যা কম সময়ে ও নির্ভুলভাবে ব্রেইন টিউমার শনাক্ত করতে পারবে।
গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল গবেষক।
এই প্রকল্প প্রধানদের একজন এএনইউ’র বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের দান-তাই হোয়াং। তিনি বলেন, ‘ব্রেইন টিউমার শনাক্ত এবং তার নানা উপধরনে শ্রেণিবদ্ধ করার জন্য বর্তমান যে পদ্ধতি রয়েছে, তাতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যায় এবং বিশ্বের সব জায়গায় এই পদ্ধতি সহজলভ্য নয়।’
তিনি বলেন, ‘ডিএনএ মিথাইলেশন-ভিত্তিক প্রোফাইলিং প্রক্রিয়ার বর্তমান পদ্ধতিটি যতটা সময় নেয়, সে তুলনায় এআই টুলটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল দিতে সক্ষম।’
যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় ৪ হাজার রোগীর ওপর পরীক্ষা চালিয়ে তা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ড্রেপ্লয়’কে প্রশিক্ষিত করা হয়েছে। এর দেওয়া ফলাফল যাচাই করা হয়েছে বলে জানান হোয়াং।
তিনি বলেন, ‘ভবিষ্যতে এটি কোনো প্যাথলজিস্টের প্রাথমিক রোগ নির্ণয়ে যুক্ত করতে বা যদি ভিন্ন ফলাফল আসে, তা পুনর্মূল্যায়নের জন্য ব্যবহার করা যেতে পারে।’ সূত্র : ইউএনবি