প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ০৯:২১ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১০:৫৮ এএম
সাতক্ষীরার কলারোয়ায় চিনিগুঁড়া ধানের সুনিপুণ বিন্যাসে প্রতিমা। ছবি : মেহরাব হোসেন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ (২০ অক্টোবর) শুরু হয়েছে। এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
এবারের পূজা আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। সারা দেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাকঢোল, কাঁসা ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।
রামকৃষ্ণ মিশনের পূজার নির্ঘণ্টে বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কল্পারম্ভ এবং বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠীপূজা সম্পন্ন হবে। সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত থাকবে সব মণ্ডপ এলাকা।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার মহাসপ্তমীর পূজা হবে সকাল ৬টা ১০ মিনিটে। মহা অষ্টমীর পূজা হবে সকাল ৬টা ১০ মিনিটে এবং বেলা ১১টায় হবে কুমারীপূজা। সন্ধিপূজা শুরু হবে রাত ৮টা ৬ মিনিটে। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পরদিন দশমী পূজা শুরু সকাল ৬টা ৩০ মিনিটে। পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৯টা ৪৯ মিনিটের মধ্যে। সন্ধ্যায় আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।
রাজধানীতে মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃত্বে দশমীর দিন বিকালে পলাশীর মোড় থেকে প্রতি বছরের মতো বিজয়া শোভাযাত্রা শ্রীশ্রীঢাকেশ্বরী জাতীয় মন্দির হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ্ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায়সাহেব বাজার, বাহাদুর শাহ পার্ক হয়ে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাটে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।
সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর রাজধানী ঢাকায় এবার পূজা হবে ২৪৬ মণ্ডপে। গত বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮ আর রাজধানীতে ২৪১ মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছিল।